তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও খালেদা জিয়ার ‘বর্বরতার শিকার’ ব্যক্তি এবং তাঁদের স্বজনদের আর্তনাদ শুনতে মানবাধিকার সংস্থা ও বন্ধুরাষ্ট্রগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি অভিযোগ করেন, জিয়ার আমলে আগে ফাঁসি কার্যকর করে পরে রায় দেওয়ার ঘটনাও ঘটেছে।
তথ্যমন্ত্রী আজ বুধবার দুপুরে রাজধানীতে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে আয়োজিত মানববন্ধনে এসব কথা বলেন। ২০১৩, ২০১৪ ও ২০১৫ সালে পেট্রলবোমা হামলায় নিহত ব্যক্তিদের পরিবার ও আহত ব্যক্তিদের সংগঠন ‘অগ্নিসন্ত্রাসের আর্তনাদ’ এবং ১৯৭৭ সালে সামরিক জান্তার হাতে বিনা বিচারে নিহত ব্যক্তিদের স্বজনদের সংগঠন ‘মায়ের কান্না’ এ মানববন্ধনের আয়োজন করে।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাছান মাহমুদ বলেন, এই ব্যক্তিদের আর্তনাদ শুনলে, সেটি সত্যিকার অর্থে মানবাধিকার প্রতিষ্ঠায় সহায়ক হবে। এ অপরাধের বিচার করতে সরকার বদ্ধপরিকর।
তথ্যমন্ত্রী অভিযোগ করেন, জিয়াউর রহমানের নির্মমতায় ১৯৭৭ সালে বাংলাদেশে মানবাধিকারের চরম লঙ্ঘন হয়েছে। হাজার হাজার সেনাসদস্যকে বিনা বিচারে হত্যা করা হয়েছে। এমনকি আগে ফাঁসি কার্যকর করে পরে রায় দেওয়ার ঘটনাও ঘটেছে। সেই নির্মমভাবে নিহত ব্যক্তিদের সন্তানেরা আজ ‘মায়ের কান্না’ ব্যানারে কান্নারত।
হাছান মাহমুদ বলেন, বয়োবৃদ্ধ সার্জেন্ট কামাল নিজেই অগ্নিসন্ত্রাসের শিকার। যারা রাজনীতি জানে না, রাজনীতি বোঝে না, রাজনীতি করে না—যারা নিতান্তই জীবিকার তাগিদে রাস্তায় বের হয়েছিল, এমন শত শত মানুষ ২০১৩, ২০১৪ ও ২০১৫ সালে রেহাই পায়নি। খালেদা জিয়া-তারেক জিয়ার সন্ত্রাসী-পেটুয়াবাহিনী মির্জা ফখরুল, মির্জা আব্বাসসহ বিএনপি নেতাদের পরিচালনায় সাধারণ মানুষের ওপর পেট্রলবোমা নিক্ষেপ করেছে।
মানববন্ধনে জিয়াউর রহমানের মরণোত্তর এবং বিএনপি ও জামায়াতের নেতাদের বিচার দাবি করে বক্তব্য দেন পুত্রহারা মমতাজ বেগম, অগ্নিসন্ত্রাসে দগ্ধ সার্জেন্ট কামাল পাশা, ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক নিজামুল হক ভূঁইয়া, সাধারণ সম্পাদক অধ্যাপক জিনাত হুদা, বঙ্গবন্ধু আইনজীবী পরিষদের সহসভাপতি জেসমিন সুলতানা, ঢাবির ফার্মাসি অনুষদের ডিন সীতেশ চন্দ্র বাছার, ‘মায়ের কান্নার’ উপদেষ্টা প্রশান্ত ভূষণ বড়ুয়া, ‘অগ্নিসন্ত্রাসের আর্তনাদের’ আহ্বায়ক শাহাদাত হোসেন, ‘মায়ের কান্নার’ আহ্বায়ক কামরুজ্জামান লেলিন, মানববন্ধন সমন্বয়ক রাশেদুল ইসলাম প্রমুখ।