রংপুরে মিছিল থেকে বিএনপির ভারপ্রাপ্ত সদস্যসচিবসহ আটক ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রংপুর মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সদস্যসচিব আবদুস সালাম
ছবি: প্রথম আলো

রংপুর মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সদস্যসচিব আবদুস সালাম ও কর্মী ফারুক মিয়াকে আটক করা হয়েছে। আজ রোববার সকালে হরতালের সমর্থনে নগরীর কলেজ রোড চারতলা মোড় এলাকায় মিছিল বের করলে ধাওয়া দিয়ে তাঁদের আটক করেছে পুলিশ। তাঁদের বিরুদ্ধে নাশকতা করার চেষ্টাসহ বিভিন্ন অভিযোগ রয়েছে। তাঁদের আটকের বিষয়টি নিশ্চিত করেছেন মহানগর বিএনপির মিডিয়া সেলের মুখপাত্র ও মহানগর যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ জহির আলম।

এর আগে গত ২৯ অক্টোবর নগরীর গ্র্যান্ড হোটেল মোড়ের দলীয় কার্যালয় থেকে মহানগর বিএনপির আহ্বায়ক সামসুজ্জামান সামু, সদস্যসচিব মাহফুজ উন-নবীসহ তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁদের বিরুদ্ধে নাশকতার প্রস্তুতিসহ পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপের চেষ্টার অভিযোগে মামলা হয়েছে। ওই দিন বিএনপির কার্যালয়ের পেছন থেকে নয়টি বোতলজাত পেট্রলবোমা উদ্ধার করে পুলিশ।

এ ঘটনার পর ৩ নভেম্বর মহানগর বিএনপির আহ্বায়ক সামসুজ্জামান সামু ও সদস্যসচিব মাহফুজ উন-নবীর স্থলে ভারপ্রাপ্ত আহ্বায়ক হিসেবে শহিদুল ইসলাম এবং ভারপ্রাপ্ত সদস্যসচিব পদে আবদুস সালামকে দায়িত্ব দেয় কেন্দ্রীয় কমিটি।

জাতীয় সংসদ নির্বাচনের ‘একতরফা’ তফসিল ঘোষণার প্রতিবাদে ও সরকারের পদত্যাগের এক দফা দাবিতে বিএনপিসহ সমমনা দলগুলোর ডাকা ৪৮ ঘণ্টার হরতালের প্রথম দিন আজ রংপুর থেকে ঢাকাগামী কোনো বাস ছেড়ে যায়নি। এ ছাড়া রংপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে আন্তজেলার অল্প কিছু বাস চলাচল করলেও যাত্রী খুবই কম। তবে অন্যান্য দিনের মতো ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

বিএনপির ডাকা হরতালের প্রথম দিনে রংপুরে আন্তজেলা বাস চলাচল স্বাভাবিক ছিল। আজ রোববার রংপুর নগরের মেডিকেল মোড় এলাকায়
ছবি: প্রথম আলো
সরেজমিনে দেখা গেছে, নগরীর গ্র্যান্ড হোটেল মোড়ের জেলা ও মহানগর বিএনপির দলীয় কার্যালয় তালাবদ্ধ। শহরে হরতালের কোনো প্রভাব নেই। দোকানপাট খোলা রয়েছে। প্রাইভেট কারও চলছে।

সরেজমিনে দেখা গেছে, নগরীর গ্র্যান্ড হোটেল মোড়ের জেলা ও মহানগর বিএনপির দলীয় কার্যালয় তালাবদ্ধ। শহরে হরতালের কোনো প্রভাব নেই। দোকানপাট খোলা রয়েছে। প্রাইভেট কারও চলছে। শিক্ষাপ্রতিষ্ঠানে বার্ষিক পরীক্ষাও অনুষ্ঠিত হয়েছে।

রংপুর মহানগর পুলিশের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজার রহমান জানান, আজ সকালে বিএনপির কয়েকজন নেতা-কর্মী চারতলা মোড়ে পিকেটিংসহ নাশকতার চেষ্টা করলে পুলিশ তাঁদের ধাওয়া করে। সেখান থেকে দুজনকে আটক করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে নাশকতা চেষ্টাসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে।