বাংলাদেশের যেকোনো বিষয়কে ভারত আন্তরিকতার সঙ্গে বিবেচনা করে
ভারতের বাণিজ্যমন্ত্রী পীযূষ গয়াল বলেছেন, ভারত চায় বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতা বজায় থাকুক এবং এভাবে তারা অর্থনৈতিক অগ্রগতির পথে এগিয়ে যাক। ভারত সফররত আওয়ামী লীগের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে মঙ্গলবার ভারতের বাণিজ্যমন্ত্রী এ মন্তব্য করেন।
বাণিজ্যমন্ত্রী বলেন, বাংলাদেশের পক্ষে গুরুত্বপূর্ণ যেকোনো বিষয়কে ভারত সরকার অত্যন্ত সহানুভূতি ও আন্তরিকতার সঙ্গে বিবেচনা করে। দুই দেশের ঘনিষ্ঠ বন্ধুত্বপূর্ণ সম্পর্কই তার কারণ।
বৈঠকে দক্ষিণ এশিয়ার চলমান রাজনৈতিক পরিস্থিতির প্রসঙ্গ আলোচিত হয়। সেই প্রসঙ্গে পীযূষ গয়াল বলেন, বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতা ভারতের পক্ষে তো বটেই, আঞ্চলিক সুস্থিতি ও শান্তির জন্যও জরুরি। রাজনৈতিক স্থিতিশীলতা ছাড়া আঞ্চলিক অগ্রগতি ও সমৃদ্ধি সম্ভব নয়।
আওয়ামী লীগের এই প্রতিনিধিদল মঙ্গলবার সংসদ ভবনে ভারতের বাণিজ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। ভারতের শাসক দল বিজেপির আমন্ত্রণে আওয়ামী লীগের এই প্রতিনিধিরা চার দিনের সফরে দিল্লি এসেছেন। সোমবার তাঁরা বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার সঙ্গে দেখা করেছিলেন। সাক্ষাৎ করেন পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গেও। বুধবার তাঁরা ঢাকায় ফিরে যাবেন।
প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক। অন্য সদস্যদের মধ্যে রয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং দলের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী, সংসদ সদস্য আরমা দত্ত ও মেরিনা জাহান।
বাণিজ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে চাল রপ্তানিসংক্রান্ত নিষেধাজ্ঞার বিষয়টিও তুলে ধরা হয়। সম্প্রতি বাসমতি ছাড়া অন্যান্য চাল রপ্তানি ভারত বন্ধ করে দিয়েছে। বাংলাদেশের ক্ষেত্রে খাদ্যশস্যের ওপর যাতে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়, সেই অনুরোধ করেন আওয়ামী লীগের প্রতিনিধিরা।
দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার শাবান মাহমুদ এক বিবৃতিতে জানান, ভারতের বাণিজ্যমন্ত্রী এই অনুরোধ বিশেষভাবে বিবেচনা করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন। ভারতের বাণিজ্য মন্ত্রণালয় সূত্রের খবর, চাল রপ্তানি নিয়ে শিগগিরই কেন্দ্রীয় মন্ত্রিসভার এক বৈঠক বসবে। সেখানে বাংলাদেশের অনুরোধ আন্তরিকতার সঙ্গে বিবেচনা করা হবে।
বাংলাদেশের প্রতিনিধিদলকে বাণিজ্যমন্ত্রী বলেছেন, সে দেশ থেকে ভারত অনেক কিছুই আমদানি করে। আমদানিযোগ্য আরও কিছু বিষয় থাকলে তাঁকে যেন সেই তালিকা দেওয়া হয়, যাতে বাংলাদেশের বাণিজ্যঘাটতি কমে। তিনি ইতিবাচকভাবে তা বিবেচনা করবেন।
আওয়ামী লীগের প্রতিনিধিরা মঙ্গলবার সন্ধ্যায় ভারতের জি-২০ সম্মেলনের চিফ কো-অর্ডিনেটর ও বাংলাদেশে নিযুক্ত ভারতের সাবেক হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলার সঙ্গেও দেখা করেন। হাইকমিশনের বিবৃতিতে বলা হয়েছে, সেই বৈঠকেও শ্রিংলা বাংলাদেশের সঙ্গে ভারতের বিশেষ সম্পর্কের উল্লেখ করেছেন। তিনি বলেছেন, ভারতের পররাষ্ট্রনীতির মূল লক্ষ্য ‘অ্যাক্ট ইস্ট’। সেই নীতিতে বাংলাদেশ সবার আগে। সেই কারণেই জি-২০ শীর্ষ সম্মেলনে প্রতিবেশীদের মধ্যে একমাত্র বাংলাদেশের প্রধানমন্ত্রীকেই ভারত আমন্ত্রণ জানিয়েছে।
আওয়ামী লীগের প্রতিনিধিরা মঙ্গলবার ‘যুদ্ধ স্মৃতিসৌধ’ ঘুরে দেখেন।