সম্প্রচার শেষ ১৭ ফেব্রুয়ারি ২০২৬

মন্ত্রিসভার শপথে থাকবে না এনসিপি: ফেসবুক পোস্ট

০৮: ৪০ , ফেব্রুয়ারি ১৭

মন্ত্রিসভার শপথে থাকবে না এনসিপি: ফেসবুক পোস্ট   

এনসিপির ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে নেওয়া স্ক্রিনশট

মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানে থাকবে না বলে জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আজ মঙ্গলবার বিকেল চারটায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় এই শপথ হবে।

বেলা দেড়টার দিকে নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে এ ঘোষণা দেয় এনসিপি। এর আগে এনসিপির নির্বাচিত ছয় সংসদ সদস্য শপথ নিয়েছে। সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবেো তাঁরা শপথ নিয়েছেন। এই শপথ নেওয়ার আগে সকালে এনসিপির পক্ষ থেকে জানানো হয়, সংবিধান সংস্কার পরিষদে বিএনপি শপথ না নেওয়ায় তাঁরা শপথ না নেওয়ার কথা ভাবছেন। তবে সে সময় চূড়ান্ত কিছু জানায়নি দলটি।

০৩: ৩৮ , ফেব্রুয়ারি ১৭
সংসদ ভবনের সামনে উৎসুক মানুষের ভিড়। আজ মঙ্গলবার সকালে
ছবি: শুভ্র কান্তি দাশ
সংসদ ভবনে ঢুকতে দেখা গেছে ভোলা -১ (সদর) আসনে জয়ী সংসদ সদস্য আন্দালিভ রহমান পার্থকে। আজ মঙ্গলবার সকালে
ছবি: সাজিদ হোসেন
০৩: ৩০ , ফেব্রুয়ারি ১৭

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী সংসদ সদস্যরা শপথ নিচ্ছেন আজ মঙ্গলবার সকালে। সকাল ১০টায় জাতীয় সংসদ ভবনের শপথকক্ষে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ হবে। একই সময়ে সংবিধান সংস্কার পরিষদের সদস্যদের শপথ নেওয়ার কথা রয়েছে।

সংসদ ভবনে ঢুকছেন জয়ী সংসদ সদস্যরা। আজ মঙ্গলবার সকাল ৯টার পরে
ছবি: সাজিদ হোসেন

সকাল ৯টার পর থেকেই নির্বাচিত সংসদ সদস্যদের সংসদ ভবনে ঢুকতে দেখা গেছে। সংসদ ভবনের সামনে উৎসুক মানুষের ভিড় দেখা গেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দায়িত্বপালন করছেন। রয়েছেন গণমাধ্যমকর্মীরা।

০৩: ৪৮ , ফেব্রুয়ারি ১৭

এসেছেন আমীর খসরু, হাফিজউদ্দিন,গয়েশ্বর, ফজলুর, আন্দালিভ, বাবর

সংসদে ঢুকছেন আমীর খসরু মাহমুদ চৌধুরী
ছবি: শুভ্র কান্তি দাশ

সংসদ ভবনে ঢুকতে দেখা গেছে চট্টগ্রাম-১১ আসনে নির্বাচিত বিএনপির সংসদ সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, নেত্রকোনা–৪ আসনে জয়ী সংসদ সদস্য মো. লুৎফুজ্জামান বাবর, ভোলা–৩ আসনে বিএনপির নির্বাচিত সংসদ সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ, ঢাকা–৩ আসন থেকে জয়ী বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায়, কিশোরগঞ্জ–৪ আসনের জয়ী সংসদ সদস্য ফজলুর রহমান। ভোলা -১ (সদর) আসনে জয়ী সংসদ সদস্য আন্দালিভ রহমান পার্থকেও ঢুকতে দেখা গেছে।

০৪: ০৮ , ফেব্রুয়ারি ১৭

শপথ পড়াবেন সিইসি 

শপথ নিতে সংসদে যাচ্ছেন জয়ী সংসদ সদস্যরা। আশপাশে উৎসুক মানুষের ভিড়
ছবি: সাজিদ হোসেন

সংসদ সদস্যদের শপথ পড়াবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। সাধারণত জাতীয় সংসদের স্পিকার এ দায়িত্ব পালন করেন, কিন্তু গণ-অভ্যুত্থান-পরবর্তী পরিস্থিতিতে সংবিধান অনুযায়ী এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পড়ুন
০৪: ১১ , ফেব্রুয়ারি ১৭

