মিডল্যান্ড ব্যাংকের নতুন এমডি ইমতিয়াজ ইউ আহমেদ
মিডল্যান্ড ব্যাংক পিএলসির নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে নিয়োগ পেয়েছেন ইমতিয়াজ ইউ আহমেদ। আর্থিক সেবা খাতে দীর্ঘ অভিজ্ঞতা ও নেতৃত্বগুণসম্পন্ন একজন দক্ষ পেশাজীবী হিসেবে তিনি পরিচিত। ব্যাংকের শাখা পর্যায় থেকে শুরু করে করপোরেট এবং প্রধান কার্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ নেতৃত্বমূলক দায়িত্ব পালন করেছেন তিনি।
ব্যাংকিং পেশায় ইমতিয়াজ ইউ আহমেদের বিস্তৃত দক্ষতার ক্ষেত্রসমূহের মধ্যে রয়েছে করপোরেট ও ইনস্টিটিউশনাল ব্যাংকিং, রপ্তানি অর্থায়ন, অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ও কমপ্লায়েন্স, মানবসম্পদ ব্যবস্থাপনা, স্পেশাল অ্যাসেট ম্যানেজমেন্ট এবং ট্রেজারি ব্যবস্থাপনা।
ব্যাংকিং খাতে ২৫ বছরের বেশি অভিজ্ঞতাসম্পন্ন ইমতিয়াজ ইউ আহমেদ এর আগে শাহ্জালাল ইসলামী ব্যাংক এবং ইস্টার্ন ব্যাংকে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। ব্যাংকিং পেশায় প্রবেশের আগে তিনি চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ক্যাপিটাল মার্কেটস এবং কেপিএমজি রহমান রহমান হকে অডিটর হিসেবে কাজ করেছেন।
ফাইন্যান্স ও অ্যাকাউন্টিং বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রিধারী ইমতিয়াজ ইউ আহমেদ দেশে-বিদেশে অনুষ্ঠিত অসংখ্য পেশাগত প্রশিক্ষণ, সেমিনার ও সিম্পোজিয়ামে অংশগ্রহণ করেছেন।