আলুটিলার স্বর্ণবিহন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রঙ্গনগাছে ডানা ছড়ানো অবস্থায় স্বর্ণবিহন প্রজাপতি। খাগড়াছড়ি জেলার আলুটিলা গুহার পাশে
ছবি: লেখক

খাগড়াছড়ির আলুটিলা গুহার অবস্থান মাটিরাঙ্গা উপজেলায়। প্রথমবার গুহা দেখতে যাই ২০১৪ সালের নভেম্বরে। সে সময় গুহার আশপাশটা তেমন একটা আকর্ষণীয় ছিল না। কিন্তু গত এক বছরে দুটি ঝুলন্ত সেতু ও কয়েকটি দৃষ্টিনন্দন বিশ্রামাগার তৈরি করে পুরো গুহা এলাকাটির সৌন্দর্য বৃদ্ধি করা হয়েছে।

তাই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রাণিচিকিৎসা ও প্রাণিসম্পদ বিজ্ঞান অনুষদের চতুর্থ বর্ষের ছাত্রছাত্রীদের ‘দেশ ভ্রমণে’ গিয়ে প্রধান ফটক দিয়ে ভেতরে ঢুকতেই জায়গাটিকে কেমন অচেনা লাগল! বড় ঝুলন্ত সেতুটি পার হয়ে ছোট সেতুটির গোড়ায় তৈরি বিশ্রামাগারে যখন ঢুকলাম, দেখলাম একটি তিলা মুনিয়া খড়ের টুকরা নিয়ে বিশ্রামাগারের চালের নিচে ঢুকছে। বাসা বানাচ্ছে পাখিটি, ডিম-ছানা তুলবে। এখান থেকে পুরো খাগড়াছড়ি শহর দেখা যায়। বেশ লাগছিল, পাহাড় ও নদীপাড়ের ছোট্ট শহরটিকে। বিশ্রামের একপর্যায়ে ছোট্ট পাখি আকৃতির হলুদ-কালো বর্ণের দুটি পতঙ্গকে আলুটিলা গুহার পাশের রঙ্গনগাছগুলোর কাছে ঘুর ঘুর করতে দেখলাম। বেশ দূর থেকে ওদের কিছু উড়ন্ত ছবি তুললাম। কিন্তু ছবি ভালো হলো না।

কিছুক্ষণ পর গুহার কাছাকাছি যেতেই আবারও হলুদ-কালো পতঙ্গটিকে রঙ্গন ফুলের মধু পান করতে দেখলাম। এবার পতঙ্গটি আমার নাগালের মধ্যে। তাই বেশ কাছ থেকে বিভিন্ন অ্যাঙ্গেলে কমবেশি ১২৫টি ছবি তুললাম। প্রায় সব অবস্থানের ছবিই পেলাম—ডানার ওপরের অংশ, নিচের অংশ, উড়ন্ত, কোনোটিই বাদ পড়ল না। ১০ বছর আগে প্রথম ওদের ছবি তুলেছিলাম হবিগঞ্জের সাতছড়ি জাতীয় উদ্যানে। এরপর মৌলভীবাজারের কমলগঞ্জের বিখ্যাত লাউয়াছড়া জাতীয় উদ্যান থেকে। তবে এবারের ছবিগুলোই হয়েছে সব থেকে সুন্দর।

এতক্ষণ যে পতঙ্গটির গল্প বললাম, সেটি হলো এ দেশের এক বিরল ও বিপন্ন প্রজাতির প্রজাপতি স্বর্ণবিহন বা কনকচাঁপা। ইংরেজি নাম গোল্ডেন বার্ডউইং। প্যাপিলিওনিডি গোত্রের প্রজাপতিটির বৈজ্ঞানিক নাম Triodes aeacus। এ দেশের উত্তর–পূর্ব বা সিলেট বিভাগ এবং দক্ষিণ–পূর্ব বা চট্টগ্রাম বিভাগের মিশ্র চিরসবুজ বনের এই বাসিন্দাকে বাংলাদেশ ছাড়া দক্ষিণ ও দক্ষিণ–পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে দেখা যায়। আকারের দিক দিয়ে এটি এ দেশের দ্বিতীয় বৃহত্তম প্রজাপতি।

ডানা বন্ধ করা অবস্থায় স্বর্ণবিহন প্রজাপতি
ছবি: লেখক

স্বর্ণবিহন বড় আকারের প্রজাপতি। এর প্রসারিত ডানা ১১৯-১৮৮ মিলিমিটার। প্রসারিত ডানা বলতে সামনের দুই ডানার দুই প্রান্ত বরাবর কাল্পনিক সরল রেখার দৈর্ঘ্য বোঝানো হয়। প্রথম দেখায় প্রজাপতিটিকে দেশের বৃহত্তম প্রজাপতি বেণুবিহনের (কমন বার্ডউইং) মতোই মনে হবে। কিন্তু ভালোভাবে লক্ষ করলেই বেণুবিহনের সঙ্গে ওর পার্থক্য বোঝা যাবে। পুরুষের সামনের ডানা কালো ও ডানার শিরাগুলো সাদা। পেছনের ডানা উজ্জ্বল হলুদ বা সোনালি। ডানার কিনারায় কোণ আকারের কারুকাজ দেখা যায়। শিরাগুলো কালো। স্ত্রীর সামনের ডানা গাঢ় বাদামি বা কালো। পেছনের ডানা উজ্জ্বল হলুদ, তাতে এক সারি কালো ফুটকি; শিরা ধূসর ও চওড়া। ডানার ওপর ও নিচ একই রকম। মাথা, চোখ, শুঁড় ও পা কালো। পেট হলদে, তাতে এক সারি ছোট কালো ফুটকি থাকে। পিঠ ধূসর, গলা ও বুক লাল। লেজ নেই।

প্রজাপতিটি মিশ্র চিরসবুজ বনের ঘন ও উষ্ণ জঙ্গল এবং উন্মুক্ত জংলা এলাকায় বাস করে। মৃদুভাবে, তবে দীর্ঘ সময় ধরে উড়তে পারে। স্ত্রীগুলো সচরাচর ফুলের নির্যাস পান করে। পুরুষগুলোকে ভেজা বালুর রস চুষতে দেখা যায়।

স্বর্ণবিহনের জীবনচক্র অনেকটা বেণুবিহনের মতো। স্ত্রী ঈশ্বরী, ঈশ্বরমূল, হংসলতা প্রভৃতি পোষক গাছের পাতা বা কাণ্ডের ওপর একটি করে গোলাকার কমলা রঙের ডিম পাড়ে। ছয় দিনে ডিম ফুটে কালো বা খয়েরি-মেরুন মখমলে শূককীট বেরোয়। শূককীট প্রথমে নিজ ডিমের খোসা ও এরপর পোষক গাছের কচি পাতা খেয়ে ১৫ দিনে ৫ বার খোলস পাল্টে সবুজ বা পেঁয়াজ-বাদামি রঙের মূককীটে পরিণত হয়। শক্ত আবরণীর ভেতর ১৯-২০ দিন সুপ্ত অবস্থায় থাকার পর মূককীটের খোলস কেটে নতুন প্রজাপতি বের হয়। জীবনচক্র সম্পন্ন হতে ৪০-৪১ দিন সময় লাগে। প্রাপ্তবয়স্ক প্রজাপতির আয়ুষ্কাল মাত্র ১০-১৫ দিন।