৪৫তম বিসিএস: চাকরি না হলে ‘আত্মাহুতি’র হুমকি গেজেটে বাদ পড়াদের
৪৫তম বিসিএসে পিএসসি থেকে সুপারিশপ্রাপ্ত হয়েও গেজেট থেকে বাদ পড়া প্রার্থীরা আগামী শনিবার সকাল ১০টার মধ্যে তাঁদের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার দাবি জানিয়েছেন। এই সময়ের মধ্যে যৌক্তিক সমাধান না হলে ওই দিন রাজধানীর শাহবাগে ‘আত্মাহুতির’ কর্মসূচি পালনের হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা। আজ বৃহস্পতিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে আয়োজিত এক মানববন্ধন থেকে এই কর্মসূচি ঘোষণা করা হয়।
মানববন্ধনে গেজেট থেকে বাদ পড়া চাকরিপ্রত্যাশীরা অভিযোগ করেন, সব ধাপ পেরিয়ে সুপারিশপ্রাপ্ত হওয়ার পরেও তাঁদের গেজেটভুক্ত করা হয়নি। বাদ পড়া প্রার্থীদের বড় অংশই ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানে সামনের সারিতে সক্রিয় ছিলেন। তাঁদের কারও বিরুদ্ধেই কোনো ফৌজদারি বা রাষ্ট্রবিরোধী অভিযোগ নেই।
গেজেটবঞ্চিত নূরে আলম নিজের অভিজ্ঞতা তুলে ধরে বলেন, তিনি ৪৪তম বিসিএসে আনসার ক্যাডারে সুপারিশ পেয়ে বর্তমানে সহকারী পরিচালক পদে কর্মরত। কিন্তু ৪৫তম বিসিএসে পুলিশ ক্যাডারে সুপারিশ পেলেও এবার তাঁকে গেজেট থেকে বাদ দেওয়া হয়েছে। ৪৪তম বিসিএসের চাকরির ক্ষেত্রে ছাড়পত্র পেলেও ৪৫তমে কীভাবে তিনি বাদ পড়লেন, সরকারের কাছে সেই ব্যাখ্যা দাবি করেন তিনি।
আরেক প্রার্থী একরাম গাজী হৃদয় বলেন, প্রশাসন ক্যাডারে সুপারিশ পেয়েও তিনি গেজেটবঞ্চিত হয়েছেন। তিনি বলেন, এখানে উপস্থিত কারও বিরুদ্ধেই কোনো মামলা বা অপরাধের রেকর্ড নেই। রাজনৈতিক কারণে কাউকে বঞ্চিত না করার যে প্রতিশ্রুতি সরকার দিয়েছিল, অবিলম্বে তা বাস্তবায়ন করে সবাইকে অন্তর্ভুক্ত করতে হবে।
গতকাল বুধবার রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় ৪৫তম বিসিএসের গেজেট জারি করে। এতে পিএসসির সুপারিশ করা ১ হাজার ৮০৭ জন প্রার্থীর মধ্যে ১ হাজার ৭০২ জনকে বিভিন্ন ক্যাডারে নিয়োগ দেওয়া হয়। সে হিসাবে পিএসসির সুপারিশ করা প্রার্থীদের মধ্যে বাদ পড়েছেন ১০৫ জন। তবে আন্দোলনকারীরা বলেছেন, সুপারিশপ্রাপ্ত অনেকে পরবর্তী প্রক্রিয়ায় অংশ নেননি। আবার কারও কারও কাগজপত্রে সমস্যা ছিল। সবকিছু ঠিক থাকার পরেও ৫৪ জনকে বাদ দেওয়া হয়েছে বলে তাঁরা জানতে পেরেছেন।