ক্রিকেট, আইন এবং জীবনের গল্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্রিকেটের ‘উৎপাত’

১৯৪৭ সালের ৯ আগস্টের ঘটনা। দুটি ক্লাবের মধ্যে খেলা হচ্ছিল ম্যানচেস্টারের চিথাম মাঠে। মাঠের বিপরীতে বেকেনহ্যাম রোডে মিস বেসি স্টোনের বাড়ি। মিস স্টোন তাঁর বাগানের কোনায় দাঁড়িয়ে ছিলেন। এই সময় ব্যাটসম্যান হাঁকালেন ছক্কা এবং তা লাগল গিয়ে মিস স্টোনের মাথায়। ছয়ের মারটি ছিল ১০০ মিটার লম্বা। সবাই বলাবলি করছিলেন যে এটাই স্মরণকালের মধ্যে সবচেয়ে লম্বা ছক্কা। একজন দর্শক বলটি কুড়াতে গিয়ে দেখতে পেলেন মিস স্টোন বলের আঘাতে ভূপাতিত হয়ে আছেন। তাঁকে হাসপাতালে পাঠানো হলো এবং ক্রিকেট ম্যাচটিও চলল।

মিস স্টোন সুস্থ হলেন বটে, কিন্তু মনে তাঁর ক্ষত রয়ে গেল। তিনি ক্লাবের বিরুদ্ধে অবহেলা ও উৎপাতের অভিযোগ এনে টর্টের (দেওয়ানি অন্যায়) মামলা ঠুকে দিলেন। মিস স্টোনের আইনজীবীর যুক্তি হলো বিবাদীরা ক্রিকেটের পিচ অযাচিতভাবে রাস্তার কাছাকাছি বানিয়েছেন এবং প্রয়োজনীয় উচ্চতার বেড়া তুলতে পারেননি। এতে প্রমাণিত হয়, চিথাম ক্রিকেট ক্লাব জনগণের নিরাপত্তা বিষয়ে উদাসীন থেকেছে। এভাবে ক্রিকেট চালিয়ে তারা এলাকায় উৎপাতেরও সৃষ্টি করেছে। অভিযুক্ত দলের অধিনায়ক সাক্ষী দিলেন, ‘দারুণ একটা শর্ট খেলেছিল ব্যাটসম্যান। এ রকম ঘটনা ২৭ বছর ধরে মাত্র ৬ বার ঘটেছে।’

ক্রিকেটের বাইবেলখ্যাত উইজডেন ঘেঁটে জানা গেল যে স্যার ডব্লিউ জি গ্রেস একবার ১৪০ মিটার লম্বা ছয় মেরেছিলেন। বিবাদীরা অবশ্য যুক্তি দিলেন যে এটা ছিল শনিবারের শৌখিন ক্রিকেট। বাদীর আইনজীবী অন্য একটা নীতির যুক্তি হাজির করলেন। তিনি বললেন, ১৮৬৮ সালের রাইল্যান্ডস বনাম ফ্লেচার নীতি প্রযোজ্য হবে এখানে। এই নীতি অনুযায়ী, কেউ যদি বিপজ্জনক কোনো বস্তু তাঁর আঙিনায় টাঙান বা আনেন এবং তা ছাড়া পেয়ে অন্যের ক্ষতি করে, তবে ওই ব্যক্তির ওপর ঘটনার চূড়ান্ত দায় বর্তায়। বিচারক অলিভার বললেন, এ ঘটনা এত ব্যতিক্রম যে বিবাদীর বিরুদ্ধে অবহেলা ও উৎপাতের মামলা চলে না। তা ছাড়া রাইল্যান্ডস নীতিটিও এখানে খাটে না। ইংল্যান্ডে ক্রিকেট একটি ঐতিহ্যের অংশ ও স্বাভাবিক একটা ব্যাপার।

