প্রশিক্ষণ কাজে লাগাতে পারছেন না ৮৯ শতাংশ নারী

নারীরা প্রশিক্ষণ পেলেও পুঁজির অভাব, পরিবারের সহায়তা না পাওয়াসহ নানা কারণে তা কাজে লাগাতে পারছেন না।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আইজিএ প্রশিক্ষণ প্রকল্পের আওতায় মোবাইল ও কম্পিউটার সার্ভিসিং অ্যান্ড রিপেয়ারিংয়ের প্রশিক্ষণ নিচ্ছেন নারীরা। সম্প্রতি খাগড়াছড়ির রোয়াংছড়ি উপজেলায়
ছবি: সংগৃহীত

কুষ্টিয়ার খোকসা উপজেলায় কলেজপাড়া এলাকায় পূরবী মজুমদার ও সেলিনা খাতুন প্রতিবেশী। দুজনের বয়স ত্রিশের কোঠায়। স্বামী, সন্তান নিয়ে সংসার। দুজনই মহিলাবিষয়ক অধিদপ্তরের ‘উপজেলা পর্যায়ে মহিলাদের জন্য আয়বর্ধক (আইজিএ) প্রশিক্ষণ প্রকল্প’–এর আওতায় ‘বিউটিফিকেশন’ (রূপসজ্জা) বিষয়ে প্রশিক্ষণ নেন।

পূরবী ২০১৮ সালের ডিসেম্বর থেকে এবং সেলিনা ২০১৯ সালের অক্টোবর থেকে তিন মাসের (৬০ কর্মদিবস) প্রশিক্ষণ নেন। পূরবী প্রশিক্ষণ শেষে নিজের বাসার একটি কক্ষে পারলার চালু করেন। তবে সেলিনা কিছু করতে পারেননি। তিনি এখন পূরবীর পারলারের নিয়মিত ভোক্তাদের একজন।

সম্প্রতি সেলিনার সঙ্গে যখন কথা হচ্ছিল, তখন তিনি পূরবীর পারলারে ফেসিয়াল করতে এসেছিলেন। তিনি বললেন, তাঁদের ব্যাচে উপকরণের ঘাটতি ছিল। ভালোভাবে শিখতে পারেননি। আর পূরবী জানালেন, এলাকার ২০-২৫ জন তাঁর নিয়মিত ভোক্তা।

শুধু সেলিনা নন, এখানে প্রশিক্ষণ নেওয়া বেশির ভাগই ঝরে পড়েছেন। পুঁজির অভাব, পরিবারের সমর্থন না থাকা, আবার নিজেদের আগ্রহ না থাকায় ঝরে পড়ার মিছিল বড় হয়েছে।

এই প্রকল্পের মাধ্যমে সারা দেশে নারীরা উপকৃত হচ্ছেন। প্রশিক্ষণ নিয়ে কেউ কিছু না কিছু করছেন।
ফরিদা পারভীন, মহিলা অধিদপ্তরের মহাপরিচালক

মহিলাবিষয়ক অধিদপ্তরের তথ্যমতে, আয়বর্ধক কাজের প্রশিক্ষণ দেওয়ার মাধ্যমে দরিদ্র, অনগ্রসর নারীদের আত্মনির্ভরশীল ও দক্ষ মানবসম্পদে পরিণত করতে এই প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। প্রকল্পের আওতায় ৩ লাখ ৮১ হাজার ২৫০ নারীকে প্রশিক্ষণ দেওয়ার লক্ষ্য রয়েছে।

চলতি বছরের জুলাই পর্যন্ত ৩ লাখ ৯ হাজার ৪৩০ নারীকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এর মধ্যে মাত্র ৩৫ হাজার নারী প্রশিক্ষণের অভিজ্ঞতা কাজে লাগিয়ে আয় করছেন। এ হিসাবে প্রশিক্ষণ শেষে আয়বর্ধক কাজে যুক্ত হয়েছেন ১১ শতাংশ নারী। অর্থাৎ প্রশিক্ষণ কোনো কাজে লাগাতে পারছেন না ৮৯ শতাংশ।

আইজিএ প্রকল্প পরিচালক মো. তরিকুল আলম ৩৫ হাজার নারী আয়বর্ধক কাজে যুক্ত হওয়াকে সন্তোষবনক মনে করেন। বললেন,
একটি প্রকল্পে প্রশিক্ষণ নিয়ে শতভাগ তো উদ্যোক্তা হয় না।

