তরুণীকে ধর্ষণের মামলা দ্রুত বিচার ট্রাইব্যুনালে বদলির নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেটের এমসি কলেজ ছাত্রাবাস
প্রথম আলো ফাইল ছবি

সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে তরুণীকে তুলে নিয়ে দলবদ্ধ ধর্ষণ মামলা ৩০ দিনের মধ্যে দ্রুত বিচার ট্রাইব্যুনালে বদলি করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এক রিটের চূড়ান্ত শুনানি শেষে বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি আহমেদ সোহেলের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ বৃহস্পতিবার এ রায় দেন। মামলাটি সিলেটের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে বিচারাধীন ছিল।

গত বছরের ১৭ জানুয়ারি এই মামলার অভিযোগ গঠন করেন সিলেটের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। চাঞ্চল্যকর ও রোমহর্ষ মামলা দ্রুত নিষ্পত্তির জন্য গঠিত জেলা মনিটরিং কমিটির সভায় গত বছরের ১৪ ফেব্রুয়ারি মামলাটি (শাহপরান থানা মামলা নম্বর–২১) দ্রুত বিচার ট্রাইব্যুনালে পাঠানোর জন্য পরবর্তী কার্যক্রম গ্রহণের সিদ্ধান্ত হয়। এ সত্ত্বেও মামলাটি স্থানান্তরে দৃশ্যমান পদক্ষেপ না দেখে সংশ্লিষ্ট ব্যক্তিদের নিষ্ক্রিয়তা চ্যালেঞ্জ করে ভুক্তভোগী তরুণীর স্বামী চলতি বছরের আগস্টে হাইকোর্টে রিট করেন।

রিটের প্রাথমিক শুনানি নিয়ে গত ১৬ আগস্ট হাইকোর্ট রুল দেন। মামলাটি স্থানান্তরে নিষ্ক্রিয়তা প্রশ্নের পাশাপাশি রুলে মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তরে প্রয়োজনীয় পদক্ষপ নিতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়।

রুলের চূড়ান্ত শুনানি শেষে আজ রায় (রুল অ্যাবসলিউট) দেওয়া হয়। আদালতে রিটের পক্ষে আইনজীবী সাবরিনা জেরিন, এম আবদুল কাইয়ুম, আফরোজা ফিরোজ ও কামরুন মাহমুদ শুনানিতে ছিলেন। রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সমরেন্দ্র নাথ বিশ্বাস।

আরও পড়ুন

আইনজীবী এম আবদুল কাইয়ুম প্রথম আলোকে বলেন, ধর্ষণ মামলাটি গেজেট জারির মাধ্যমে সিলেটের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল থেকে ৩০ দিনের মধ্যে দ্রুত বিচার ট্রাইব্যুনালে বদলি করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। রুলের ওপর চূড়ান্ত শুনানি শেষে হাইকোর্ট এ রায় দিয়েছেন। ফলে মামলার বিচারকার্যক্রম এখন দ্রুত বিচার ট্রাইব্যুনালে চলবে।

২০১৯ সালের ২৫ সেপ্টেম্বর রাতে সিলেটের এমসি কলেজের ছাত্রাবাসে স্বামীকে আটকে রেখে এক তরুণীকে (২০) দল বেঁধে ধর্ষণ করা হয়। এ ঘটনায় তাঁর স্বামী বাদী হয়ে মহানগর পুলিশের শাহপরান থানায় ছয়জনের নাম উল্লেখ করে এবং দুজনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা করেন। ঘটনার পর আসামিরা পালিয়ে গেলেও তিন দিনের মধ্যে ছয় আসামি ও সন্দেহভাজন দুজনকে গ্রেপ্তার করে পুলিশ ও র‍্যাব। গ্রেপ্তারের পর তাঁদের পাঁচ দিন করে রিমান্ডে নেয় পুলিশ। পরবর্তী সময়ে সবাই আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়ে ঘটনার দায় স্বীকার করেন। আসামিদের ডিএনএ নমুনা পরীক্ষায় আটজন আসামির মধ্যে ছয়জনের ডিএনএর মিল পাওয়া যায়।

মামলার অভিযোগপত্রে ঘটনার পর আসামিদের পালিয়ে যাওয়াসহ বিভিন্ন পর্যায় প্রত্যক্ষ করা দুজনসহ ৫২ জনকে সাক্ষী রাখা হয়। ২০২০ সালের ৩ ডিসেম্বর ছাত্রলীগের আট নেতা-কর্মীকে অভিযুক্ত করে ওই মামলার অভিযোগপত্র আদালতে দাখিল করেন তদন্ত কর্মকর্তা। অভিযোগপত্রে সাইফুর রহমান, শাহ মাহবুবুর রহমান ওরফে রনি, তারেকুল ইসলাম ওরফে তারেক, অর্জুন লস্কর, আইনুদ্দিন ওরফে আইনুল ও মিসবাউল ইসলাম ওরফে রাজনকে দল বেঁধে ধর্ষণের জন্য অভিযুক্ত করা হয়। আসামি রবিউল ইসলাম ও মাহফুজুর রহমানকে ধর্ষণে সহায়তা করার জন্য অভিযুক্ত করা হয়।