অন্তর্বর্তী সরকারের আমলের মামলাগুলো যাচাই করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
২০২৪ সালের ৫ আগস্টের পর অন্তর্বর্তী সরকারের সময়ে হওয়া অভ্যুত্থান সংশ্লিষ্ট মামলাগুলোর জেলাভিত্তিক তথ্য চেয়েছে সরকার। এগুলো যাচাই করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
চার দিনব্যাপী জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের শেষ দিন আজ বুধবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়–সম্পর্কিত অধিবেশন শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সাংবাদিকদের এ কথা জানান।
জুলাই অভ্যুত্থানে আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর ২০২৪ সালের ৮ আগস্ট অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার গঠিত হয়। গত ফেব্রুয়ারিতে নির্বাচনের মধ্য দিয়ে বিএনপি সরকার গঠনের আগপর্যন্ত ওই সরকার দায়িত্ব পালন করেছিল।
সালাহউদ্দিন আহমদ বলেন, ৫ আগস্টের পর বৈষম্যবিরোধী আন্দোলনের সঙ্গে সংশ্লিষ্ট বেশ কিছু মামলা হয়েছে, যেগুলো গণহত্যার মামলা এবং আওয়ামী ফ্যাসিবাদীর বিভিন্ন মানবতাবিরোধী অপরাধের মামলা। এখানে তাঁদের (ডিসি) কাছে তালিকা চাওয়া হয়েছে, জেলাওয়ারি কতগুলো মামলা হয়েছে। এগুলো রিমোট জেলায় হয়তো কম, কিন্তু মহানগরগুলোতে একটু বেশি। যাচাই-বাছাই করে দেখা হবে।
এসব মামলা যাচাইয়ের উদ্যোগের কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, অনেক মামলার মধ্যে হাজার হাজার লোককে আসামি করা হয়েছে। সেগুলো যাচাই-বাছাই করে দেখা হবে প্রকৃত অর্থে প্রকৃত আসামি কারা। সেটা তদন্ত কর্মকর্তারা তদন্ত করে দেখবেন, যাতে স্বল্প সময়ের ভেতরে সেটি ডিসপোজড (নিষ্পত্তি) করা যায়। আর যাঁদের উদ্দেশ্যপ্রণোদিতভাবে মামলায় অন্তর্ভুক্ত করা হয়েছে, তাঁদের যাতে নিষ্কৃতি দেয়, সেই সুপারিশ করেছেন।
সম্পূর্ণ প্রক্রিয়াটি আইনিভাবে নিষ্পন্ন করা হবে বলে জানান সালাহউদ্দিন আহমদ। মামলাগুলো নিয়ে তথ্য পাঠাতে ডিসিদের কত দিন সময় দেওয়া হয়েছে, তা জানতে চাইলে তিনি বলেন, ‘যথাশিগগির’। তবে মৌখিকভাবে সর্বোচ্চ এক মাসের মধ্যে পাঠাতে বলা হয়েছে। কেউ যদি দেরি করে থাকে, ন্যায়বিচারের স্বার্থে সেটাও বিবেচনা করা হবে।