রায়ে ক্ষুব্ধ হয়ে মিস স্টোন আপিল আদালতে গেলেন। এখানে রায় গেল তাঁর পক্ষে। বিচারপতি সিঙ্গেলটন ও জেঙ্কিন্স বললেন যে দীর্ঘ বছর ধরে ক্রিকেট বল সময়ে–সময়ে বেকেনহ্যাম রোডে আছড়ে পড়েছে। তাই ক্লাবের এ ক্ষেত্রে দায় এড়ানোর সুযোগ নেই। তবে তাদের দোষটা শুধু অবহেলার, উৎপাতের নয়। লর্ড জাস্টিস সমারভিল বললেন ভিন্ন কথা। তাঁর মতে, ক্রিকেট পিচটা যেখানে তৈরি করা হয়েছে, সেখানে সেটি বানাতে যথাযথ যত্নের ঘাটতি ছিল কি না, তা এই মামলায় প্রতিষ্ঠিত করা যায়নি। সমারভিল এ–ও বললেন, ‘ক্রিকেট (ইংল্যান্ডের) জাতীয় খেলা, জীবনের অংশ এবং সেহেতু গ্রামের সবুজ মাঠে রাস্তার পাশে খেলা হবে এটাই স্বাভাবিক।’ কিন্তু সিঙ্গেলটন ও জেঙ্কিন্স তাঁদের যুক্তির বাইরে আরও একটি বিষয় বিবেচনায় নিয়ে মিস স্টোনের পক্ষে রায় দিলেন। বিষয়টি হলো, রেস ইপসা লোকুইটার বা ঘটনা নিজেই কথা বলে। বাদীর ক্ষতি যেখানে চাক্ষুষ দেখা যাচ্ছে এবং অবহেলা না থাকলে এ রকম ক্ষতি হতো না বলে ঠাওর হয়। সে জন্য বিবাদী তাঁর কাজের জন্য দায়ী। তিনি ক্লাবের কাছ থেকে ক্ষতিপূরণ পাবেন।

মামলা গড়াল শেষ পর্যন্ত হাউস অব লর্ডসে। সেখানে বিচারক হিসেবে উপস্থিত ছিলেন লর্ড পোর্টার, লর্ড নরম্যান্ড, লর্ড ওকসি, লর্ড রেইড ও লর্ড রেডক্লিফ। ১৯৫১ সালের ১০ মে বিচারকেরা সর্বসম্মত রায় দেন। রায়ে হাউস অব লর্ডস প্রথম আদালতে জাস্টিস অলিভারের দেওয়া রায় বহাল করেন। এর মানে এই যে মিস স্টোন চূড়ান্ত বিচারে হেরে যান। লর্ড ওকসি বলেন, ‘অবহেলার মামলায় যত্নের মানদণ্ড একজন সাধারণ যুক্তিসংগত মানুষের যত্নের মানদণ্ডের সমান। একজন সাধারণ যুক্তিসংগত মানুষ অদৃশ্যমান দূরবর্তী ঝুঁকির ব্যাপারে সতর্কতা অবলম্বন করতে পারেন না। গত ৯০ বছর এখানে খেলা হচ্ছে বটে, বল রাস্তায় গেছে, এটাও ঠিক, কিন্তু কেউ কখনো আহত হননি।’

হাউস অব লর্ডস ইতিপূর্বে ডোনাঘিউ বনাম স্টিভেনসন মামলার (১৯৩২) দোহাই টানেন। ওই মামলায় লর্ড এটকিন যত্ন বা সতর্কতা অবলম্বনের মানদণ্ড হিসেবে বলেছিলেন যে প্রত্যেক ব্যক্তির প্রতিবেশীর প্রতি কর্তব্য রয়েছে। তবে সেই কর্তব্য স্বাভাবিক অনুধাবনযোগ্য ঘটনাসাপেক্ষ। আইনের ইতিহাসে এই মামলা বোল্টন বনাম স্টোন নামে (১৯৫১) এসি ৮৫০ নামে উল্লেখ আছে। এই মামলার নীতি এখনো অনুসরণ করা হয়। সর্বশেষ ২০২০ সালে লুইস বনাম ওয়ান্ডসওয়ার্থ লন্ডন বরো কাউন্সিল নামের মামলায় ইংল্যান্ডের কোর্ট অব আপিল একই রকম ঘটনায় যুক্তিসংগত যত্ন নেওয়ার নীতি বহাল রাখেন।