উপজেলা পর্যায়ে আইজিএ প্রশিক্ষণ প্রকল্পটির মেয়াদ ছিল ২০১৭ সালের ১ জানুয়ারি থেকে ২০২০ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত। ওই সময় ব্যয় ধরা হয় ২৮৩ কোটি ২২ লাখ ৬০ হাজার টাকা। ১০টি বিষয়ে ২ লাখ ১৭ হাজার ৪৪০ নারীকে প্রশিক্ষণ দেওয়ার লক্ষ্যমাত্রা ঠিক করা হয়। পরে প্রকল্পটি সংশোধন করে মেয়াদ ২০২২ সালের ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়। এতে প্রকল্পের ব্যয় বেড়ে দাঁড়ায় ৫৯১ কোটি। নতুন করে ৩ লাখ ৮১ হাজার ২৫০ নারীকে প্রশিক্ষণ দেওয়ার লক্ষ্যমাত্রা ঠিক করা হয়।

প্রকল্পটির সাফল্য অনেক বলে দাবি করেন মহিলা অধিদপ্তরের মহাপরিচালক ফরিদা পারভীন। তিন প্রথম আলোকে বলেন, এই প্রকল্পের মাধ্যমে সারা দেশে নারীরা উপকৃত হচ্ছেন। প্রশিক্ষণ নিয়ে কেউ কিছু না কিছু করছেন।

২০২১ সালের এপ্রিলের আগে প্রশিক্ষণকালে প্রশিক্ষণার্থীদের প্রতিদিন ১০০ টাকা করে ভাতা দেওয়া হতো। পরে তা ২০০ টাকা করা হয়। তবে সরকারের ব্যয় সংকোচন নীতির কারণে প্রকল্পে কাটছাঁট করা হয়। গত জুলাই থেকে উপজেলা পর্যায়ে প্রশিক্ষণ সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। আর জেলা পর্যায়ে প্রশিক্ষণার্থীর সংখ্যা অর্ধেক করা হয়েছে।

ওই ব্যাচে আমিই সবচেয়ে ভালো শিখেছিলাম। কিন্তু পারলার দেওয়ার টাকা ছিল না। উপজেলা কার্যালয় থেকে ঋণ নেওয়ার বিষয়েও খোঁজ করেছিলাম, কিন্তু লাভ হয়নি।
চন্দ্রা মণ্ডল

কেউ পেরেছেন, ঝরে পড়েছেন

প্রশিক্ষণ নেওয়া নারীদের অবস্থা জানতে একটি বিভাগ (রাজশাহী), একটি জেলা (পাবনা) এবং চারটি উপজেলায় (ঝিনাইদহের কালীগঞ্জ, সাতক্ষীরার আশাশুনি, কুষ্টিয়ার খোকসা ও দৌলতপুর) খোঁজ নিই। কথা বলি কয়েকজন নারী ও প্রশিক্ষকের সঙ্গে।

উপজেলা পর্যায়ে ফ্যাশন ডিজাইন, রূপসজ্জা, মাশরুম চাষ, ভার্মি কম্পোস্ট ও মৌ চাষ বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। এ ছাড়া হাতে তৈরি পণ্য বানানো শেখানো হয়। প্রতিটি উপজেলায় ১৬ থেকে ৪৫ বছর বয়সী ২০–২৫ জন নারীকে দুটি বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।

সাতক্ষীরার আশাশুনি উপজেলার সোদকনা গ্রামের চন্দ্রা মণ্ডল (৩৬) ২০২১ সালের জানুয়ারি ব্যাচে রূপসজ্জা বিষয়ে ভর্তি হন। তবে প্রশিক্ষণ শেষে পুঁজির অভাবে তিনি পারলার দিতে পারেননি। তবে আশপাশের কেউ ভ্রু প্লাক বা চুল কাটতে এলে করে দেন।

চন্দ্রা বলেন, ‘ওই ব্যাচে আমিই সবচেয়ে ভালো শিখেছিলাম। কিন্তু পারলার দেওয়ার টাকা ছিল না। উপজেলা কার্যালয় থেকে ঋণ নেওয়ার বিষয়েও খোঁজ করেছিলাম, কিন্তু লাভ হয়নি।’

