স্মার্ট সিটি বাস্তবায়নে কাজ শুরু করেছে দক্ষিণ সিটি: তাপস
প্রধানমন্ত্রী শেখ হাসিনার রূপকল্প অনুযায়ী স্মার্ট বাংলাদেশের রাজধানী হিসেবে ‘স্মার্ট ঢাকা’ বাস্তবায়নে এরই মধ্যে কাজ শুরু করেছে বলে জানিয়েছেন মেয়র শেখ ফজলে নূর তাপস। তিনি বলেন, ‘ঢাকাকে একটি আবাসযোগ্য ঢাকা হিসেবে গড়ে তুলব। একটি স্মার্ট ঢাকা হিসেবে গড়ে তুলব।’
রোববার বিকেলে রাজধানীর মালিবাগের আবুজর গিফারি কলেজ মাঠে শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস এ কথা বলেন। অনুষ্ঠানে ঢাকা দক্ষিণ সিটির ১২ নম্বর ওয়ার্ডে ছয় শতাধিক মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়।
ঢাকা দক্ষিণ সিটি এখন স্বয়ংসম্পূর্ণ ও স্বাবলম্বী একটি সংস্থা উল্লেখ করে মেয়র শেখ তাপস বলেন, ‘গত ৩০ বছর যে উন্নয়ন হয়নি, গত দুই বছরে আমরা তা করেছি। এখানকার কাউন্সিলরের তত্ত্বাবধানে আমরা গণমুখী কাজ করে চলেছি। এই ওয়ার্ডের উন্নয়নে যা প্রয়োজন হবে, কাউন্সিলরকে জানাবেন। সে অনুযায়ী প্রয়োজনীয় উন্নয়ন কার্যক্রম গ্রহণ করব। আজকে বছরের প্রথম দিন আপনাদের কাছে এসেছি। সুখ-দুঃখে সারা বছরই আপনাদের পাশে থাকব।’
শীতবস্ত্রগুলো প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার উল্লেখ করে ঢাকা দক্ষিণ সিটির মেয়র বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা গরিবের হাহাকার শোনেন, অন্তরে ধারণ করেন। তিনি সব শ্রেণি-পেশার মানুষের জন্য কাজ করেন। তিনি সবার খোঁজখবর রাখেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ঢাকা–৮ আসনের সংসদ সদস্য রাশেদ খান মেনন, ১২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মামুন রশিদ, মহিলা কাউন্সিলর ফারহানা ইসলাম ডলি প্রমুখ বক্তব্য দেন।