অংশ নিচ্ছেন ১২০০ দেশি–বিদেশি অতিথি 

শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রায় ১ হাজার ২০০ জন দেশি ও বিদেশি অতিথি অংশগ্রহণ করার কথা রয়েছে, যার মধ্যে ভারত, পাকিস্তানসহ দক্ষিণ এশিয়ার বিভিন্ন রাষ্ট্রের প্রতিনিধি রয়েছেন।

আরও পড়ুন
০৪: ১৬ , ফেব্রুয়ারি ১৭

রাজধানীর যেসব সড়কে যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে

নবনির্বাচিত সংসদ সদস্য এবং নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান উপলক্ষে রাজধানীর জাতীয় সংসদ ভবন এলাকায় বিশেষ ট্রাফিক নির্দেশনা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। আগামীকাল মঙ্গলবার সকাল ৮টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত যানজট এড়াতে মানিক মিয়া অ্যাভিনিউ ও লেক রোড এড়িয়ে চলতে বলা হয়েছে। বিস্তারিত জানতে পড়ুন

০৪: ২৪ , ফেব্রুয়ারি ১৭

এসেছেন মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু

মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু
ছবি: মোহাম্মদ মুইজ্জুর এক্স

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় এসেছেন মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু। আজ মঙ্গলবার সকাল ৯টা ৩৯ মিনিটে মালদ্বীপের প্রেসিডেন্টের কার্যালয়ের এক্সে দেওয়া পোস্টে এই তথ্য নিশ্চিত করা হয়।

০৪: ৩০ , ফেব্রুয়ারি ১৭

এসেছেন তারেক রহমান, সঙ্গে জুবাইদা ও জাইমা 

জাতীয় সংসদ ভবনে এসেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তাঁর সঙ্গে রয়েছেন স্ত্রী জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান
ছবি: সংগৃহীত

শপথ নিতে জাতীয় সংসদ ভবনে এসেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তাঁর সঙ্গে রয়েছেন স্ত্রী জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান।

০৪: ৩৬ , ফেব্রুয়ারি ১৭

আমরা সংবিধান সংস্কার পরিষদের সদস্য নির্বাচিত হইনি : সালাহউদ্দিন আহমদ 

সালাহউদ্দিন আহমদ
ফাইল ছবি

কক্সবাজার–১ আসনে বিএনপির নির্বাচিত সংসদ সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, আমরা কেউ সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হইনি। জাতীয় সংসদে সাংবিধানিকভাবে গৃহীত হলে এ বিষয়ে পদক্ষেপ নেওয়া যাবে। দলীয় চেয়ারম্যানের পক্ষ থেকে এই সিদ্ধান্ত জানাচ্ছেন বলে জানান সালাহউদ্দিন আহমদ।

০৪: ৪৩ , ফেব্রুয়ারি ১৭

সংসদ সদস্যদের শপথ পড়ালেন সিইসি 

ত্রয়োদশ জাতীয় সংসদের নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়ান সিইসি এ এম এম নাসির উদ্দীন
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদের নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ শেষ হয়েছে। আজ মঙ্গলবার বেলা পৌনে ১১টার কিছু আগে জাতীয় সংসদ ভবনের শপথকক্ষে এই অনুষ্ঠান শুরু হয়।

শপথ অনুষ্ঠানের আগে পবিত্র কোরআন তিলাওয়াত করা হয়। শপথ পড়ান প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন।

সংসদ সদস্যদের শপথ বাক্য সাধারণত জাতীয় সংসদের স্পিকার পড়ান। কিন্তু গণ-অভ্যুত্থান-পরবর্তী পরিস্থিতিতে সংবিধান অনুযায়ী এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জাতীয় সংসদের ৩০০ আসনের মধ্যে ২৯৯টিতে গত বৃহস্পতিবার ভোটগ্রহণ করা হয়। একজন প্রার্থীর মৃত্যুর কারণে শেরপুর-৩ আসনে ভোট গ্রহণ হয়নি। আর দুটি আসনে ফলাফলের গেজেট প্রকাশে আদালতের নিষেধাজ্ঞা রয়েছে।

০৪: ৫০ , ফেব্রুয়ারি ১৭

সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেবে না বিএনপি

সংসদ সদস্য হিসেবে শপথ নিচ্ছে বিএনপি
ছবি: বিএনপির মিডিয়া সেল থেকে

সংসদ সদস্য হিসেবে শপথ নিলেও সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেবেন না বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যরা।