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার চাপালি গ্রাম থেকে তিন বছর আগে ভার্মি কম্পোস্ট সারের ওপর প্রশিক্ষণ নেন তানিয়া সুলতানা (৩২)। তবে তিন-চার মাসের বেশি ব্যবসা করতে পারেননি। কারণ জানাতে গিয়ে বলেন, অভাবের সংসার। মাসে ৪০০-৫০০ টাকার সার বিক্রি করতেন। সবটাই খরচ হয়ে যেত সংসারে।

সেলিনা বলেন, তাঁর কাছে সাধারণত ভ্রু প্লাক করতেই মেয়েরা বেশি আসেন। তাঁর কাছে ভ্রু প্লাক ও ফেসিয়াল করতে বেশি আসেন মেয়েরা। মাসে গড়ে এক হাজার টাকা আয় হয়। তিনি বলেন, করোনার তীব্রতার সময় পারলার জন্য ১৫ হাজার টাকা ঋণ নিয়েছিলেন। তবে অনটনের সংসারে পুরো টাকা খরচ হয়ে যায়।

তানিয়ার সঙ্গে কথা বলে জানা গেল, প্রশিক্ষণকালে ছয় হাজার টাকা ভাতা (তখন দিনে ১০০ টাকা ছিল) পেয়েছিলেন তিনি। সেই টাকা থেকে হাজারখানেক টাকা বাঁচিয়ে সার তৈরিতে খরচ করেছিলেন। বছর তিনেক আগে স্বামী আরেক নারীকে বিয়ে করে চলে গেছেন। তাঁদের খোঁজ নেন না।

তবে একই উপজেলায় সারের ওপর প্রথম ব্যাচে প্রশিক্ষণ নেওয়া তানজিলা আক্তার (২০) ভালো করছেন। তিনি অনলাইনে সার বিক্রি করেন। বিক্রির বিষয়টি দেখেন তাঁর বড় ভাই। জানালেন, ২৪ শতক জমির ওপর তৈরি তাঁদের ভাই-বোনের জৈব সারের খামারে চার টনের মতো সার উৎপাদিত হয়। বিক্রি করে মাসে আয় হয় ৪০ থেকে ৫০ হাজার টাকা।

এদিকে কুষ্টিয়ার খোকসা উপজেলার সেলিনা খাতুন ওরফে শেলী টিকে থাকার লড়াই করছেন। তিনি ২০১৮ সালে রূপসজ্জার ওপর প্রশিক্ষণ নেন। এক কক্ষের বসতঘরে পর্দা দিয়ে ঘেরা জায়গায় একটা চেয়ার ও আয়না বসিয়ে পারলার করেছেন। স্বামী ও স্কুলপড়ুয়া এক মেয়ে নিয়ে সংসার। স্বামীর নির্দিষ্ট কোনো আয় নেই।

সেলিনা বলেন, তাঁর কাছে সাধারণত ভ্রু প্লাক করতেই মেয়েরা বেশি আসেন। তাঁর কাছে ভ্রু প্লাক ও ফেসিয়াল করতে বেশি আসেন মেয়েরা। মাসে গড়ে এক হাজার টাকা আয় হয়। তিনি বলেন, করোনার তীব্রতার সময় পারলার জন্য ১৫ হাজার টাকা ঋণ নিয়েছিলেন। তবে অনটনের সংসারে পুরো টাকা খরচ হয়ে যায়।

কেন ঝরে পড়ছেন

কালীগঞ্জ উপজেলায় আইজিএ প্রকল্পে ভার্মি কম্পোস্ট, মাশরুম ও মৌ চাষের ওপর প্রশিক্ষণ দেন মো. আল আমিন। তিনি বলেন, কাজে লেগে থাকার দক্ষতা ও ধৈর্য সবার থাকে না। অনেকে পণ্য বাজারজাত করতে গিয়ে সমস্যায় পড়েন। অনেকে পরিবার থেকে সহায়তা পান না। পরিবার পাশে দাঁড়ালে প্রশিক্ষণ নেওয়া নারীর জন্য কাজটি সহজ হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা বলেন, ভাতা দেওয়া না হলে প্রশিক্ষণ করানোর জন্য নারী পাওয়া কঠিন হতো। অনেক নারীকে দেখলেই বোঝা যায়, টাকার জন্য এসেছেন, শেখার কোনো আগ্রহ নেই।

