আগাম জামিন চেয়েছেন ৪ ব্যাংক কর্মকর্তা, অভিযোগপত্র দেখবেন হাইকোর্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হাইকোর্ট
ফাইল ছবি

বেসিক ব্যাংকের ঋণ কেলেঙ্কারির অভিযোগে করা পৃথক মামলায় আগাম জামিন চেয়েছেন ব্যাংকের চার সহকারী মহাব্যবস্থাপক (এজিএম)। বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে আজ বুধবার জামিন আবেদন শুনানির জন্য ওঠে। শুনানিতে আদালত ২০টি মামলার অভিযোগপত্র দেখতে চেয়েছেন। দুদককে আগামীকাল অভিযোগপত্র উপস্থাপন করতে বলেছেন আদালত।

আগাম জামিন আবেদনকারী চার কর্মকর্তা হলেন হেড অফিসের এজিএম সাদিয়া আক্তার শাহীন ও মো. জালাল উদ্দিন, গুলশান শাখার এজিএম রুমানা আহাদ এবং মতিঝিল লোকাল অফিসের এজিএম এ এস এম আনিসুর রহমান।

গত ১৪ জুন ‘বেসিক ব্যাংক কেলেঙ্কারির অনেকেই পালিয়ে গেছেন’ শিরোনামে একটি গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়।  

প্রতিবেদনে বলা হয়, ‘বেসিক ব্যাংকের ঋণ কেলেঙ্কারির মূল হোতা হিসেবে বারবার শেখ আবদুল হাই বাচ্চুর নাম এলেও এত দিন ছিলেন ধরাছোঁয়ার বাইরে। দুর্নীতি দমন কমিশনের (দুদক) ৫৯ অভিযোগপত্রের ৫৮টিতে অভিযুক্ত হয়েছেন তিনি। বাচ্চু ছাড়াও পলাতক ব্যাংকটির তৎকালীন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) কাজী ফখরুল ইসলামসহ মোট ১৪৫ জনের বিরুদ্ধে অভিযোগপত্র প্রস্তুত করেছে দুদক। এর মধ্যে ব্যাংকের কর্মকর্তা রয়েছেন ৪৬ জন।…যাঁরা চাকরিতে আছেন, অভিযোগপত্র অনুমোদনের পর গ্রেপ্তার আতঙ্কে তাঁদের বেশির ভাগই গত ১৩ জুন অফিস করেননি।’ অভিযোগপত্রের বরাত দিয়ে ব্যাংক কর্মকর্তা, ব্যবসায়ী ও সার্ভেয়ার প্রতিষ্ঠানের কর্মকর্তা–কর্মচারীদের নাম প্রকাশিত প্রতিবেদনে এসেছে।

প্রকাশিত প্রতিবেদনটি যুক্ত করে আগাম জামিন চেয়ে চলতি সপ্তাহে হাইকোর্টে আবেদন করেন ওই চার কর্মকর্তা। জামিন আবেদনের শুনানি থাকায় আজ তাঁরা আদালতে হাজির হন। আদালতে তাঁদের পক্ষে শুনানি করেন আইনজীবী এ এম মাছুম, সঙ্গে ছিলেন আইনজীবী মো. ফরহাদ বিন হুসাইন। দুদকের পক্ষে শুনানিতে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী খুরশীদ আলম খান।  

আরও পড়ুন

পরে জ্যেষ্ঠ আইনজীবী খুরশীদ আলম খান প্রথম আলোকে বলেন, ‘বেসিক ব্যাংক কেলেঙ্কারির ঘটনায় করা ৫৯টি মামলার অভিযোগপত্র ইতিমধ্যে বিচারিক আদালতে দাখিল করা হয়েছে—আদালতে শুনানিতে বলেছি। ২০টি মামলায় চারজন আগাম জামিন চেয়েছেন। আদালত অভিযোগপত্র দেখতে চেয়েছেন। ইতিমধ্যে ১৩টি অভিযোগপত্র হাতে এসেছে, বাকিগুলো আগামীকাল হাতে পাব। ২০টি মামলার অভিযোগপত্র বৃহস্পতিবার আদালতে উপস্থাপন করা হবে।’

জামিন আবেদনকারীদের অন্যতম আইনজীবী মো. ফরহাদ বিন হুসাইন প্রথম আলোকে বলেন, এজাহারে চারজনের নাম নেই। অভিযোগপত্র এখনো আদালত কর্তৃক গৃহীত হয়নি। এ অবস্থায় গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে আবেদনকারীরা জানতে পারেন যে তাঁদের নাম অভিযোগপত্রে রয়েছে। যে কারণে তাঁরা জামিন আবেদন করেন। সাদিয়া আক্তার ২০টি মামলায়, রুমানা আহাদ ১৩টি এবং জালাল উদ্দিন ও আনিসুর রহমান ১৮টি মামলায় আগাম জামিন চেয়েছেন। দুদকের আইনজীবী অভিযোগপত্র উপস্থাপনের কথা বললে আদালত আগামীকাল দুপুর ১২টায় শুনানির জন্য সময় নির্ধারণ করেছেন।