চবিতে সেই রেজাউলের পক্ষে ফেসবুকে লিখতে বাধ্য করার অভিযোগ, হাতাহাতি
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি রেজাউল হকের পক্ষ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখা–না লেখা নিয়ে দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে দুইটার দিকে বিশ্ববিদ্যালয়ের শাহ আমানত হলে এ ঘটনা ঘটে। নেতাকর্মীরা বলছেন, রেজাউল হকের পক্ষে লেখাতে বাধ্য করায় এ ঘটনা ঘটেছে৷
ছাত্রলীগের একটি সূত্র জানায়, রেজাউল হকের পা টেপানোর ছবি ভাইরাল হওয়ার পর নতুন করে আলোচনায় এসেছেন তিনি৷ ফেসবুকে ও বিভিন্ন সংবাদ মাধ্যমে এসব নিয়ে লেখালেখি হচ্ছে। রেজাউলের অনুসারীদের একটি পক্ষ এসব লেখার পাল্টা জবাব দেওয়ার জন্য নেতাকর্মীদের চাপ দিয়ে আসছিলেন৷ কেউ কেউ রেজাউল হকের পক্ষেও এসব নিয়ে পোস্ট করছেন, আবার কেউ বিরত থাকছেন। সর্বশেষ আজ রাত দেড়টার দিকে ফেসবুকে পোস্ট করা নিয়ে উপ দপ্তর সম্পাদক রমজান হোসেনের সঙ্গে সহসভাপতি শেখ আহমেদ ও আরেক কর্মী নূর উদ্দিন আহমেদের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে।
রমজান হোসেনের অভিযোগ, শেখ আহমেদ ও নূর উদ্দিন জুনিয়র নেতাকর্মীদের রেজাউল হকের পক্ষে পোস্ট করার জন্য বাধ্য করছিলেন। তিনি এর প্রতিবাদ করেছেন।
জানতে চাইলে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের আইন সম্পাদক খালেদ মাসুদ প্রথম আলোকে বলেন, রেজাউল হকের পা টেপানোর ঘটনা নতুন করে আলোচনায় আসার পর থেকে ফেসবুকে ও সংবাদ মাধ্যমে সমালোচনা হচ্ছে। এর পর থেকে রেজাউল তাঁর পক্ষে ফেসবুকে লেখালেখি করার জন্য চাপ দিচ্ছেন। তবে তাঁরা রাজি হননি।
রেজাউল বারবার সবাইকে নির্দেশ দিচ্ছেন লেখালেখি করতে। তাঁর তোষামোদ করেন, তাঁর থেকে নিয়মিত টাকা পয়সা নেন এমন কয়েকজন নেতা রয়েছে। যারা অন্য উপপক্ষ থেকে এসেছে। তাঁরা রেজাউলের পক্ষে ফেসবুকে সাফাই গাওয়ার জন্য সবসময় জুনিয়রদের চাপ দেন।
উপদপ্তর সম্পাদক রমজান হোসেন প্রথম আলোকে বলেন, রেজাউল হকের ওপর এখন আর কারো আস্থা নেই৷ সবাই চান রেজাউল সভাপতি পদে না থাকুক। কিন্তু শেখ আহমেদ ও নূর উদ্দিন জুনিয়রদের রেজাউল হকের পক্ষে লেখালেখি করতে বাধ্য করেন। অনেকের থেকে মুঠোফোন কেড়ে নিয়ে নিজেই পোস্ট করেন। বাধ্য করা পোস্টের আরেকটি প্রমাণ হচ্ছে যতগুলো পোস্ট এখন পর্যন্ত হয়েছে সবই একটা থেকে আরেকটার হুবহু নকল৷
তবে এসব অভিযোগ অস্বীকার করেন সহ-সভাপতি শেখ আহমেদ। তিনি প্রথম আলোকে বলেন, বন্ধুদের মধ্যে একটু ভুলবোঝাবুঝি হয়েছিল। নিজেরা বসে এটি সমাধান করে নেবেন। এ ছাড়া কাউকে তিনি রেজাউলের পক্ষে সামাজিক মাধ্যমে পোস্ট করতে জোর করেননি বলেও দাবি করেন।
জানতে চাইলে রেজাউল হক রাত তিনটায় প্রথম আলোকে দাবি করেন, তাঁর অনুসারীদের মধ্যে এ ধরনের ঘটনা ঘটেনি। তিনি খোঁজ নিয়েছেন। কেউ কিছু বলেনি। আর ফেসবুকে লেখালেখি করতেও তিনি কাউকে জোর করেননি।
উল্লেখ্য, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের রাজনীতি দুটি পক্ষে বিভক্ত৷ একটি পক্ষ শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর, আরেকটি পক্ষ সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীনের অনুসারী হিসাবে নিজেদের পরিচয় দেন। এ দুটি পক্ষের আবার ১১ টি উপপক্ষ রয়েছে। এর মধ্যে বিজয় ও চুজ ফ্রেন্ডস উইথ কেয়ার (সিএফসি) মহিবুল হাসানের ও বাকি ৯ টি নাছির উদ্দীনের বলে পরিচয় দেওয়া হয়৷ রেজাউল হক উপপক্ষ সিএফসির নেতৃত্ব দিতেন। ২০১৯ সালের ১৪ জুলাই তিনি সভাপতির দায়িত্ব পান। তাঁর মেয়াদ ছিল এক বছর।