সুপ্রিম পার্টির প্রার্থীকে মারধরের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মারধর
প্রতীকী ছবি

নারায়ণগঞ্জ-৪ আসনে বাংলাদেশ সুপ্রিম পার্টির প্রার্থী সেলিম আহমেদের প্রচারে হামলার অভিযোগ পাওয়া গেছে। হামলায় প্রার্থীসহ ছয়জন আহত হয়েছেন। গতকাল শুক্রবার সন্ধ্যায় ফতুল্লার কাঠেরপুল এলাকায় এ ঘটনা ঘটে।

হামলার শিকার সেলিম আহমেদ লিবারেল ইসলামিক জোটের শরিক বাংলাদেশ জনদলের (বিজেডি) মহাসচিব। তিনি জোটের শরিক দল সুপ্রিম পার্টির দলীয় প্রতীক ‘একতারা’ নিয়ে নির্বাচনে লড়ছেন। সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান এই আসনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নির্বাচনে আছেন।

সেলিম আহমেদের অভিযোগ, হামলাকারীরা স্থানীয় যুবলীগের নেতা। প্রথম আলোকে সেলিম আহমেদ বলেন, শুক্রবার সন্ধ্যায় তিনি তাঁর অনুসারীদের নিয়ে ফতুল্লার কাঠেরপুল এলাকায় ভোট চেয়ে লিফলেট বিতরণ করছিলেন। এ  সময় স্থানীয় আফজাল মিয়া, তাঁর ছেলে ইমরানসহ ২০-২৫ জনের একটি দল তাঁদের লিফলেট বিতরণে বাধা দেয়। একপর্যায়ে তারা একতারা প্রতীকের লোকজনকে মারধর করে। এ সময় সেলিম আহমেদ এগিয়ে গেলে তাঁকেও মারধর করা হয়।

ঘটনার বিচার দাবি করে সেলিম আহমেদ বলেন, ‘হামলাকারীরা স্থানীয় যুবলীগের কর্মী। আমি পুলিশকে ঘটনা জানিয়েছি। জোটের সঙ্গে আলোচনা করে আইনগত ব্যবস্থার বিষয়ে সিদ্ধান্ত নেব।’

এ বিষয়ে যোগাযোগ করা হলে ফতুল্লা থানা যুবলীগের সাধারণ সম্পাদক ফায়জুল ইসলাম জানান, এমন কোনো ঘটনার বিষয় তাঁর জানা নেই। এ ঘটনায় কারা জড়িত, সে বিষয়ে তিনি নিশ্চিত নন।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আযম বলেন, ‘পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই হামলাকারীরা পালিয়ে যায়। হামলাকারীরা কোনো দলের কর্মী কি না, সে বিষয়ে নিশ্চিত নই। তবে যে দলেরই হোক না কেন, হামলাকারীদের আইনের আওতায় আনা হবে।’

ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জ থানা নিয়ে গঠিত নারায়ণগঞ্জ-৪ আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমানসহ আটজন প্রার্থী নির্বাচন করছেন। এই আসনে জাতীয় পার্টির প্রার্থী শেষ দিনে মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন৷