সৌদিতে গরম ও ধোঁয়ায় জ্ঞান হারান দুই বাংলাদেশি, পরিচয় শনাক্ত

সৌদি আরবের বিমানবন্দরগুলোতে হুতিদের হামলাফাইল ছবি: রয়টার্স

সৌদি আরবের পূর্বাঞ্চলের দাম্মাম শহরের কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে গতকাল বুধবার হামলা হয়েছে। এ ঘটনায় অন্তত দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও আটজন। আহত ব্যক্তিদের মধ্যে দুজন বাংলাদেশি। তাঁদের পরিচয় জানিয়েছে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। এ মধ্যে একজনের নাম সজল চন্দ্র দাস ও অন্যজন হলেন মোহাম্মদ আবদুর রহিম।

আজ বৃহস্পতিবার প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২১ অক্টোবর রাত আনুমানিক ৯টায় দাম্মাম কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরকে লক্ষ্য করে এক হামলায় দুই বাংলাদেশি আহত হন। বর্তমানে তাঁরা দাম্মামে সৌদি–জার্মান হাসপাতালে চিকিৎসাধীন। বাংলাদেশ দূতাবাসের প্রতিনিধি হাসপাতালে আহত ব্যক্তিদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। তাঁদের চিকিৎসার বিষয়ে খোঁজখবর নিয়েছেন।

প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় বলছে, আহত দুই বাংলাদেশি গরম ও ধোঁয়ায় জ্ঞান হারিয়ে ফেলেছিলেন। তাঁদের শরীরে গুরুতর আঘাতের চিহ্ন নেই। বর্তমানে তাঁরা সুস্থ আছেন এবং দূতাবাস প্রতিনিধির সঙ্গে কথা বলেছেন। আগামীকাল শুক্রবার তাঁরা হাসপাতাল থেকে ছাড়া পেতে পারেন। তাঁদের একজন হলেন কুমিল্লার বাঙ্গরাবাজার থানার রামচন্দ্রপুর ইউনিয়নের অনুকূল চন্দ্র দাসের ছেলে সজল চন্দ্র দাস। আর আরেকজন হলেন নোয়াখালীর সদর উপজেলার দিনমনিরহাটের সিরাজুল হকের ছেলে মোহাম্মদ আবদুর রহিম।

গতকাল কাতারভিত্তিক চ্যানেল আল–জাজিরায় প্রকাশিত সংবাদে বলা হয়েছে, সাম্প্রতিক সময় রাজধানী রিয়াদসহ সৌদি আরবের বিমানবন্দরগুলোয় একের পর এক হামলা চালানো হচ্ছে। ধারাবাহিক এসব হামলার সর্বশেষ নজির কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরের ঘটনা। রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ১০ অক্টোবরের হামলায় ১২ জন নিহত এবং ৩০০ জনের বেশি আহত হয়েছেন। এর এক দিন পর ১১ অক্টোবর সৌদি আরবের বিমানবন্দরে আরেকটি হামলা করা হয়। সৌদি কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, ওই হামলায় ১ জন নিহত এবং ১১ জন আহত হন।

ইয়েমেনের বড় অংশের নিয়ন্ত্রণ নিজেদের দখলে রাখা নিয়ে ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠী হুতিদের সঙ্গে তুমুল লড়াই চালিয়ে যাচ্ছে দেশটির আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের বাহিনী। লড়াইয়ে হুতিদের বিপক্ষে রয়েছে সৌদি আরবের নেতৃত্বাধীন বহুজাতিক জোট।