স্পোর্টস ট্যুরিজমের প্রসার এবং সুস্থ জীবনযাপনের বার্তা নিয়ে আগামী শুক্রবার ভোর চারটায় রাজধানীর হাতিরঝিলে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশের অন্যতম সিগনেচার স্পোর্টস ইভেন্ট ‘তুরাগ অ্যাকটিভ ঢাকা ২৫কে’-এর তৃতীয় আসর।
স্পোর্টস ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান ‘রান বাংলাদেশ’-এর উদ্যোগে আয়োজিত আন্তর্জাতিক এই মহাযজ্ঞে বাংলাদেশসহ ১৭টি দেশের প্রায় তিন হাজার দৌড়বিদ অংশগ্রহণ করছেন। এবারের আয়োজনের মূল থিম নির্ধারণ করা হয়েছে ‘রোড টু গ্লোরি’।
আন্তর্জাতিক মানদণ্ড নিশ্চিত করায় এই রেস ইতিমধ্যে বৈশ্বিক সংস্থা ‘অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল ম্যারাথনস অ্যান্ড ডিসট্যান্স রেসেস’ (এআইএমএস) এবং ‘ওয়ার্ল্ড অ্যাথলেটিকস’-এর স্বীকৃতি অর্জন করেছে, যা বাংলাদেশের রানিং কমিউনিটিকে বিশ্বমঞ্চে তুলে ধরার ক্ষেত্রে একটি বড় মাইলফলক।
এবারের আয়োজনে সব বয়স ও শারীরিক সক্ষমতার মানুষদের জন্য অংশগ্রহণের সুযোগ রাখা হয়েছে। মূল রেস ২৫ কিলোমিটার ছাড়াও থাকছে ১০ কিলোমিটার, শিশুদের জন্য ৩ কিলোমিটার (কিডস) এবং বিশেষভাবে সক্ষমদের জন্য ৩ কিলোমিটার হুইলচেয়ার ক্যাটাগরি।
অংশগ্রহণকারী দৌড়বিদদের নির্দিষ্ট সময়ের মধ্যে নিরাপদে রেস সম্পন্ন করতে ট্র্যাকজুড়ে সহযোগিতা করবেন দেশের অভিজ্ঞ পেসাররা। পাশাপাশি দৌড়বিদদের উৎসাহিত করতে এবং আয়োজনের সার্বিক উদ্দীপনা বাড়াতে উপস্থিত থাকবেন রান বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর রাকিবুল ইসলাম।
আন্তর্জাতিক এই আয়োজনে টাইটেল স্পন্সর হিসেবে যুক্ত রয়েছে তুরাগ অ্যাকটিভ। ইভেন্টকে সফল করতে সহযোগী হিসেবে আরও রয়েছে যমুনা টিভি (মিডিয়া পার্টনার), প্রথম আলো (অ্যাসোসিয়েট পার্টনার), ব্লু (ইলেকট্রোলাইট ড্রিংকস পার্টনার), আরবান টাইমিং সলিউশনস (টাইমিং পার্টনার), আমা (কফি পার্টনার), ইগলু (আইসক্রিম পার্টনার), পুষ্টি (এক্সক্লুসিভ পার্টনার), জার্মান বুচার (প্রোটিন পার্টনার), বেজক্যাম্প (হসপিটালিটি পার্টনার), স্ট্রাইড ফিজিও (ফিজিও পার্টনার), রোপফোর (স্ট্র্যাটেজিক পার্টনার) এবং মিরপুর ফেন্সিং ক্লাব, মজার ইশকুল (চ্যারিটি পার্টনার), ভ্রমণকন্যা (উইমেন্স এমপাওয়ারমেন্ট পার্টনার), পিপিআর (সাইক্লিস্ট পার্টনার)।
এই আয়োজন সম্পর্কে ঢাকা ২৫কের রেস ডিরেক্টর এবং রান বাংলাদেশের সিইও সাজনান মোহাম্মদ বলেন, ‘এক দশক ধরে বাংলাদেশের এন্ডুরেন্স স্পোর্টসকে একটি আন্তর্জাতিক রূপ দেওয়ার লক্ষ্যে আমাদের টিম কাজ করে যাচ্ছে। তুরাগ অ্যাকটিভ ঢাকা ২৫কের তৃতীয় আসর সেই লক্ষ্য পূরণেরই একটি অংশ এবং এটি এখন দেশের অন্যতম সিগনেচার স্পোর্টস ইভেন্ট। আমরা শুধু একটি রেস আয়োজন করছি না; বরং স্পোর্টস ট্যুরিজমের মাধ্যমে বহির্বিশ্বে বাংলাদেশের একটি ইতিবাচক ভাবমূর্তি তৈরি করার চেষ্টা করছি। এবারের রোড টু গ্লোরি থিমটি মূলত আমাদের দৌড়বিদদের অদম্য স্পৃহা এবং গৌরবের যাত্রাকেই প্রতিনিধিত্ব করছে।’