পঞ্চদশ সংশোধনী: রুলের ওপর শুনানি শুরু, ৬ নভেম্বর পরবর্তী শুনানি

হাইকোর্ট ভবনফাইল ছবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুল আলোচিত তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বিলোপসহ বেশ কিছু বিষয়ে আনা সংবিধানের পঞ্চদশ সংশোধনী প্রশ্নে রুলের ওপর শুনানি শুরু হয়েছে। বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ বুধবার শুনানি গ্রহণ করেন। শুনানি নিয়ে আদালত আগামী বুধবার (৬ নভেম্বর) শুনানির পরবর্তী দিন রেখেছেন।

এর আগে পঞ্চদশ সংশোধনী আইনের বৈধতা নিয়ে সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদারসহ পাঁচ বিশিষ্ট ব্যক্তির করা রিটের প্রাথমিক শুনানি নিয়ে গত ১৯ আগস্ট হাইকোর্ট রুল দেন। রুলে পঞ্চদশ সংশোধনী আইন কেন সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ঘোষণা করা হবে না, তা জানতে চাওয়া হয়।

এই রুলের ওপর আজ প্রথম দিনের মতো শুনানি হয়। আদালতে রিট আবেদনকারীদের পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী শরীফ ভূইয়া শুনানি করেন। তাঁকে সহায়তা করেন আইনজীবী রিদুয়ানুল করিম। শুনানিতে অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে সংশোধিত-প্রতিস্থাপিত-সংযোজিত অনুচ্ছেদগুলো এবং এর পূর্ববর্তী বিভিন্ন সংশোধনীর তুলনামূলক চিত্র পুস্তিকা আকারে আদালতে দাখিল করেন।

শুনানিতে অষ্টম সংশোধনীসহ বিভিন্ন মামলার রায় উল্লেখ করে সংবিধান ও সংবিধানের মৌলিক কাঠামো ব্যাখ্যার বিভিন্ন দিক ও নজির তুলে ধরেন রিট আবেদনকারীদের জ্যেষ্ঠ আইনজীবী শরীফ ভূইয়া। তিনি বলেন, সংবিধান ব্যাখ্যার ক্ষেত্রে সামাজিক, রাজনৈতিক ও ঐতিহাসিক বাস্তবতা বিবেচনায় রাখতে হয়। তবে সাধারণ আইনে ব্যাখ্যার ক্ষেত্রে এ সবের প্রয়োজন নেই। গণতন্ত্র, ভোটের অধিকার, বিচার বিভাগের স্বাধীনতা ও ক্ষমতার পৃথক্‌করণ সংবিধানের মৌলিক কাঠামো। পঞ্চদশ সংশোধনীতে নতুন বিধান অন্তর্ভুক্তির মাধ্যমে নতুন আদর্শ চালু করা হয়, যা নিয়ে অসন্তুষ্টিও ছড়িয়ে পড়ে। এই সংশোধনী বিদ্যমান সংবিধানের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ এবং সংবিধানের মূল কাঠামোর সঙ্গেও সাংঘর্ষিক। অসাংবিধানিকভাবে পঞ্চদশ সংশোধন আনা হয়। গণতান্ত্রিক চরিত্র ধ্বংসসহ এই সংশোধনীর মাধ্যমে সংবিধানকে ধ্বংস করা হয়। যে কারণে পঞ্চদশ সংশোধনী পুরোটাই চ্যালেঞ্জ করা হয়েছে।

রিট আবেদনকারীদের আইনজীবীর বক্তব্য উপস্থাপনের মধ্য দিয়েই প্রথম দিনের শুনানি হয়। বেলা দুইটা থেকে বিকেল চারটা পর্যন্ত শুনানি চলে।

আওয়ামী লীগ সরকারের আমলে ২০১১ সালে সংবিধানের ওই সংশোধনী আনা হয়। পঞ্চদশ সংশোধনী আইন ২০১১ সালের ৩০ জুন জাতীয় সংসদে পাস হয়। ২০১১ সালের ৩ জুলাই এ-সংক্রান্ত গেজেট প্রকাশ করা হয়। পঞ্চদশ সংশোধনী আইন চ্যালেঞ্জ করে গত আগস্টে পাঁচ বিশিষ্ট নাগরিক রিটটি করেন। প্রাথমিক শুনানি নিয়ে হাইকোর্ট পঞ্চদশ সংশোধনী প্রশ্নে রুল দেন। সাংবিধানিক এই মামলায় আদালতের অনুমতি নিয়ে রুল সমর্থন করে ইন্টারভেনার (আদালতকে সহায়তা করতে) হিসেবে ২২ অক্টোবর বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং গতকাল মঙ্গলবার বিএনপি ও আইনজীবী মোস্তফা আসগর শরিফী রিটে যুক্ত হন।

আদালতে বিএনপির পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন ও আইনজীবী ফারজানা শারমিন, জামায়াতের পক্ষে আইনজীবী মোহাম্মদ শিশির মনির উপস্থিত ছিলেন। রিট আবেদনকারী বদিউল আলম মজুমদার ও তোফায়েল আহমেদ শুনানির সময় উপস্থিত ছিলেন। রাষ্ট্রপক্ষে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আরশাদুর রউফ এবং ডেপুটি অ্যাটর্নি জেনারেল তানিম খান ও আবদুল্লাহ আল মাহমুদ উপস্থিত ছিলেন।

পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বিলোপের পাশাপাশি জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসন ৪৫ থেকে বাড়িয়ে ৫০ করা হয়। অসাংবিধানিকভাবে রাষ্ট্রক্ষমতা দখলকে রাষ্ট্রদ্রোহ অপরাধ বিবেচনায় নিয়ে সংশ্লিষ্ট ব্যক্তিকে রাষ্ট্রদ্রোহের অপরাধে দোষী করে সর্বোচ্চ শাস্তির বিধানও যুক্ত করা হয়। আগে মেয়াদ শেষ হওয়ার পরবর্তী ৯০ দিনে নির্বাচন করার বিধান থাকলেও ওই সংশোধনীতে পূর্ববর্তী ৯০ দিনের মধ্যে নির্বাচন করার বিষয়টি সংযোজন করা হয়।