মিস স্টোন হেরে গেলেও একটা দারুণ ব্যাপার ঘটে ওই মামলার পর। যেসব ক্লাব হাউস অব লর্ডসে মামলায় চিথাম ক্রিকেট ক্লাবকে সমর্থন জোগাচ্ছিল, তারা মিস স্টোনকে কিছু ক্ষতিপূরণ তুলে দিতে সাহায্য করে। আর মামলায় হারার ফলে আদালতে মিস স্টোনকে যে মামলার খরচ বহন করতে হতো, চিথাম ক্লাব সেটা ছাড় দেয়। তাই এখানে আইনও জিতল, ক্রিকেটও জিতল। ক্রিকেটের দর্শকীয় নান্দনিক দিকও এই মামলায় ফুটে উঠল।

জীবনের ক্রিকেট

ক্রিকেটে জীবনের গল্প থাকে। সে গল্প মাঝেমধ্যে আদালতের করিডর পর্যন্ত গড়ায়। ইংল্যান্ডের মিলার বনাম জ্যাকসন (১৯৭৮) মামলার কথা ধরা যাক। ডারহামের এক গ্রামে ৭০ বছর ধরে ছেলেরা ক্রিকেট খেলে। যত দিন যায়, ক্রিকেট মাঠের আশপাশ ‘উন্নয়নওয়ালাদের’ কাছে চলে যেতে থাকে। একদিন সেখানে এসে মিলার পরিবার বাড়ি বানায়। মিসেস মিলারের বারান্দায়, ছাদে, ব্যালকনিতে ছয়ের মার খাওয়া বলগুলো এসে আছড়ে পড়ে। এতে মিলার পরিবারের বিরক্তি বাড়তে থাকে। একদিন তারা উৎপাতের অভিযোগ করে ক্রিকেট ক্লাব নিষিদ্ধ চেয়ে আবেদন করে আদালতে। নিম্ন আদালত ও আপিল আদালতের বেশির ভাগ বিচারক মিলার পরিবারের পক্ষে রায় দেন। কিন্তু লর্ড ডেনিং ছিলেন আইনের ভিন্ন দর্শনে গড়া। তিনি ছান্দসিকভাবে জীবনের অর্থ খুঁজে পান ক্রিকেটে এবং আইনকে সমাজের ভেতরে এনে ব্যাখ্যা করেন। ঐতিহাসিক সূচনা অনুচ্ছেদে তিনি বলেন:

‘গ্রীষ্মে গ্রামের ক্রিকেট সবার আনন্দের উৎস। প্রায় সব গ্রামে ক্রিকেট একটা ক্রিকেট মাঠ থাকে, যেখানে তরুণেরা খেলেন আর মুরব্বিরা খেলা দেখেন। ডারহামের লিন্টজ গ্রামেও এমন একটা মাঠ আছে এবং সেখানে ৭০ বছর ধরে খেলা হয়। এখন একজন নতুন উড়ে এসে জুড়ে বসা ক্রিকেট ভালো না বাসা মানুষের আবেদনের পরিপ্রেক্ষিতে নিচের আদালত খেলা বন্ধ করতে বলেছেন। চার বছর আগেও এখানে গরু চরত, এখন সেখানে নতুন বাড়ি তৈরি হয়েছে। গরুরা ক্রিকেট নিয়ে কিছু মনে করেনি। আদালতের আদেশের ফলে ক্রিকেট ক্লাব উঠে যাবে। মাঠটি অন্য কাজে ব্যবহৃত হতে শুরু করবে। হয়তো নতুন বাড়ি নির্মিত হবে বা কারখানা চালু হবে। তরুণেরা তখন ক্রিকেট থেকে মুখ ফিরিয়ে অন্য কিছুর দিকে ঝুঁকবেন। সব গ্রাম দরিদ্রতর হবে এবং এর কারণ হলো, একজন নতুন মানুষ ক্রিকেট মাঠের পাশে এসে বসত গেড়েছেন।’