কুষ্টিয়ার খোকসা উপজেলার রূপসজ্জাবিষয়ক প্রশিক্ষক রূপালি খাতুন বলেন, প্রশিক্ষণে আসা নারীদের মধ্যে নিম্নবিত্তই বেশি। একটি পারলার দিতে এক-দেড় লাখ টাকা লাগে, যা অনেকের পক্ষে জোগাড় করা কঠিন। এরপরও অনেকে পারলার দিয়ে ভালো করছেন। সেসব পারলারে প্রশিক্ষণপ্রাপ্ত অনেক নারী সহকারী হিসেবে কাজ করছেন।

মহিলা অধিদপ্তরের তথ্য অনুসারে, সাতক্ষীরার আশাশুনি উপজেলায় রূপসজ্জা ও মাশরুম চাষ, ভার্মি কম্পোস্ট ও মৌ চাষ বিষয়ে ৩৮০ নারী প্রশিক্ষণ নেন। এঁদের মধ্যে আয়বর্ধক কাজে আছেন ৯৪ জন।

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় ফ্যাশন ডিজাইন, মাশরুম চাষ, ভার্মি কম্পোস্ট ও মৌ চাষ বিষয়ে ৭৫০ নারী প্রশিক্ষণ নিয়ে কাজে আছেন মাত্র ৬৭ জন।

দৌলতপুর উপজেলার প্রশিক্ষক আসিফ আহমেদ বলেন, তাঁর উপজেলা থেকে ফ্যাশন ডিজাইনে দুজন প্রশিক্ষণ নিয়ে ঢাকায় পোশাক কারখানায় কাজ করছেন। যাঁরা চাকরি করেন, তাঁদের নাম ৬৭ জনের মধ্যে নেই।

জেলা ও বিভাগীয় শহরে শিক্ষিত-প্রতিষ্ঠিত বেশি

৬৪টি জেলা শহরে অতিরিক্ত হিসেবে ‘মোবাইল সার্ভিসিং অ্যান্ড রিপেয়ারিং’ এবং ‘কম্পিউটার সার্ভিসিং অ্যান্ড রিপেয়ারিং ও কম্পিউটার অ্যাপ্লিকেশন প্রোগ্রাম’–এর ওপর প্রশিক্ষণ দেওয়া হয়। একটি বিষয়ে প্রতি ব্যাচে ২০–২৫ নারীকে প্রশিক্ষণ দেওয়া হয়। ‘মোটর ড্রাইভিং’ প্রশিক্ষণ শুধু বিভাগীয় শহরে দেওয়া হয়। রাজশাহী বিভাগের পাবনা জেলায় প্রতি ব্যাচে ২১ থেকে ৪৫ বছর বয়সী ৩০ জন করে নারীকে এই প্রশিক্ষণ দেওয়া হয়। এঁদের সবাই ন্যূনতম এসএসসি পাস।

রাজশাহী বিভাগে ২০২১ সালের অক্টোবরে গাড়ি চালানোর প্রশিক্ষণ শুরু হয়। এ পর্যন্ত ১২০ নারী প্রশিক্ষণ নিয়েছেন। তবে নারীদের চালক হিসেবে কাজে নেওয়ার প্রবণতা কম। ফলে ইচ্ছে থাকলেও অনেকে কাজে যুক্ত হতে পারেননি। পাবনার প্রশিক্ষণ নেওয়া ছয়জন নারীর সঙ্গে কথা হয়। এঁদের মধ্যে চারজন আগে থেকেই উদ্যোক্তা। একজন ভবিষ্যতে কিছু করার প্রত্যাশায় প্রশিক্ষণ নেন। একজন প্রশিক্ষণ নেওয়ার পর চাকরি করছেন।

পাবনা সদর উপজেলার রাধানগর গ্রামের দুই পোশাক উদ্যোক্তা লতা খাতুন (৩৫) ও কেয়া ইসলাম (৪০) একই সময়ে গাড়ি চালনায় প্রশিক্ষণ নেন। কেয়ার আগেই ব্যক্তিগত গাড়ি ছিল। লতা প্রশিক্ষণের পর গাড়ি কেনেন। লতা বলেন, ‘এখন নিজেই গাড়ি চালাতে পারি। এতে কাজের সুবিধা হয়েছে। কেয়া বলেন, বিপদে-আপদে যেন গাড়ি চালাতে পারেন, সে জন্য শিখে রেখেছেন।

