বিশেষ রাজনৈতিক পক্ষের স্বার্থসিদ্ধির সহায়ক ভূমিকায় মার্কিন রাষ্ট্রদূত: ঢাবি শিক্ষক সমিতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফাইল ছবি

ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস গতকাল বুধবার মানবাধিকারের দোহাই দিয়ে একটি বিশেষ রাজনৈতিক পক্ষের স্বার্থসিদ্ধির সহায়ক ভূমিকায় অবতীর্ণ হয়েছেন বলে অভিযোগ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। মার্কিন রাষ্ট্রদূতের বিরুদ্ধে পক্ষপাতদুষ্ট আচরণের অভিযোগ তুলে একে ‘উদ্বেগজনক’ বলে আখ্যা দিয়ে তারা বলেছে, মায়ের কান্না নামের সংগঠনের কথা শুনতে অপারগতা মার্কিন রাষ্ট্রদূতের দ্বৈত আচরণের বহিঃপ্রকাশ। এটি দুঃখজনক।

আজ বৃহস্পতিবার সংগঠনের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা বলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. নিজামুল হক ভূইয়া। তিনি বিশ্ববিদ্যালয়ের আওয়ামী লীগপন্থী শিক্ষকদের সংগঠন নীল দলের প্যানেল থেকে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। বর্তমানে শিক্ষক সমিতির কার্যকর পরিষদের ১৫ পদের ১৪টিতেই দায়িত্ব পালন করছেন নীল দলের শিক্ষকেরা।

গতকাল সকালে রাজধানীর শাহীনবাগে প্রায় এক দশক ধরে নিখোঁজ বিএনপির নেতা সাজেদুল ইসলামের বাসায় যান মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। সেখান থেকে বেরিয়ে আসার সময় বাসার বাইরে একদল লোক তাঁকে ঘিরে ধরার চেষ্টা করেন। তাঁরা ‘মায়ের কান্না’ নামের একটি সংগঠনের নেতা-কর্মী বলে পরে জানা গেছে। নিরাপত্তা নিয়ে উদ্বেগ থাকায় পিটার হাস নিরাপত্তাকর্মীদের সহায়তায় সেখান থেকে বেরিয়ে যান।

এ ঘটনার কথা উল্লেখ করে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি বলেছে, বুধবার মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস যেভাবে মানবাধিকারের দোহাই দিয়ে একটি বিশেষ রাজনৈতিক পক্ষের স্বার্থসিদ্ধির সহায়ক ভূমিকায় অবতীর্ণ হয়েছেন, তা উদ্বেগজনক। সংবাদপত্রের মাধ্যমে জানা গেছে, যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত বিএনপি সমর্থিত ‘মায়ের ডাক’ নামের একটি সংগঠনের আহ্বানে ২০১৩ সালে একজন বিশেষ ব্যক্তির নিখোঁজ হওয়ার অভিযোগ শুনতে ঢাকা শহরের একটি বাড়িতে উপস্থিত হন। একই সময়ে খবর পেয়ে ‘মায়ের কান্না’ নামের সংগঠনের কর্মীরা তাঁদের মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি তাঁকে অবহিত করার জন্য একটি স্মারকলিপি দেওয়ার চেষ্টা করেন। এ বিষয়ে তিনি কোনো কর্ণপাত করেননি৷ মায়ের কান্না সংগঠনটি সামরিক স্বৈরাচার জেনারেল জিয়ার সময়ে (১৯৭৭-৭৮ সালে) বিচারের নামে হত্যা ও গুমের যে ঘটনা ঘটেছিল, তাতে স্বজনহারাদের মানবাধিকার রক্ষার আবেদন নিয়ে রাষ্ট্রদূতের শরণাপন্ন হয়েছিল৷ তাদের কথা শুনতে অপারগতা মার্কিন রাষ্ট্রদূতের দ্বৈত আচরণের বহিঃপ্রকাশ, যা দুঃখজনক।

শিক্ষক সমিতির বিবৃতিতে বলা হয়, ‘সম্প্রতি বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক বিষয়ে কয়েকটি দেশের কূটনীতিকেরা যেভাবে বক্তব্য দিয়েছেন ও অংশগ্রহণ করছেন, তা দৃষ্টিকটু ও কূটনৈতিক শিষ্টাচারের লঙ্ঘন। পরিতাপের বিষয় হচ্ছে পশ্চিমা দেশগুলো (যুক্তরাষ্ট্র, কানাডা ও যুক্তরাজ্য) আমাদের বিভিন্ন সময়ে মানবাধিকারের কথা বললেও তারাই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের স্বঘোষিত খুনি ও একাত্তরের বুদ্ধিজীবী হত্যাকারীদের আশ্রয়-প্রশ্রয় দিয়ে যাচ্ছে৷ শিক্ষক সমিতি যেকোনো ধরনের মানবধিকার লঙ্ঘনের বিরুদ্ধে সর্বদা সোচ্চার৷ সমিতি বিদেশি কূটনীতিকদের শিষ্টাচার বজায় রেখে পেশাগত দায়িত্ব পালনে ও সমাজের সব শ্রেণি-গোষ্ঠীর মানুষের মানবাধিকার রক্ষায় সরকারকে সহযোগিতার আহ্বান জানাচ্ছে৷’

বিবৃতিতে আরও বলা হয়, ‘বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথিতযশা শিক্ষকসহ দেশের শ্রেষ্ঠ বুদ্ধিজীবীদের পরিকল্পিত হত্যার ঘটনা, ১৯৭১ সালের গণহত্যা ও মানবাধিকার লঙ্ঘন এবং বিভিন্ন সামরিক শাসনামলে হত্যা ও গুমের যেসব ঘটনা ঘটেছিল, সেসব বিষয়েও মার্কিন রাষ্ট্রদূতসহ যাঁরা আন্তর্জাতিক মানবাধিকার রক্ষার দাবি করেন, তাঁদের সুস্পষ্ট বক্তব্য দাবি করছি।’

আরও পড়ুন