ভূমিসেবা গ্রাহকদের আস্থা অর্জনে কাজ করছে মন্ত্রণালয়: ভূমিসচিব
ভূমিসচিব মো. মোস্তাফিজুর রহমান বলেছেন, ভূমি কর্মকর্তাদের প্রশিক্ষণে গ্রাহকভিত্তিক সেবার ওপর জোর দেওয়া হচ্ছে। এ জন্য প্রশিক্ষণ কার্যক্রম যুগোপযোগী করা হচ্ছে।
ভূমি প্রশাসন প্রশিক্ষণকেন্দ্র আয়োজিত কোর্সগুলোর মডিউল চূড়ান্তকরণবিষয়ক সভায় সভাপতির ভাষণে এ কথা বলেন ভূমিসচিব। আজ বুধবার ভূমি মন্ত্রণালয়ের সভাকক্ষে এ সভা হয়। এ সময় প্রশিক্ষণকেন্দ্রের পরিচালক মো. আরিফ উপস্থিত ছিলেন।
ভূমিসচিব বলেন, ভূমিসেবা গ্রাহকের কথা মাথায় রেখেই ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা সার্ভিস সিস্টেমগুলো ব্যবহারকারীবান্ধব করে তৈরি করা হয়েছে। ই-মেইল কিংবা সামাজিক যোগাযোগমাধ্যম যাঁরা ব্যবহার করতে পারেন, তাঁরা একইভাবে খুব সহজেই ঘরে বসেই ই-নামজারি আবেদন কিংবা জমির ম্যাপ কিংবা খতিয়ানের জন্য আবেদন করতে পারেন এবং অনলাইনে ভূমি উন্নয়ন কর দিতে পারেন। এমনকি এসব সেবা কেবল ১৬১২২-তে ফোন করেও গ্রহণ করা যাচ্ছে। এ ছাড়া একটি নির্দিষ্ট সার্ভিস ফি দিয়ে ইউনিয়ন ডিজিটাল সেন্টারের (ইউডিসি) সহায়তায় অনলাইন ভূমিসেবার জন্য আবেদন করা যাচ্ছে।
ভূমিসচিব মোস্তাফিজুর রহমান বলেন, ‘আমরা কেবল ব্যবস্থাপনা ডিজিটালাইজেশন বা আইনের সংস্কার নয়, আমরা আমাদের সম্মানিত ভূমিসেবা গ্রাহকদের আস্থা অর্জনের জন্য কাজ করছি।’
ভূমিসচিব বলেন, সবার দৈনন্দিন জীবনধারণ, সামাজিক রীতিনীতি ও অর্থনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে ভূমি নিবিড়ভাবে সম্পর্কিত। এ জন্য নাগরিকের ভূমি ব্যবস্থাপনা সম্পর্কে বনিয়াদি ধারণা থাকা দরকার।
সভায় ভূমি মন্ত্রণালয় ও ভূমি প্রশাসন প্রশিক্ষণকেন্দ্রের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ভূমি মন্ত্রণালয়ের আওতাভুক্ত ভূমি প্রশাসন প্রশিক্ষণকেন্দ্র ঢাকার নীলক্ষেতে অবস্থিত। এতে সহকারী কমিশনারসহ (ভূমি) ভূমি মন্ত্রণালয় এবং অন্যান্য মন্ত্রণালয়ের বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তা-কর্মচারী ভূমি প্রশাসন ও ব্যবস্থাপনা বিষয়ে প্রশিক্ষণ নেন।