বিএনপির দায়িত্বশীল একটি সূত্র আজ মঙ্গলবার সকালে প্রথম আলোকে এই বিষয়টি নিশ্চিত করেছেন।

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানসহ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী দলটির সংসদ সদস্যরা আজ মঙ্গলবার শপথ নেন। সংসদ ভবনের শপথ কক্ষ, শেরে বাংলা নগর, ঢাকা |
ছবি: বিএনপির মিডিয়া সেলের সৌজন্যে

শপথ গ্রহণের আগে কক্সবাজার–১ আসনে বিএনপির নির্বাচিত সংসদ সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, ‘আমরা কেউ সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হইনি। জাতীয় সংসদে সাংবিধানিকভাবে গৃহীত হলে এ বিষয়ে পদক্ষেপ নেওয়া যাবে।’ দলীয় চেয়ারম্যানের পক্ষ থেকে এই সিদ্ধান্ত জানাচ্ছেন বলে জানান সালাহউদ্দিন।

০৫: ০১ , ফেব্রুয়ারি ১৭

বিএনপি সংবিধান সংস্কার পরিষদে শপথ না নিলে জামায়াত কোনো শপথই নেবে না: তাহের

সংসদ ভবনে ঢুকছেন জামায়াত নেতা সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের
ছবি: প্রথম আলো

বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যরা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ না নিলে জামায়াতে ইসলামীর জয়ী সংসদ সদস্যরা কোনো শপথই নেবেন না।

দলটির নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের আজ মঙ্গলবার সকালে প্রথম আলোকে একথা জানিয়েছেন।

জামায়াত নেতা আব্দুল্লাহ মুহাম্মদ তাহের বলেন, দুপুর ১২টায় তাঁদের নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠানের সময় নির্ধারিত রয়েছে। তাঁরা সেখানে যাবেন। তবে বিএনপি যদি সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেন, জামায়াতের নবনির্বাচিত সংসদ সদস্যরা কোনো শপথই নেবেন না। কারণ তাঁরা মনে করেন, সংস্কারবিহীন সংসদ অর্থহীন।

সংসদ সচিবালয় ত্রয়োদশ জাতীয় সংসদের নব-নির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ ও সংবিধান সংস্কার পরিষদ সদস্যদের শপথ গ্রহণের প্রস্তুতি রেখেছিল। তবে বিএনপি এরই মধ্যে জানিয়েছে, সংসদ সদস্য হিসেবে তাঁরা শপথ নিলেও সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেবেন না।

০৫: ২৬ , ফেব্রুয়ারি ১৭

নতুন মন্ত্রিসভার সদস্যদের জন্য সচিবালয়ে ৪৫ গাড়ি

সচিবালয়ের সামনে নতুন মন্ত্রিসভার সদস্যদের জন্য রাখা গাড়ি
ছবি: প্রথম আলো

নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ হবে আজ মঙ্গলবার বিকেলে। নতুন মন্ত্রিসভার সদস্যদের জন্য সচিবালয়ে সারি সারি গাড়ি প্রস্তুত করে রাখা হয়েছে। মোট ৬৮টি গাড়ি প্রস্তুত আছে। তবে সচিবালয়ে রাখা হয়েছে ৪৫টি গাড়ি।

০৫: ২৬ , ফেব্রুয়ারি ১৭

তারেক রহমান সংসদীয় দলের নেতা নির্বাচিত 

সংসদীয় দলের সভাকক্ষে বৈঠক করেছেন বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যরা। তারেক রহমানকে সংসদীয় দলের নেতা নির্বাচিত করা হয়েছে
ছবি: বিএনপির মিডিয়া সেল

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সংসদীয় দলের নেতা নির্বাচিত হয়েছেন।

আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার পর সংসদীয় দলের সভাকক্ষে বৈঠক করেছেন বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যরা।

ওই বৈঠকে তারেক রহমানকে সংসদীয় দলের নেতা নির্বাচিত করা হয়েছে।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

০৫: ৩৫ , ফেব্রুয়ারি ১৭

সংসদ সদস্য হিসেবে শপথ না নেওয়ার কথা ভাবছে এনসিপি

সংসদ ভবনে ঢুকছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম
ছবি: সাজিদ হোসেন