পাবনা শহরের বাসিন্দা নাসিমা সুলতানা (৩৬) বলেন, শিক্ষিত মানুষ হিসেবে গাড়ি চালনা শিখে রেখেছেন। ভবিষ্যতে মেয়েদের গাড়ি চালনা শেখার স্কুল দেওয়ার ইচ্ছে আছে।

শহরের আরেক বাসিন্দা অনুজা সাহার ‘মায়ের পরশ’ নামে একটি রেস্তোরাঁ রয়েছে। পাবনা জেলা আদালতের ক্যানটিন তিনি পরিচালনা করেন। শহরে বিভিন্ন জায়গায় খাবার সরবরাহ করেন। অনুজা বলেন, তাঁর গাড়ি নেই। তবে এখন যেকোনো জায়গায় খাবার সরবরাহ করতে তাঁর কারও ওপর নির্ভর করতে হবে না।

শায়লা পারভিন প্রশিক্ষণ নেওয়ার পর নাটোরের ‘সচেতন কর্মসংস্থান’ নামে একটি বেসরকারি সংস্থায় ‘মাতৃত্বকালীন ভাতা প্রশিক্ষক’ হিসেবে যোগ দিয়েছেন। চাকরির আবেদনে গাড়ি চালাতে পারার শর্ত ছিল। প্রশিক্ষণ থাকায় তাঁর চাকরি পেতে সুবিধা হয়েছে।

পাবনায় মোবাইল সার্ভিসিং বিষয়ে ২০১৮ থেকে চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত ২৭৭ নারী প্রশিক্ষণ নেন। প্রশিক্ষণ নেওয়া দুই নারীর সঙ্গে কথা হয়। তাঁদের একজন ফাতেমা আক্তার পাবনা সিটি কলেজের ছাত্রী। আরেকজন সুমাইয়া খাতুন পাবনা সরকারি এডওয়ার্ড কলেজে ইংরেজি বিষয়ে মাস্টার্স করছেন।

সুমাইয়া বলেন, তিনি ছাত্রীদের মেসে থাকেন। সেখানে টুকটাক কাজ করেন। কয়েকজন মিলে আরেকটু বড় উদ্যোগ নিয়ে সার্ভিসিংয়ের কাজ শুরু করতে চান। ফাতেমা জানান, তিনি বাসায় টুকটাক কাজ করেন।

শুধু প্রশিক্ষণ দিলে হবে না

প্রকল্পের নানা বিষয় নিয়ে কথা হয় জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) বাংলাদেশের প্রধান অর্থনীতিবিদ নাজনীন আহমেদের সঙ্গে। তিনি প্রথম আলোকে বলেন, প্রশিক্ষণ নিয়ে সবাই উদ্যোক্তা হবেন, এমন আশা করা যায় না। তবে প্রশিক্ষণপ্রাপ্তদের অন্তত ৫০ শতাংশ উদ্যোক্তা বা অন্যোবে আয়ে যুক্ত থাকা উচিত।

তাই, যাকে–তাকে প্রশিক্ষণ না দিয়ে আগ্রহ আছে এমন নারীদের নির্বাচন করতে হবে। কারণ, অনেকে শুধু ভাতা পেতে প্রশিক্ষণে আসেন। প্রশিক্ষণ নেওয়ার পর অনেকে কাজে যুক্ত হতে আগ্রহ পান না। তাই দ্বিতীয় ধাপে কাজে আগ্রহীদের বাছাই করে তাঁদের উৎপাদিত পণ্য কীভাবে বাজারজাত করা যায়, তার প্রশিক্ষণ দিতে হবে। অনলাইন বাজারে প্রবেশ করানো শেখাতে হবে।

নাজনীন আহমেদ বলেন, প্রশিক্ষণ নেওয়া নারীদের কেন্দ্রীয় তথ্যভান্ডার রাখতে হবে। যাঁরা উদ্যোক্তা হতে পারবেন না, তাঁদের চাকরির ব্যবস্থা করতে স্থানীয় ব্যবসায়ী গোষ্ঠীর সঙ্গে সংযোগ করিয়ে দিতে হবে। শুধু প্রশিক্ষণ দিয়ে ছেড়ে দিলে হবে না।