লর্ড ডেনিং জনস্বার্থের দিকটা দেখলেন। তাঁর মতে, ব্যক্তিগত উন্নয়নের বিপরীতে ক্রিকেট মাঠ রক্ষা এবং নতুন প্রজন্মকে মাঠের খেলাধুলার সুবিধা নেওয়ার সুযোগ দেওয়া জনস্বার্থের বিষয়। এখানে ব্যক্তিগত উৎপাত-অনুভূতির দাবি চলে না। নতুন মানুষ, যে মানুষ ক্রিকেট ভালোবাসেন না, যিনি যেচে ক্রিকেটের কাছে এসে বিরক্তি অনুভব করেন, প্রকৃতি-প্রাণীর জন্য এত দিন যেটা অসুবিধা করেনি, এসব নানা দারুণ উপমা ও ধারণা ডেনিং তাঁর এই বিখ্যাত রায়ের প্রথম অনুচ্ছেদে আনতে ভোলেননি।

ক্রিকেটের জীবন

দক্ষিণ আফ্রিকা দলের অধিনায়ক হ্যান্সি ক্রনিয়ে
ফাইল ফটো

সেঞ্চুরিয়ানে দক্ষিণ আফ্রিকা বনাম ইংল্যান্ডের মধ্যকার টেস্ট চলছে। ২০০০ সালের জানুয়ারি মাসের এক পরিচ্ছন্ন সকাল। পঞ্চম টেস্টের পঞ্চম দিন। চতুর্থ দিন পর্যন্ত যে খেলা হয়েছে, তাতে প্রোটিয়াদের সংগ্রহ ছিল ১৫৫/৬। খেলার বাকি সময় শাসন করেছে বৃষ্টি। সুতরাং চরম আশাবাদী ক্রিকেটপ্রেমীও সেদিন আলস্য নিয়ে সেঞ্চুরিয়ান পার্কে হাজির হয়েছিলেন। কিন্তু সম্ভবত হ্যান্সি ক্রনিয়ের মনে ছিল ভিন্ন ভাবনা।

নাশতার টেবিলে ক্রনিয়ে এক অভাবিত প্রস্তাব দেন ইংলিশ ব্যাটসম্যান আলেক স্টুয়ার্টকে, ‘তোমার ক্যাপ্টেনকে বলো, সে ৭০ ওভারে ২৭০ ধাওয়া করতে চায় কি না। আমরা আমাদের প্রথম ইনিংস ওই রানে ডিক্লেয়ার করব। বিনিময়ে তোমরা তোমাদের প্রথম ইনিংস শূন্য রানে ঘোষণা (ডিক্লারেশন) করবে। আমরা দ্বিতীয় ইনিংস ছাড় (ফরফিচার) দিয়ে দেব। সুতরাং তোমাদের দ্বিতীয় ইনিংসে ৭০ ওভারে ২৭০ করলেই চলবে।’ পরদিন সকালে নাসের হুসেন রাজি হলে ইংল্যান্ডের লক্ষ্য সাব্যস্ত হয় ৭৬ ওভারে ২৪৯।

ম্যাচ রেফারিও রাজি হলেন। দর্শকদের আনন্দ আর ধরে না। চার দিনের বৃষ্টিপ্রসূত নিরানন্দ এক দিন কাটাতে পারবে। এই উত্তেজনায় তাঁরা জয়ধ্বনি দিতে লাগলেন। সেঞ্চুরিয়ানের আকাশে-বাতাসে ক্রিকেটের বিজয় ঘোষিত হলো। দুই দলের ক্যাপ্টেন তাঁদের ক্রিকেটসুলভ মানসিকতার জন্য সবার বাহবা কুড়াতে লাগলেন। টান টান উত্তেজনার ম্যাচে শেষ ওভারে ড্যারেন গফ চার মেরে ইংল্যান্ডের জয়–খরা কাটালেন। সবাই বলাবলি করলেন যে এই ম্যাচে কেউ হারেনি, জিতেছে শুধু ক্রিকেট।

কিন্তু আইনের চোখে নাসের হুসেনের ইনিংস ডিক্লেয়ার করার বৈধতা নিয়ে প্রশ্ন দেখা দিল। কারণ, সে সময় প্রচলিত ক্রিকেটীয় আইনে বলা ছিল কোনো ডিক্লারেশন কেবল ‘খেলা চলাকালে’ দেওয়া যায়। তাই ইংল্যান্ডের ০/০ প্রথম ইনিংস ডিক্লারেশন আইনসম্মত ছিল না। এটাকে ‘ডিক্লারেশন’ বলা যায় না, বরং বলা যায় ‘ফরফিচার’, যা কেবল সেকেন্ড ইনিংসের ক্ষেত্রেই দেওয়া যায়। সুতরাং পঞ্চম দিনের চতুর্থ ইনিংসে প্রকৃত অর্থে ইংল্যান্ড তাদের প্রথম ইনিংস খেলছিল। তাই ম্যাচের প্রকৃত ফলাফল আসলে হলো ড্র।

