ব্র্যাক ইউনিভার্সিটিতে দুর্যোগের ঝুঁকি প্রশমন নিয়ে সেমিনার অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কালচার অ্যান্ড এডুকেশন ফর ডিজাস্টার রিস্ক রিডাকশন শীর্ষক সেমিনারে অতিথি ও বক্তারা। রাজধানীর ব্র্যাক ইউনিভার্সিটি মিলনায়তন, ৬ জুলাই
ছবি: সংগৃহীত

রাজধানীর ব্র্যাক ইউনিভার্সিটিতে ‘কালচার অ্যান্ড এডুকেশন ফর ডিজাস্টার রিস্ক রিডাকশন’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। দেশে দুর্যোগের ঝুঁকি প্রশমনে উচ্চশিক্ষা এবং উন্নত গবেষণার সুযোগ বিষয়ে আলোচনা করা ছিল এই সেমিনারের লক্ষ্য।  

ব্র্যাক ইউনিভার্সিটি মিলনায়তনে বৃহস্পতিবার (৬ জুলাই) শিক্ষাপ্রতিষ্ঠানটির স্কুল অব আর্কিটেকচার অ্যান্ড ডিজাইনের পোস্টগ্র্যাজুয়েট প্রোগ্রামস ইন ডিজাস্টার ম্যানেজমেন্ট (পিপিডিএম) এবং পররাষ্ট্র মন্ত্রণালয় যৌথভাবে এ সেমিনার আয়োজন করে।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এনামুর রহমান। মূল বক্তা ছিলেন দুর্যোগ ঝুঁকি হ্রাসসংক্রান্ত জাতিসংঘ মহাসচিবের বিশেষ প্রতিনিধি এবং জাতিসংঘের দুর্যোগ ঝুঁকি হ্রাসবিষয়ক দপ্তরের (ইউএনডিআরআর) প্রধান মামি মিজুতোরি।

এ সময় আরও উপস্থিত ছিলেন ব্র্যাক ইউনিভার্সিটির প্রো ভাইস চ্যান্সেলর এবং ভারপ্রাপ্ত ভাইস চ্যান্সেলর সৈয়দ মাহফুজুল আজিজ, পররাষ্ট্র মন্ত্রণালয়ের বহুপাক্ষিক অর্থনৈতিক বিষয়াবলির মহাপরিচালক ফাইয়াজ মুরশিদ কাজী, ব্র্যাকের ভারপ্রাপ্ত এক্সিকিউটিভ ডিরেক্টর কে এ এম মোর্শেদ, ব্র্যাক ইউনিভার্সিটির ট্রেজারার প্রফেসর মাহবুব রহমান, রেজিস্ট্রার ডেভিড ড্যাউল্যান্ড, ইউনেসকো বাংলাদেশের অফিসার-ইন-চার্জ প্রধান সু ভাইজ, বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস, ব্র্যাক ইউনিভার্সিটির পোস্টগ্র্যাজুয়েট প্রোগ্রামস ইন ডিজাস্টার ম্যানেজমেন্টের সহকারী অধ্যাপক ইমন চৌধুরী, স্কুল অব আর্কিটেকচার অ্যান্ড ডিজাইনের ডিন ফুয়াদ হাসান মল্লিক প্রমুখ।

প্রতিমন্ত্রী এনামুর রহমান বলেন, জাতিসংঘের দুর্যোগ ঝুঁকি হ্রাসবিষয়ক দপ্তরের সেন্ডাই ফ্রেমওয়ার্কের সঙ্গে সামঞ্জস্য রেখে কাজ করছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। এই ফ্রেমওয়ার্ক দুর্যোগের ঝুঁকির তিনটি মাত্রা মোকাবিলায় গুরুত্বারোপ করে।

মামি মিজুতোরি বলেন, ‘দুর্যোগের ঝুঁকি সম্পর্কে আমাদের ভালোভাবে জানতে হবে। ঝুঁকি–সম্পর্কিত সিদ্ধান্তগুলো সম্পর্কে নিশ্চিত হতে হবে। দুর্যোগ–সম্পর্কিত সব ডিসিপ্লিনকে এক ছাতার নিচে আনতে হবে, যাতে করে ২০২৬ সালে উন্নয়নশীল দেশের মর্যাদা পাওয়ার ক্ষেত্রে দুর্যোগ যেন কোনো বাধা না হয়ে দাঁড়াতে পারে।’