চট্টগ্রামে পাঁচ দিনব্যাপী আন্তর্জাতিক আলোকচিত্র প্রদর্শনী শুরু

শুক্রবার বিকেল পাঁচটায় প্রদর্শনীর উদ্বোধন করেন নাট্যজন রবিউল হোসেনছবি: প্রথম আলো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের খুলশীতে চিত্রভাষা গ্যালারিতে শুরু হয়েছে পাঁচ দিনের আন্তর্জাতিক আলোকচিত্র প্রদর্শনী। বিস্তার আর্ট কমপ্লেক্স ও চিত্রভাষা গ্যালারির যৌথ উদ্যোগে আয়োজিত এই প্রদর্শনীর শিরোনাম ‘শো আস দ্য ওয়ার্ল্ড’ বা ‘পৃথিবীকে দেখাও’। প্রদর্শনীতে কানাডা, বাংলাদেশসহ ১১টি দেশের ২৭ জন আলোকচিত্রীর মোট ৩০টি ছবি প্রদর্শিত হচ্ছে।

আজ শুক্রবার বিকেল পাঁচটায় প্রদর্শনীর উদ্বোধন করেন নাট্যজন রবিউল আলম। বিশেষ অতিথি ছিলেন আলোকচিত্রী শোয়েব ফারুকী। এবারের প্রদর্শনীর বিষয় ‘শান্তি, মুক্তি ও বন্ধুত্ব’। এ বছরের জুলাই মাসে কানাডায় এই প্রদর্শনী প্রথমবারের মতো দর্শকদের জন্য উন্মুক্ত করা হয়। আন্তর্জাতিক এই আলোকচিত্র প্রদর্শনীর দশম আয়োজনটি শুরু হলো চট্টগ্রামে। প্রদর্শনীতে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করছেন আলোকচিত্রী শোয়েব ফারুকী ও আবীর আবদুল্লাহ।

প্রদর্শনীতে কানাডা, বাংলাদেশসহ ১১টি দেশের ২৭ জন আলোকচিত্রীর ৩০টি ছবি প্রদর্শিত হচ্ছে
ছবি: প্রথম আলো

আজ সন্ধ্যায় চিত্রভাষা গ্যালারিতে গিয়ে দেখা যায়, দেয়ালজুড়ে নানা দেশের আলোকচিত্রীদের ছবি ঝুলছে। দুই প্রবীণ ব্যক্তির অন্তরঙ্গ হাস্যোজ্জ্বল ছবি, ছাতা মাথায় চার নারী কিংবা পারিবারিক নৈশভোজের চিত্রকে বিষয় হিসেবে উপস্থাপন করেছেন আলোকচিত্রীরা। ছবিগুলো বিশ্বব্যাপী ছড়িয়ে থাকা মানুষের প্রাত্যহিক বাস্তবতাকে তুলে ধরেছে। জীবনযাপনের এই স্বাভাবিকতার মধ্যেই যে শান্তি ও স্থিতি নিহিত, তা আরও একবার বোধগম্য হয় দর্শকের কাছে।

প্রদর্শনীর শিরোনাম ‘শো আস দ্য ওয়ার্ল্ড’ বা ‘পৃথিবীকে দেখাও’
ছবি: প্রথম আলো

বিস্তার আর্ট কমপ্লেক্স চট্টগ্রামের পরিচালক আলম খোরশেদ এবং চিত্রভাষা গ্যালারির মাহমুদ আলম সৈকতের সঞ্চালনায় অনুষ্ঠানের উদ্বোধনী পর্বে নাট্যজন রবিউল আলম বলেন, ‘আন্তর্জাতিক ছবির ভাষার সঙ্গে আমাদের সংযোগ দেখে ভালো লাগছে। বিশ্বের ১১টি দেশের ছবির ভাষায় স্বাধীনতা, বন্ধুত্ব এবং শান্তির জায়গায় আমরা এক হতে পেরেছি।’

আলোকচিত্রী শোয়েব ফারুকী বলেন, ‘শান্তি, স্বাধীনতা ও বন্ধুত্ব নিয়ে এর চেয়ে ভালো উদ্যোগ আর হতে পারে না। এ প্রদর্শনীর মাধ্যমে নতুন প্রজন্মের ভাবনার সঙ্গেও দর্শকের যোগাযোগ ঘটবে।’

প্রদর্শনীটি ৬ ডিসেম্বর পর্যন্ত প্রতিদিন বিকেল চারটা থেকে রাত আটটা পর্যন্ত দর্শকদের জন্য উন্মুক্ত থাকবে।