প্রতিমা বিসর্জনেও নৌ পুলিশের বিশেষ নিরাপত্তা থাকবে
এবারের শারদীয় দুর্গাপূজায় নিরাপত্তা দেওয়ার পাশাপাশি প্রতিমা বিসর্জনে নৌ পুলিশের বিশেষ নিরাপত্তাব্যবস্থা থাকবে বলে জানিয়েছেন পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজি) ও নৌ পুলিশপ্রধান মো. শফিকুল ইসলাম। আজ মঙ্গলবার সকালে হাতিরঝিলসংলগ্ন পুলিশ প্লাজায় নৌ পুলিশের সদর দপ্তরে শারদীয় দুর্গাপূজা উদ্যাপন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সেখানে সভাপতির বক্তব্যে তিনি এ কথা জানান।
নৌ পুলিশপ্রধান শফিকুল ইসলাম বলেন, নৌ পুলিশের অধিক্ষেত্রে নদীকেন্দ্রিক ৭৭টি গুরুত্বপূর্ণ প্রতিমা বিসর্জন ঘাট ও ৭৯২টি পূজামণ্ডপে নৌ পুলিশ দায়িত্ব পালন করবে। প্রতিমা বিসর্জনের দিনেও নৌ পুলিশের বিশেষ নিরাপত্তাব্যবস্থা থাকবে। একটি সুন্দর ও নিরাপদ পূজা উদ্যাপনে নৌ পুলিশ সব সময় পাশে থাকবে।
মতবিনিময় সভায় বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদের সভাপতি, মহানগর সর্বজনীন পূজা কমিটির সভাপতিসহ নৌ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন অঞ্চলের কর্মকর্তারা সরাসরি ও ভার্চ্যুয়ালি যুক্ত ছিলেন। সভায় বক্তারা আসন্ন শারদীয় দুর্গাপূজা উদ্যাপন উপলক্ষে নিজ নিজ এলাকার পূজার আগে, পূজাকালীন এবং প্রতিমা বিসর্জনের সময় নিরাপত্তাসংক্রান্ত বিষয়ে কথা বলেন। নৌ পুলিশপ্রধান তাঁদের মতামত গুরুত্বসহকারে শোনেন এবং মাঠপর্যায়ের কর্মকর্তাদের নির্দেশনা দেন।