জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের নতুন ডিনের নিয়োগ হাইকোর্টে স্থগিত

হাইকোর্ট ভবনফাইল ছবি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আইন অনুষদের ডিন পদে অধ্যাপক শহিদুল ইসলামকে নিয়োগ দিয়ে জারি করা অফিস আদেশ স্থগিত ঘোষণা করেছেন হাইকোর্ট। একই সঙ্গে তাঁকে আইন অনুষদের ডিন নিয়োগ করা কেন অবৈধ হবে না, তা জানতে চেয়ে হাইকোর্ট রুল জারি করেছেন।

বৃহস্পতিবার বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মুবিনা আসাফের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার বিভূতি তরফদার। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মাহফুজ বিন ইউসুফ, সহকারী অ্যাটর্নি জেনারেল ইকরামুল কবীর ও ব্যারিস্টার মহিউদ্দিন হানিফ।

গত ২৬ জানুয়ারি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত অফিস আদেশে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন, ২০০৫-এর ২২(৫) ধারা মোতাবেক সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে আইন বিভাগের অধ্যাপক ড. মো. শহিদুল ইসলামকে পরবর্তী দুই বছরের জন্য আইন অনুষদের ডিন হিসেবে নিযুক্ত করা হলো।

এই আদেশ চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন নিয়োগ বাতিল হওয়া আইন অনুষদের ডিন সহযোগী অধ্যাপক খ্রিষ্টীন রিচার্ডসন।

ভারপ্রাপ্ত রেজিস্ট্রার শেখ গিয়াস উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন-২০০৫ অনুসারে আইন অনুষদের ডিন নিয়োগে অসংগতি পাওয়ায় সহযোগী অধ্যাপক খ্রিষ্টীন রিচার্ডসনের নিয়োগটি বাতিল করা হয়েছে। সেই অনুসারে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নতুন ডিন নিয়োগ করেছে। এখন হাইকোর্ট যেহেতু রুল জারি করেছেন, সেটার জবাব বিশ্ববিদ্যালয় দেবে।’