ভাড়ায় চালিত নয় শর্তে অ্যাম্বুলেন্সের রেজিস্ট্রেশন কেন বেআইনি নয়: হাইকোর্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অ্যাম্বুলেন্স
প্রথম আলো ফাইল ছবি

ভাড়ায় চালিত নয়, এমন শর্তে রোগী বহনকারী বেসরকারি অ্যাম্বুলেন্সের রেজিস্ট্রেশন দেওয়া কেন মোটরযানের বাণিজ্যিক ব্যবহারসংক্রান্ত বিধানের পরিপন্থী ও আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল দিয়েছেন হাইকোর্ট।

এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে আজ সোমবার বিচারপতি মো. খসরুজ্জামান ও বিচারপতি শাহেদ নূরউদ্দিনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল দেন। একই সঙ্গে ভাড়ায় চলাচলের সময় বেসরকারি অ্যাম্বুলেন্সকে জরিমানা না করতে কেন নির্দেশ দেওয়া হবে না, এ বিষয়েও রুলে জানতে চাওয়া হয়েছে।

২০১৮ সালের সড়ক পরিবহন আইনের মোটরযানের বাণিজ্যিক ব্যবহারসংক্রান্ত ৩১ ধারার বিধান বাস্তবায়নে নিষ্ক্রিয়তা চ্যালেঞ্জ করে শরিফুল আলম নামের একজন অ্যাম্বুলেন্সমালিক গত সপ্তাহে রিটটি করেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী এস এস আরেফিন জুন্নুন। রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সমরেন্দ্র নাথ বিশ্বাস।

পরে আইনজীবী এস এস আরেফিন জুন্নুন প্রথম আলোকে বলেন, ‘সড়ক পরিবহন আইনের ২৮ ধারায় আছে, ভাড়ায় চলাচলের জন্য রুট পারমিট লাগবে। তবে কোন কোন যানের ক্ষেত্রে রুট পারমিট লাগবে না, সে বিষয়ে ৩০ ধারায় বলা আছে। এর মধ্যে অ্যাম্বুলেন্স সার্ভিস রয়েছে। ৩১ ধারায় আছে, রুট পারমিট প্রযোজ্য নয়, এমন যানের বাণিজ্যিক ব্যবহারের জন্য কর্তৃপক্ষ অনুমতি দিতে পারবে। এ ধারাতেই বাণিজ্যিক কার্যক্রম বলতে ব্যক্তিগত মোটরযান নির্ধারিত শর্তে ভাড়ায় চালনোর কথা বলা রয়েছে। অথচ বিআরটিএ কর্তৃপক্ষ এই বিধান বাস্তবায়ন না করে বেসরকারি অ্যাম্বুলেন্সকে ভাড়ায় চালানো যাবে না, এমন শর্তে রেজিস্ট্রেশন দিয়ে আসছে। এটি আইনের ৩১ ধারার সঙ্গে সাংঘর্ষিক। যে কারণে, ৩১ ধারার বাস্তবায়নে নিষ্ক্রিয়তা চ্যালেঞ্জ করে রিটটি করা হলে আদালত ওই রুল দেন।’

আইনসচিব, স্বরাষ্ট্রসচিব, সড়ক পরিবহনসচিব, স্বাস্থ্যসচিব, সমাজকল্যাণসচিব, পুলিশের মহাপরিদর্শক, বিআরটিএর চেয়ারম্যানসহ ১১ বিবাদীকে চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে বলে জানান এই আইনজীবী।