২২ বীর মুক্তিযোদ্ধাকে গেজেট থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত অবৈধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হাইকোর্ট
ফাইল ছবি

গেজেটভুক্ত ২২ জন বীর মুক্তিযোদ্ধাকে গেজেট থেকে বাদ দিতে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের (জামুকা) নেওয়া সিদ্ধান্ত আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করেছেন হাইকোর্ট।

জামুকার ওই সিদ্ধান্ত নিয়ে করা এক রিটের চূড়ান্ত শুনানি শেষে হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ আজ বৃহস্পতিবার রুল যথাযথ (অ্যাবসলিউট) ঘোষণা করে রায় দেন। গাইবান্ধার গোবিন্দগঞ্জের ২২ জন বীর মুক্তিযোদ্ধা (নৌ কমান্ডো) ও তাঁদের পক্ষে পরিবারের সদস্যরা ওই রিট করেন।

রিট আবেদনকারীরা জানান, ২০০৩ সালে সরকার গঠিত সাত সদস্যের একটি যাচাই-বাছাই কমিটি ৪৭২ জন মুক্তিযোদ্ধার তালিকা তৈরি করে। কমিটির সুপারিশ অনুসারে পরে ২০০৫ সালে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় রিট আবেদনকারী ২২ জন নৌ কমান্ডোকে বীর মুক্তিযোদ্ধা হিসেবে গেজেটভুক্ত করে এবং স্বীকৃতি হিসেবে রাষ্ট্রীয় সম্মানী ভাতা দিয়ে আসছিল। তবে অতি উৎসাহী কিছু ব্যক্তির স্বেচ্ছাচারী কর্মকাণ্ডের কারণে ওই নৌ কমান্ডো বীর মুক্তিযোদ্ধাদের আবারও যাচাই-বাছাইয়ের আওতায় আনা হয়। পরবর্তী সময়ে রিট আবেদনকারী ২২ জনসহ ২৪ জন নৌ কমান্ডো মুক্তিযোদ্ধার বিষয়ে জামুকা ২০১৬ সালের ৭ এপ্রিল (৩৫তম সভায়) নাম বাদ দেওয়ার সিদ্ধান্ত নেয়। এর বৈধতা নিয়ে ২২ মুক্তিযোদ্ধা ও তাঁদের পক্ষে পরিবারের সদস্যরা ওই বছরই রিট করে।

রিটের প্রাথমিক শুনানি নিয়ে ২০১৬ সালের ৯ মে হাইকোর্ট রুল দেন। রুলে ২০১৬ সালের ৭ এপ্রিল জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের সভায় আবেদনকারীসহ ২৪ নৌ কমান্ডোকে বীর মুক্তিযোদ্ধার গেজেট থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত হবে না, তা জানতে চাওয়া হয়। পাশাপাশি জামুকার ওই সিদ্ধান্ত স্থগিত করা হয়। সিদ্ধান্ত স্থগিত হওয়ায় তাঁরা বীর মুক্তিযোদ্ধা হিসেবে রাষ্ট্রীয় সম্মানী ভাতা পেয়ে আসছেন বলে জানান আইনজীবী তৌফিক ইনাম।

আদালতে আজ রিটের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী তৌফিক ইনাম। রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল শেখ সাইফুজ্জামান ও সহকারী অ্যাটর্নি জেনারেল রোকেয়া আক্তার শুনানিতে ছিলেন।

রায়ের পরে আইনজীবী তৌফিক ইনাম প্রথম আলোকে বলেন, গেজেটভুক্ত ২২ জন বীর মুক্তিযোদ্ধার নাম বাদ দিতে ২০১৬ সালের ৭ এপ্রিল জামুকার নেওয়া ওই সিদ্ধান্ত বাতিল ঘোষণা করা হয়েছে। গেজেটভুক্ত বীর মুক্তিযোদ্ধাদের উপকমিটির মাধ্যমে যাচাই-বাছাই করে তাঁদের নামের গেজেট বাতিলের সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার জামুকার নেই বলে রায়ে এসেছে।

অবশ্য ডেপুটি অ্যাটর্নি জেনারেল শেখ সাইফুজ্জামান প্রথম আলোকে বলেন, ২২ জন নৌ কমান্ডোকে বীর মুক্তিযোদ্ধার গেজেট থেকে বাদ দিতে জামুকার সিদ্ধান্ত আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হয়েছে। পূর্ণাঙ্গ রায় পেলে বিস্তারিত বলা যাবে।