ভারত ও প্রশান্ত মহাসাগর ঘিরে ক্রমবর্ধমান ভূরাজনৈতিক প্রতিযোগিতার প্রেক্ষাপটে এই অঞ্চলের দেশগুলোর গুরুত্ব বাড়ছে। কিন্তু ভূরাজনীতির চ্যালেঞ্জের মুখে দাঁড়িয়ে কার্যকর আঞ্চলিক সহযোগিতার যে কাঠামো দরকার, তা অনুপস্থিত। এই প্রেক্ষাপটে বিশ্বের সবচেয়ে বর্ধিষ্ণু অঞ্চল হিসেবে এই চ্যালেঞ্জ মোকাবিলায় শক্তিশালী আঞ্চলিক কাঠামো গড়ে তোলা জরুরি।
গতকাল শুক্রবার রাজধানীর একটি হোটেলে ভারত মহাসাগরীয় সম্মেলনের (ইন্ডিয়ান ওশান কনফারেন্স–আইওসি) প্রথম দিনের দুটি অধিবেশনে বিশেষজ্ঞরা এমন অভিমত তুলে ধরেন।
বিশেষজ্ঞদের মতে, ভারত মহাসাগর ঘিরে যুক্তরাষ্ট্র ও চীনের প্রতিযোগিতা অব্যাহতভাবে বেড়ে চলায় এই অঞ্চলে নিরাপত্তার ঝুঁকি কমানোর পাশাপাশি অর্থনৈতিক সহযোগিতায় মনোযোগ দেওয়াটা জরুরি।
ঢাকায় এই আয়োজনের মধ্য দিয়ে বড় ধরনের রাজনৈতিক বার্তা দিচ্ছে বাংলাদেশপঙ্কজ সরন, ভারতের সাবেক উপ–জাতীয় নিরাপত্তা উপদেষ্টা
বাংলাদেশ ও ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং ভারতের গবেষণা প্রতিষ্ঠান ইন্ডিয়া ফাউন্ডেশন সিঙ্গাপুরের এস রাজারত্নম স্কুল অব ইন্টারন্যাশনাল স্টাডিজের সহযোগিতায় দুই দিনের এই সম্মেলনের আয়োজন করেছে। গতকাল সম্মেলনের প্রথম দিন উদ্বোধনী অধিবেশনের আগে বিষয়ভিত্তিক চারটি অধিবেশন ছিল।
টেকসই বৈশ্বিক ভবিষ্যতের স্বার্থে শান্তিপূর্ণ ভারত–প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলবিষয়ক তৃতীয় অধিবেশনের আলোচনায় সঞ্চালনা করেন ভারতের সাবেক উপ– জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পঙ্কজ সরন।
ঢাকায় ভারতের সাবেক এই হাইকমিশনার বলেন, ঢাকায় ভারত মহাসাগরীয় সম্মেলন এমন এক সময়ে হচ্ছে, যখন এই অঞ্চলের একটি ভূমিকা পালনকারী পক্ষ হিসেবে বাংলাদেশ নিজের প্রস্তুতির কথা জানান দিচ্ছে। অনেক বছর ধরে নানা কারণেই বাংলাদেশ ভারত মহাসাগরীয় অঞ্চল নিয়ে কথা বলতে দ্বিধান্বিত ছিল। সে ক্ষেত্রে ঢাকায় এই আয়োজনের মধ্য দিয়ে বড় ধরনের রাজনৈতিক বার্তা দিচ্ছে বাংলাদেশ। আঞ্চলিক সহযোগিতা কীভাবে জাতীয় প্রয়াসের পরিপূরক হিসেবে কাজ করে, সেটা দেখা উচিত।
পঙ্কজ সরনের মতে, ভারত ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের কৌশলের (আইপিএস) যাত্রা, এর লক্ষ্য কী, এর পেছনে কে, এমন নানা প্রশ্ন একসময় ছিল। সেই পর্ব পার করে অনেক দেশই তাদের নিজেদের প্রেক্ষাপটে আইপিএস গ্রহণ করেছে। আইপিএসের সামগ্রিক লক্ষ্যই হচ্ছে অংশগ্রহণমূলক। আইপিএস ভারত ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের জন্য একটি আইনসম্মত ভৌগোলিক ও রাজনৈতিক রূপরেখা হিসেবে স্বীকৃত।
