স্পিকারের সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত আবদুল্লাহ জাফর বিন আবিয়াহ সৌজন্য সাক্ষাৎ করেছেন। সংসদ ভবনে স্পিকারের কার্যালয়, ৪ মেছবি: সংসদ সচিবালয়ের সৌজন্যে

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে আজ সোমবার সংসদ ভবনে তাঁর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত আবদুল্লাহ জাফর বিন আবিয়াহ।

সংসদ সচিবালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাক্ষাৎকালে তাঁরা উভয়েই দুই দেশের মধ্যে আন্তসংসদীয় সম্পর্ক জোরদার করা ও সংসদীয় মৈত্রী গ্রুপ গঠন নিয়ে মতবিনিময় করেন। এ সময় তাঁরা চলমান মধ্যপ্রাচ্য সংকটে যুক্তরাষ্ট্র ও ইরানের ভূমিকা নিয়ে আলোচনা করেন। স্পিকার সৌদি রাষ্ট্রদূতকে রোহিঙ্গা সংকট নিরসনে ওআইসির কার্যকর ভূমিকা রাখার প্রস্তাব করেন।

এ সময় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে রয়েছে গভীর ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক। বাংলাদেশ থেকে প্রতিবছর প্রচুরসংখ্যক হজযাত্রী মক্কা ও মদিনায় যান। তিনি বলেন, ধর্মীয় অভিন্নতার ভিত্তিতে পবিত্র হজ পালন দুই দেশের জনগণের মাঝে পারস্পরিক শ্রদ্ধা এবং দীর্ঘমেয়াদি বন্ধুত্বপূর্ণ দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও দৃঢ় করে।

২০২৬ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা সমুন্নত হয়েছে বলে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ জানান। তিনি বলেন, বিগত আওয়ামী সরকারের ১৬ বছরের নির্বাচনে বাংলাদেশের জনগণের গণতান্ত্রিক অধিকার ক্ষুণ্ন হয়েছে।