ইংল্যান্ড দলের অধিনায়ক নাসের হুসেন
ফাইল ছবি

ক্রিকেটের প্রতি হ্যান্সি ক্রনিয়ের (এবং ফলে নাসের হুসেনের) এই দৃষ্টিভঙ্গি দুভাবে দেখা যায়। সেটি আইনের ব্যাখ্যার ক্ষেত্রেও ব্যবহার করা হয়। প্রথমত, আক্ষরিকভাবে দেখলে বলা যায়, যেহেতু আইনে আছে খেলা হলে তবেই ডিক্লেয়ার করা যায়, না খেলে কোনো ইনিংস ডিক্লেয়ার হয় না। তাই কোনো বল না খেলেই নাসের হুসেনের প্রথম ইনিংস ডিক্লেয়ার করা ছিল ‘হাস্যকর ও আইনের বরখেলাপ’। আইনের সুস্পষ্ট বিধান লঙ্ঘন করে ‘ক্রিকেটের চেতনা’ খুঁজতে যেতে হয় না। তা ছাড়া প্রকৃতি লিখিত আইনের বিধানকে বদলাতে পারে না।

দ্বিতীয়ত, উদ্দেশ্যগত দিক বিবেচনা করলে বলা যায় যে, ওই ম্যাচ ছিল সুন্দরতম এক ক্রিকেট ম্যাচ। কারণ ‘বেস্ট স্পিরিট অব দ্য গেম’ প্রকৃত খেলাই দেখতে চায়, প্রাণহীন কোনো খেলা নয়। মার্টিন জেনকিন্সের মতে, ‘ডিক্লারেশন’ নাকি ‘ফরফিচার’ তা নিয়ে তর্ক চলতে পারে, কিন্তু এখানে দুটি পক্ষই খেলল, তা দর্শকেরা প্রাণভরে দেখলেন, আম্পায়াররা তা পরিচালনার মাধ্যমে অনুমোদন দিলেন। এটাই ক্রিকেট। আইনটাকে ক্রিকেটের প্রেক্ষাপটে দেখলে দেখা যাবে যে আইন দর্শকীয় দিক থেকেও খেলোয়াড়দের ওপরে দায়িত্ববোধ আরোপ করে। জিওফ লসনও হয়তো এই চিন্তা থেকে বলেন, ‘একুশ শতাব্দীতে খেলা হওয়া উচিত শুধু খেলোয়াড়দের জন্য, এই ধারণার অবসান হওয়া উচিত। তাই হ্যান্সি ও নাসের হুসেনের সিদ্ধান্ত প্রশংসা লাভের যোগ্য।’

পরের গল্প আমরা কমবেশি সবাই জানি। ‘ম্যাচ ফিক্সিং’–এর কারণে সেঞ্চুরিয়ান টেস্ট এক কলঙ্কের নাম। এখানে সে আলোচনা আর প্রাসঙ্গিক নয়। শুধু এটুকু বলা সংগত হবে যে আইন ও ক্রিকেট মান্যতা, বিশ্বাস ও নৈতিকতার মানদণ্ডে কাজ করে।

শেষ কথা

এই লেখায় যে দুটি মামলা ও ক্রিকেটের একটি ঘটনা নিয়ে বলা হয়েছে, প্রতিটি গল্পেই আইনের কথা আছে। কিন্তু সেটাকে ছাপিয়ে গেছে ক্রিকেটের আনন্দের কথা, জীবনের কথা। সুতরাং প্রেক্ষাপটহীন কিংবা বিচ্ছিন্নভাবে আইনের বিষয়গুলো বিবেচনা করা উচিত হবে না। মানবীয় ব্যাপারগুলোকে আইনের ক্ষেত্রে যথাযথ গুরুত্ব দেওয়া হোক—এটাই হোক আমাদের প্রত্যাশা।

এস এম মাসুম বিল্লাহ অধ্যাপক, আইন বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়