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে নির্বাচিত সংসদ সদস্যরা শপথ নাও নিতে পারেন৷ বিএনপির জয়ী সংসদ সদস্যরা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ না নেওয়ায় এ কথা ভাবছেন তাঁরা৷ তবে বিষয়টি এখনই চূড়ান্ত কিছু বলছেন না এই সংসদ সদস্যরা৷

আজ মঙ্গলবার দুপুর ১২টায় এনসিপির নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠানের সময় নির্ধারিত রয়েছে৷

সেই অনুষ্ঠানে যাওয়ার উদ্দেশে তাঁদের ছয় সংসদ সদস্য এর মধ্যে জাতীয় সংসদ ভবনের উদ্দেশে রওনা হয়েছেন বলে জানিয়েছেন এনসিপির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন৷ তিনি আরও বলেন, বিএনপির সংসদ সদস্যরা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ না নেওয়ায় এনসিপির ছয় সংসদ সদস্য শপথ নাও নিতে পারেন৷

নারায়ণগঞ্জ-৪ আসন থেকে নির্বাচিত এনসিপির সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিন আজ বেলা ১১টার দিকে প্রথম আলোকে বলেন, বিএনপির সংসদ সদস্যরা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ না নেওয়ায় আমরা শপথ না নেওয়ার কথা ভাবছি৷ তবে এ বিষয়ে এখনই চূড়ান্ত কিছু বলতে চাইছি না৷

০৫: ৫৩ , ফেব্রুয়ারি ১৭

বিএনপির সংসদ সদস্যরা শুল্কমুক্ত গাড়ি ও সরকারি প্লট নেবে না 

বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যরা আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার পর সংসদীয় দলের সভাকক্ষে বৈঠক করেছেন
ছবি: বিএনপির মিডিয়া সেল

বিএনপির সংসদ সদস্যরা কেউ শুল্কমুক্ত গাড়ি ও সরকারি প্লট নেবে না। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার পর সংসদীয় দলের সভাকক্ষে বৈঠক করেছেন বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যরা। সেখানে এ সিদ্ধান্ত হয়েছে।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।

০৬: ২৩ , ফেব্রুয়ারি ১৭

 শপথ নিলেন জামায়াতের সংসদ সদস্যরা 

শপথ নিচ্ছেন জামায়াত ও স্বতন্ত্র সংসদ সদস্যরা
ছবি: সংগৃহীত

সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নবনির্বাচিতরা।আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার কিছু আগে জাতীয় সংসদ ভবনের শপথকক্ষে এই অনুষ্ঠান হয়।

জামায়াতের সঙ্গে শপথ নেন নির্বাচিত স্বতন্ত্র সংসদ সদস্যরা। পৌঁছাতে দেরি হওয়ায় শপথ নেন বিএনপির নির্বাচিত সংসদ সদস্য ইশরাক হোসেন।

শপথের আগে পবিত্র কোরআন তিলাওয়াত করা হয়। শপথ পড়ান প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন।

জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের আজ সকালে প্রথম আলোকে বলেছিলেন, বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যরা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ না নিলে জামায়াতের নির্বাচিতরা কোনো শপথই নেবেন না।

আব্দুল্লাহ মুহাম্মদ তাহের বলেছিলেন, দুপুর ১২টায় জামায়াতের নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠানের সময় নির্ধারিত ছিল। তাঁরা সেখানে যাবেন।

০৬: ২৮ , ফেব্রুয়ারি ১৭

সংবিধান সংস্কার পরিষদে শপথ নিল জামায়াত, চলে গেলেন রুমিন 

সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেন জামায়াতের নির্বাচিত সংসদ সদস্যরা। এ সময় চলে যান ব্রাহ্মণবাড়িয়া–২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা
ছবি: সংগৃহীত

জাতীয় সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার পর সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নিলেন জামায়াতের নির্বাচিত সংসদ সদস্যরা।

আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার কিছু আগে জাতীয় সংসদ ভবনের শপথকক্ষে এই অনুষ্ঠান হয়।

সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেওয়ার সময় চলে যাচ্ছেন ইশরাক হোসেন
ছবি: সংগৃহীত

শপথ পড়ালেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। এ সময় ব্রাহ্মণবাড়িয়া–২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা সেখান থেকে চলে যান। সেখান থেকে চলে যান ঢাকা–৬ আসনের বিএনপির নির্বাচিত সংসদ সদস্য ইশরাক হোসেন।

