যে মামলা হচ্ছে, তা সাংবাদিকদের বিরুদ্ধে নয়, অন্যায়ের বিরুদ্ধে: দাবি আইনমন্ত্রীর
প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানের বিরুদ্ধে গতকাল বুধবার মধ্যরাতে ডিজিটাল নিরাপত্তা আইনে হওয়া মামলা এবং প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক (সাভারে কর্মরত) শামসুজ্জামানকে তুলে নিয়ে দীর্ঘ সময় পর গ্রেপ্তার দেখানো নিয়ে সাংবাদিকদের নানা প্রশ্নের জবাব দিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি দাবি করেছেন, যেসব মামলা হচ্ছে, তা সাংবাদিকের বিরুদ্ধে নয়, অন্যায়ের বিরুদ্ধে।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান আজ দুপুরে আইনমন্ত্রী আনিসুল হকের সঙ্গে সচিবালয়ে তাঁর দপ্তরে সাক্ষাৎ করতে এসেছিলেন। সাক্ষাৎ শেষে বেরিয়ে যাওয়ার সময় আইনমন্ত্রীও দপ্তরের বাইরে আসেন। তখন সাংবাদিকেরা প্রশ্ন করলে দুই মন্ত্রী জবাব দেন।
একজন সাংবাদিক আইনমন্ত্রীর কাছে জানতে চান প্রথম আলোর সম্পাদকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। কিন্তু বলা হয়েছিল সাংবাদিকদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হলে সেলে পাঠানো হবে...। তখন আইনমন্ত্রী আনিসুল হক বলেন, ‘এটা ঠিক যে বলা হয়েছিল ডিজিটাল নিরাপত্তা আইনে মামলায় যখন তথ্য দেওয়া হবে, তখন প্রাইমাফেসি কেস নির্ধারণ করার জন্য আগে একটি সেলে পাঠানো হবে এবং সেলের পরীক্ষান্তে মামলা নেওয়া হবে।
কিন্তু গতকাল ডিজিটাল নিরাপত্তা আইনে যে মামলাটি করা হয়েছে, তার যে ক্লিপ, তাতে ডিজিটাল নিরাপত্তা আইনে যে মামলা হয়, তার তথ্য-উপাত্ত ছিল। সে জন্য মামলাটি গ্রহণ করা হয়েছে।’
আইনমন্ত্রী আরও বলেন, ‘যে মামলা করা হয়েছে বা যেটা হচ্ছে, এটা সাংবাদিকদের বিরুদ্ধে নয়, এটা অন্যায়ের বিরুদ্ধে।’ গতকাল বুধবার ভোররাত চারটার দিকে সাভারে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পাশের আমবাগান এলাকায় সাংবাদিক শামসুজ্জামানকে সিআইডির সদস্য পরিচয়ে তুলে নিয়ে আসা হয়।
এরপর ২০ ঘণ্টা ধরে তাঁর কোনো খোঁজ পাওয়া যায়নি। সিআইডির পক্ষ থেকেও কিছু বলা হয়নি। তাঁকে তুলে আনার পর জানা যায়, তাঁর বিরুদ্ধে রাজধানীর তেজগাঁও থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা হয়েছে। এর ২৪ ঘণ্টার মাথায় একই অভিযোগ এনে তাঁর বিরুদ্ধে রমনা থানায় একই আইনে আরেকটি মামলা হয়। দ্বিতীয় মামলায় প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানকেও আসামি করা হয়। তবে পুলিশ দাবি করছে, শামসুজ্জামানকে বুধবার দিবাগত রাতে ঢাকায় অভিযান চালিয়ে কয়েক ঘণ্টা আগে রমনা থানায় করা মামলায় গ্রেপ্তার করা হয়েছে।
আজ সকালে আদালতে পাঠানো পুলিশ প্রতিবেদনে শামসুজ্জামানকে গ্রেপ্তারে এই বর্ণনা দেওয়া হয়। যদিও তুলে নেওয়ার ২০ ঘণ্টা পর বুধবার দিবাগত রাত ১২টা ৩৬ মিনিটে শামসুজ্জামানের মুঠোফোন নম্বর থেকে প্রথম আলোর একজন জ্যেষ্ঠ কর্মীর কাছে কল আসে। ফোনে শামসুজ্জামান বলেন, তাঁকে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের (বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র) সামনে সিআইডি নামিয়ে দিচ্ছে।
এরপর শামসুজ্জামান বলেন, সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আরেকটি দল আছে বলে তাঁর মনে হচ্ছে। কল চালু থাকা অবস্থায় শামসুজ্জামান কাউকে বলছিলেন, ‘ভাই, আমাকে আরেকটু সামনে নামিয়ে দিয়ে আসেন না।’ এরপর তাঁর মুঠোফোন নম্বর থেকে একটি অসম্পূর্ণ খুদে বার্তা আসে।
শামসুজ্জামানের এই কল পাওয়ার ১০ মিনিটের মাথায় প্রথম আলোর দুজন কর্মী সেখানে পৌঁছান। কিন্তু সেখানে শামসুজ্জামানকে পাওয়া যায়নি। তাঁর ফোনে কল করা হলে তা ধরা হয়নি। পরে ফোন বন্ধ পাওয়া যায়।
এই কলের ১০ ঘণ্টা পর পুলিশ আজ সকাল ১০টার পর শামসুজ্জামানকে আদালতে হাজির করে। আদালত তাঁর জামিন আবেদন বাতিল করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।