শিক্ষক লাঞ্ছনার প্রতিবাদ চার বিশ্ববিদ্যালয়ের ভূগোলের চেয়ারম্যানদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জগন্নাথ বিশ্ববিদ্যালয়

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সভায় শিক্ষককে শারীরিকভাবে লাঞ্ছিত করার প্রতিবাদ জানিয়েছেন চার বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের চেয়ারম্যানেরা। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যানরা এই প্রতিবাদলিপি পাঠিয়েছেন। 

গত বৃহস্পতিবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের ৬৫তম সভা হয়। এতে অংশ নেওয়া কয়েকজন সদস্য বলেন, গুচ্ছ ভর্তি পরীক্ষার পক্ষে কথা বলায় বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক আবদুল কাদেরের ওপর কয়েকজন শিক্ষক চড়াও হন। তাঁকে কিলঘুষিও মারেন। 

উপাচার্যকে পাঠানো প্রতিবাদলিপিতে বলা হয়েছে, একাডেমিক কাউন্সিলের সভায় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণের সময় নিজস্ব মতামত উপস্থাপনকালে কতিপয় শিক্ষক কর্তৃক ভূগোল ও পরিবেশ বিভাগের চেয়ারম্যান শারীরিকভাবে লাঞ্ছিত হওয়ার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। 

প্রতিবাদলিপিতে বলা হয়, আমরা মনে করি, বিশ্ববিদ্যালয় স্বাধীন মতপ্রকাশের এবং পরমত সহিষ্ণুতার চর্চা করার পীঠস্থান। বঙ্গবন্ধু যে স্বাধীনতা আমাদের এনে দিয়েছেন, সে স্বাধীনতার চেতনার অনুসারী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকগণের প্রধান দায়িত্ব হচ্ছে মুক্তবুদ্ধির চর্চা ও যুক্তির লালন করা। 

চার বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের চেয়ারম্যানেরা বলেন, পেশিশক্তির নয়, বরং যুক্তির মধ্য দিয়ে অন্যের যুক্তিকে পতনের সুস্থচর্চাই বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের কাছ থেকে কাম্য। কিন্তু সভায় এর ব্যত্যয় দেখে আমরা খুবই ব্যথিত ও বিস্মিত। জাতির বৃহত্তর স্বার্থে এবং বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি রক্ষায় এই ঘটনার সুষ্ঠু তদন্তপূর্বক দোষীদের চিহ্নিত করা ও শাস্তি প্রদান করা অতি জরুরি। 

প্রতিবাদলিপিতে স্বাক্ষর করেন ঢাকা বিশ্ববিদ্যালয়য়ের ভূগোল ও পরিবেশ বিভাগের চেয়ারম্যান শহীদুল ইসলাম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগ চেয়ারম্যান শীতাষ্ণু কুমার, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের চেয়ারম্যান মাহবুব মোর্শেদ এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম।

আরও পড়ুন