পৌঁছাতে দেরি হওয়ায় জামায়াত ও স্বতন্ত্র সংসদ সদস্যদের সঙ্গে শপথ নেন বিএনপির নির্বাচিত সংসদ সদস্য ইশরাক হোসেন।

শপথ অনুষ্ঠান পরিচালনা করেন সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলা।

০৬: ৫৩ , ফেব্রুয়ারি ১৭

এনসিপির শপথ অনুষ্ঠান আর কিছুক্ষণ পরে 

সংসদ ভবনে ঢুকছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম
ছবি: সাজিদ হোসেন

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নির্বাচিত সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠান হওয়ার কথা বেলা একটায়। জাতীয় সংসদ সচিবালয় সূত্রে এ খবর জানা গেছে।

এর আগে এনসিপির সূত্র জানায়, নির্বাচিত সংসদ সদস্যরা শপথ নাও নিতে পারেন৷ বিএনপির জয়ী সংসদ সদস্যরা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ না নেওয়ায় এ কথা ভাবছেন তাঁরা৷ তবে বিষয়টি চূড়ান্তভাবে জানায়নি এনসিপি।

জামায়াত দুপুরে জাতীয় সংসদ সদস্য ও সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেয় ।

০৭: ০৭ , ফেব্রুয়ারি ১৭

লাল–সবুজে সেজে এসেছেন তিনি 

শপথ অনুষ্ঠান কেন্দ্র করে জাতীয় সংসদ ভবন এলাকায় লাল–সবুজে সেজে এসেছে একজন
ছবি: শুভ্র কান্তি দাশ
০৭: ২৫ , ফেব্রুয়ারি ১৭

জামায়াতের পর সংসদ সদস্য ও সংবিধান সংস্কার পরিষদে শপথ নিল এনসিপি

সংসদ সদস্য হিসেবে শপথ নিচ্ছে এনসিপি
ছবি: সংগৃহীত

শপথ নিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নবনির্বাচিত সংসদ সদস্যরা। আজ মঙ্গলবার বেলা দেড়টার কিছু আগে জাতীয় সংসদ ভবনের শপথকক্ষে এই অনুষ্ঠান হয়।

শপথের আগে পবিত্র কোরআন তিলাওয়াত করা হয়। এনসিপির সংসদ সদস্যদের শপথবাক্য পড়ান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার পরেই সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেয় এনসিপি।

এর আগে এনসিপির সূত্র জানিয়েছিল, নির্বাচিত সংসদ সদস্যরা শপথ নাও নিতে পারেন৷ বিএনপির জয়ী সংসদ সদস্যরা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ না নেওয়ায় এ কথা ভাবছেন তাঁরা৷ তবে বিষয়টি চূড়ান্তভাবে জানায়নি এনসিপি।

জামায়াত দুপুরে জাতীয় সংসদ সদস্য ও সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেয় ।

শপথ অনুষ্ঠান পরিচালনা করেন সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলা।

০৭: ৪৩ , ফেব্রুয়ারি ১৭

সেই ‘১০ নম্বর জার্সি পরেই’ শপথ নিলেন হাসনাত আবদুল্লাহ 

১০ নম্বর জার্সি পরে শপথ নিতে এসেছেন হাসনাত আবদুল্লাহ
ছবি: সংগৃহীত

জুলাই গণ–অভ্যুত্থানের সময় হাসনাত আবদুল্লাহর পরনের ‘১০ নম্বর জার্সি’ আলোচিত হয়েছিল।

এবার ত্রয়োদশ জাতীয় সংসদের সংসদ সদস্য ও সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেওয়ার সময় সেই একই জার্সি পরে আলোচনায় এলেন তিনি।

বেলা দেড়টার কিছু আগে জাতীয় সংসদ ভবনের শপথকক্ষে সংসদ সদস্য হিসেবে শপথ নেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। তিনি কুমিল্লা-৪ আসন থেকে ১১ দলীয় নির্বাচনী ঐক্য থেকে জয়ী হয়েছেন।

০৮: ২৯ , ফেব্রুয়ারি ১৭

ভারতের লোকসভার স্পিকার ওম বিরলা ঢাকায়, যোগ দেবেন মন্ত্রিসভার শপথে 

মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় এসেছেন ভারতের লোকসভার স্পিকার ওম বিরলা (ডানে)
ছবি: নয়াদিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহর এক্স থেকে

মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় এসেছেন ভারতের লোকসভার স্পিকার ওম বিরলা।

