মাত্র ৩০ সেকেন্ডের মধ্যে মোটরসাইকেল চুরি করেন তাঁরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গ্রেপ্তার দুই আসামি নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের রানা (২৫) এবং তাঁর সহযোগী সায়েম আহম্মেদ সিজান (২৫)
ছবি: র‌্যাবের সৌজন্যে

সংঘবদ্ধ মোটরসাইকেল চোরচক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৩। গতকাল শুক্রবার দিবাগত রাতে তাঁদের নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের আদমজীনগর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুই আসামি হলেন নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের রানা (২৫) এবং তাঁর সহযোগী সায়েম আহম্মেদ সিজান (২৫)।

এ দুজনকে জিজ্ঞাসাবাদে র‌্যাব জানতে পেরেছে, মাত্র ৩০ সেকেন্ডের মধ্যে চক্রের সদস্যরা যেকোনো তালা ভেঙে অথবা কেটে মোটরসাইকেল চুরি করে আসছিলেন। প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-৩–এর গণমাধ্যম শাখার সহকারী পরিচালক আসাদুজ্জামান।

র‍্যাব-৩–এর সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সংঘবদ্ধ মোটরসাইকেল চোরচক্রের মূল হোতা হলেন রানা। তাঁরা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন এলাকা থেকে চুরি ও ছিনতাই করা বিভিন্ন মডেলের মোটরসাইকেল নিজ হেফাজতে রাখেন। পরে চোরাই মোটরসাইকেলের ইঞ্জিন ও চেসিস নম্বর পরিবর্তন করে মোটরসাইকেলগুলো বিক্রি করে দেন।

আসামিদের কাছ থেকে একটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করেছে র‌্যাব
ছবি: র‌্যাবের সৌজন্যে

আসামিদের কাছ থেকে একটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করেছে র‍্যাব। এ চক্রের একাধিক সিন্ডিকেট থাকার তথ্য জানিয়ে র‍্যাব-৩ বলেছে, চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারে র‌্যাব অভিযান চালাচ্ছে।