বাংলাদেশ থেকে সমুদ্রপথে হজযাত্রী পাঠানোর প্রস্তাবে সৌদি সরকারের সম্মতি

জেদ্দায় বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন ও সৌদি হজ ও ওমরাহবিষয়ক মন্ত্রী তাওফিক ফাউযান আল রাবিয়া দ্বিপক্ষীয় বৈঠক করেন। সৌদি আরব, ৬ অক্টোবরছবি: ধর্ম মন্ত্রণালয়ের সৌজন্যে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ থেকে সমুদ্রপথে হজযাত্রী পাঠানোর প্রস্তাবে সম্মতি দিয়েছেন সৌদি সরকার। গতকাল রোববার সৌদি আরবের জেদ্দায় বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে সৌদি হজ ও ওমরাহবিষয়ক মন্ত্রী তাওফিক ফাউযান আল রাবিয়া এ সম্মতির কথা জানান। আজ সোমবার ধর্ম মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এই কথা জানানো হয়।

উল্লেখ্য, আগামী হজ মৌসুমে পরীক্ষামূলকভাবে জাহাজে করে দুই-তিন হাজার হজযাত্রী পাঠানোর ব্যাপারে বাংলাদেশ সরকার চিন্তাভাবনা করছে।

সমুদ্রপথে হজযাত্রী পাঠানোর বিষয়ে ধর্ম উপদেষ্টার প্রস্তাবে সৌদি হজ ও ওমরাহবিষয়ক মন্ত্রী জানান, সমুদ্রপথে বাংলাদেশ থেকে হজযাত্রী পাঠানোর বিষয়ে সৌদি সরকারের কোনো আপত্তি নেই। তবে বন্দর কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার প্রয়োজন আছে। এ বিষয়ে বাংলাদেশ সরকারকেও জাহাজ কোম্পানির সঙ্গে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সৌদি হজ ও ওমরাহবিষয়ক মন্ত্রী হজযাত্রীদের জন্য বায়োমেট্রিক পদ্ধতিকে আপগ্রেড করার ব্যাপারে নিশ্চয়তা দেন। হজ এজেন্সির মালিক অথবা তাঁদের প্রতিনিধির অনুকূলে মুনাজ্জেম (মাল্টিপল) ভিসা ইস্যুর ব্যাপারেও ধর্ম উপদেষ্টাকে তিনি আশ্বস্ত করেন।  

এ বছর সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয় থেকে প্রতিটি এজেন্সিকে অন্তত দুই হাজার হজযাত্রী পাঠানোর কোটা নির্ধারণ করা হয়। এ ব্যাপারে ধর্ম উপদেষ্টা ২০২৪ সালের মতো এজেন্সিপ্রতি ২৫০ জন কোটা পুনর্নির্ধারণের অনুরোধ জানালে সৌদিমন্ত্রী বিষয়টি বিবেচনার আশ্বাস দেন।