ভারতীয় বিমানবাহিনীর বিশেষ একটি ফ্লাইটে আজ মঙ্গলবার বেলা ১২টা ৪৫ মিনিটে ওম বিরলা ঢাকা পৌঁছান। তাঁকে ঢাকায় স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (দ্বিপক্ষীয় বিষয়াবলি) মো. নজরুল ইসলাম। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন নয়াদিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহ।

ভারতের লোকসভার স্পিকার ওম বিরলার সফরসঙ্গী হয়ে ঢাকায় এসেছেন দেশটির পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি।

০৯: ১৪ , ফেব্রুয়ারি ১৭

শপথে কী বলেন সংসদ সদস্যরা

সংসদ সদস্য হিসেবে শপথ নিচ্ছে বিএনপি। আজ মঙ্গলবার সকালে
ছবি: বিএনপির মিডিয়া সেল থেকে

শপথ নেওয়ার সময় সংসদ সদস্যরা শপথবাক্য পড়েন। তাঁরা বলেন, ‘আমি (যার যার নাম) সংসদ-সদস্য নির্বাচিত হইয়া সশ্রদ্ধচিত্তে শপথ (বা দৃঢ়ভাবে ঘোষণা) করিতেছি যে, আমি যে কর্তব্যভার গ্রহণ করিতে যাইতেছি, তাহা আইন-অনুযায়ী ও বিশ্বস্ততার সহিত পালন করিব; আমি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব; এবং সংসদ-সদস্যরূপে আমার কর্তব্য পালনকে ব্যক্তিগত প্রভাবিত হইতে দিব না।’

০৯: ৩৫ , ফেব্রুয়ারি ১৭

ধানের শীষে সেজে এসেছেন একজন  

মন্ত্রিসভার শপথগ্রহণ কেন্দ্র করে জাতীয় সংসদ ভবন এলাকায় বিএনপির নেতা–কর্মীদের ভিড়। ধানের শীষের সাজে সেজে এসেছেন একজন। আজ মঙ্গলবার দুপুরে
ছবি: দীপু মালাকার
০৯: ৪৮ , ফেব্রুয়ারি ১৭

বিজয়ী দলকে আমি সবসময় অভিনন্দন জানাই: রুমিন ফারহানা 

রুমিন ফারহানা
ছবি: প্রথম আলো

ব্রাহ্মণবাড়িয়া–২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা বলেছেন, ‘নিশ্চয়ই বিজয়ী দলকে আমি সবসময় অভিনন্দন জানাই।’ নির্বাচনের লড়াইটা কঠিন ছিল বলেন তিনি। 

আজ মঙ্গলবার জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে ত্রয়োদশ জাতীয় সংসদের সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার পর সাংবাদিকদের এ কথা বলেন রুমিন। তবে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেননি তিনি। 

রুমিন ফারহানা বলেন, ‘আগের তিনটি নির্বাচনে বিএনপির উপস্থিতি ছিল না। এই নির্বাচনে আওয়ামী লীগের উপস্থিতি নাই। সেই দিক থেকে দেখতে গেলে, দেশের মিনিমাম ৩০ শতাংশ মানুষের রিপ্রেজেন্টেশন (প্রতিনিধিত্ব) নাই। আমি আসলে খুব বেশি পার্থক্য দেখতে পাচ্ছি না।’

রুমিন ফারহানা আরও বলেন, ‘ মিনিমাম ৩০ শতাংশ মানুষের রিপ্রেজেন্টেশন (প্রতিনিধিত্ব) এ সংসদে নাই, সেটাও আমাদের মাথায় রেখে সংসদটাতে বসতে হবে।’

নির্বাচনে নারীদের প্রতিনিধিত্ব কম কেন জানতে চাইলে রুমিন ফারহানা বলেন, বড় বড় দলকে এ বিষয়ে জিজ্ঞেস করা উচিত। 

০৯: ৫৮ , ফেব্রুয়ারি ১৭

মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় ভুটানের প্রধানমন্ত্রী

ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগেকে বিমানবন্দরে স্বাগত জানান পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন
ছবি: পররাষ্ট্র মন্ত্রণালয়

নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় এসেছেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগে। ভুটানের প্রধানমন্ত্রীকে বিমানবন্দরে স্বাগত জানান পররাস্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।

একই অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় এসেছেন পাকিস্তানের পরিকল্পনামন্ত্রী আহসান ইকবাল চৌধুরী ও নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালা নন্দা শর্মা।