পঙ্কজ সরন বলেন, দুই সপ্তাহ আগে বাংলাদেশ ভারত ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের বিষয়ে যে দৃষ্টিভঙ্গি প্রকাশ করেছে, তা কৌতূহলোদ্দীপক। কারণ, বাংলাদেশ এটি চূড়ান্ত করে জনসমক্ষে প্রকাশ করাটা এই অঞ্চলের জন্য তাৎপর্যপূর্ণ।
চ্যালেঞ্জ মোকাবিলায় আঞ্চলিক কাঠামো দরকার বলে উল্লেখ করেন অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটির ন্যাশনাল সিকিউরিটি কলেজের জ্যেষ্ঠ ফেলো ডেভিড ব্রুস্টার। তিনি বলেন, ‘ভারত ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলকে ঘিরে আধিপত্যের বিষয়ে যুক্তরাষ্ট্র, চীন ও ভারতের প্রতিযোগিতা আমরা দেখতে পাই। চীন তার অঞ্চল ও পথের উদ্যোগের (বিআরআই) প্রকল্প সুবিধা দিয়ে অর্থনৈতিকভাবে স্থিতিশীল নয়, এমন দেশের ওপর প্রভাব ফেলছে। এর পরিণতিতে ওই দেশগুলোর অর্থনৈতিক এবং রাজনৈতিক অস্থিরতায় ভূমিকা রাখছে।’
এ বিষয়ে ডেভিড ব্রুস্টার উদাহরণও দেন। তিনি বলেন, ২০১৮ সালে মালদ্বীপ এবং ২০২২ সালে শ্রীলঙ্কার সংকটের কথা উল্লেখ করা যায়। চীন–পাকিস্তান অর্থনৈতিক করিডর (সিপিইসি) নিয়ে একই ধরনের সংকটের মুখে পড়তে যাচ্ছে পাকিস্তান।
ডেভিড ব্রুস্টারের মতে, ভূরাজনৈতিক চ্যালেঞ্জের পাশাপাশি জলবায়ু ও পরিবেশে যে চ্যালেঞ্জ আছে, তা মোকাবিলায় কার্যকর কোনো উদ্যোগ বা ফোরাম নেই। এই অঞ্চলের এসব চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশ ও অস্ট্রেলিয়া এগিয়ে আসতে পারে। প্রয়োজনে অভিন্ন অবস্থানের বিষয়ে ঘোষণা, নীতিগত অবস্থান ঠিক করার পাশাপাশি মন্ত্রী পর্যায়ের আলোচনা চালুর মাধ্যমে তা প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া যেতে পারে।
সিঙ্গাপুরে এস রাজারত্নম স্কুল অব ইন্টারন্যাশনাল স্টাডিজের জ্যেষ্ঠ ফেলো সিন্দারপাল সিং বলেন, যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে যে প্রতিযোগিতা, সেটা তো প্রত্যাশিত। এই অঞ্চলে সমস্যার দিকে তাকালে দেখা যাবে অপ্রচলিত (স্বাস্থ্য, পরিবেশসহ নানা ধরনের বিষয়সমূহ) নিরাপত্তার ঝুঁকির গায়ে চিরাচরিত নিরাপত্তার মোড়ক লাগানো হয়ে থাকে। এটা ঠিক যে অপ্রচলিত নিরাপত্তার চ্যালেঞ্জগুলোকে সাধারণ নিরাপত্তা প্রেক্ষাপটে বিবেচনার সুযোগ নেই। তা ছাড়া নিরাপত্তার ক্ষেত্রে সহযোগিতার প্রসঙ্গ এলে পক্ষ–বিপক্ষে যাওয়ার বিতর্ক বা সমালোচনা সামনে চলে আসে। তাই অর্থনৈতিক সহযোগিতা, সুনীল অর্থনীতির মতো বিষয়গুলোকে নিয়ে কয়েকটি দেশ সহযোগিতা এগিয়ে নিতে পারে। এ ক্ষেত্রে সহযোগিতা কার্যকর করতে হলে বহুপক্ষীয় কাঠামোতে রেখে এগোতে হবে। তাঁর মতে, অর্থনৈতিক সহযোগিতা এবং সংযুক্তি এই অঞ্চলে আঞ্চলিক সহযোগিতার অন্যতম প্রধান পথ।
আলোচনায় সাবেক পররাষ্ট্রসচিব শমসের মবিন চৌধুরী রোহিঙ্গা ইস্যু তুলে ধরেন। তিনি বলেন, রোহিঙ্গা সমস্যা শুধু বাংলাদেশ নয়, পুরো অঞ্চলের জন্য নিরাপত্তা ঝুঁকি তৈরি করতে পারে। এই ইস্যুতে অস্পষ্টতা রাখাটা রোহিঙ্গা সংকট সমাধানের কোনো বিকল্প হতে পারে না বলে তিনি মনে করেন।
তৃতীয় অধিবেশনে আরও বক্তৃতা করেন ইরানের গবেষণা প্রতিষ্ঠান ইনস্টিটিউট ফর পলিটিক্যাল অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের জ্যেষ্ঠ ফেলো হোসেন ইব্রাহিম খানি।
এর আগে সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে শান্তি ও সমৃদ্ধির জন্য ভারত ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে টেকসই অংশীদারত্ববিষয়ক আলোচনায় সঞ্চালনা করেন সাবেক রাষ্ট্রদূত তারিক করিম।
আলোচনায় অংশ নিয়ে তুরস্কের গবেষণা প্রতিষ্ঠান আঙ্কারা সেন্টার ফর ক্রাইসিস অ্যান্ড পলিসি স্টাডিজের (আনকাসাম) প্রেসিডেন্ট মেহমেত সেইফেতিন এরোল বলেন, এ অঞ্চলের অস্থিতিশীলতা এবং নিরাপত্তাজনিত ঝুঁকির জন্য দক্ষিণ এবং দক্ষিণ–পূর্ব এশিয়ায় কার্যকর সহযোগিতার অভাব রয়েছে। এই পরিস্থিতির কারণে এই অঞ্চলের বাইরের শক্তিগুলো হস্তক্ষেপের চেষ্টা অব্যাহত রেখে যাচ্ছে।
ভূরাজনৈতিক এবং কৌশলগত কারণে বাংলাদেশ সুবিধাজনক অবস্থানে রয়েছে বলে মন্তব্য করেন তুরস্কের এই বিশেষজ্ঞ। তিনি বলেন, এই অঞ্চলের দেশগুলোর সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে ভারসাম্যমূলক নিরপেক্ষ নীতি অনুসরণ করছে বাংলাদেশ। আঞ্চলিক সম্পর্কের ক্ষেত্রে, বিশেষ করে মিয়ানমারের সঙ্গে রোহিঙ্গা সংকট মোকাবিলায় সংবেদনশীল এবং ইতিবাচক ভূমিকা রেখেছে বাংলাদেশ।
মেহমেত সেইফেতিন এরোল বলেন, বৈশ্বিক রাজনৈতিক প্রতিযোগিতা এড়ানোর পাশাপাশি এই অঞ্চলের সুরক্ষা এবং বৈশ্বিক অর্থনীতির সঙ্গে দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব এশিয়ায় সমন্বয়ের স্বার্থে আঞ্চলিক কাঠামোর পুনর্গঠন জরুরি।
এই অধিবেশনে আরও বক্তৃতা করেন ভারতে সোমালিয়ার রাষ্ট্রদূত আহমেদ আলী দাহির, তাজিকিস্তানের সেন্টার ফর স্ট্র্যাটেজিক রিসার্চের উপপরিচালক মাহমুদজাদা পারভিজ আবদুরহমান এবং ভারতের প্রতিরক্ষাবিষয়ক ওয়েবসাইট ভারতশক্তির প্রতিষ্ঠাতা নীতীন গোখেল।