শিক্ষাপ্রতিষ্ঠানের পাশেই মশার প্রজননস্থল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিদ্যালয়ের সীমানা প্রাচীর ঘেঁষে ফুটপাতে দীর্ঘদিন ধরে পড়ে আছে শরবত বিক্রি করার ভ্যান। সেখানে জমে থাকা পানিতে ভাসছে মশার লার্ভা। এতে ঝুঁকিতে রয়েছে পাশে থাকা স্কুলের শিক্ষার্থীসহ পথচারীরা। চট্টগ্রাম নগরের অপর্ণাচরণ সিটি করপোরেশন বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ
ছবি: জুয়েল শীল

ডেঙ্গু প্রতিরোধে চট্টগ্রাম সিটি করপোরেশনের তোড়জোড় চললেও নিজেদের প্রতিষ্ঠান ও এর আশপাশের এলাকা নিয়ে নজর কম বলে অভিযোগ উঠেছে। নিয়মিত পরিষ্কার না করা এবং ওষুধ না ছিটানোর কারণে এগুলো হয়ে উঠেছে মশার প্রজননস্থলে। বুধবার নগরের আমতলে অর্পণাচরণ সিটি করপোরেশন বালিকা উচ্চবিদ্যালয় ও কলেজের পাশের নালায় মশার লার্ভা দেখা গেছে।

শিক্ষাপ্রতিষ্ঠানের পাশে উন্মুক্ত নালায় এভাবে মশার প্রজননস্থলে পরিণত হওয়ায় অভিভাবকদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। তাঁরা সন্তানদের সুস্থতা নিয়ে চিন্তায় আছেন। এই বিদ্যালয়ে প্রাথমিক, মাধ্যমিক ও কলেজ পর্যায়ে প্রায় চার হাজার ছাত্রী আছে। নগরের নন্দনকানন এলাকায় শিক্ষাপ্রতিষ্ঠানটি অবস্থিত।

এর আগে গত সোমবার সিটি করপোরেশনের সবচেয়ে ঝুঁকিপূর্ণ ওয়ার্ড মোহরায় খোদ ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ কাজী নুরুল আমিনের বাড়ির প্রাঙ্গণে মশার প্রজননস্থল পাওয়া যায়। যদিও কোনো অভিযান পরিচালনা করা হয়নি সেখানে।

বুধবার বিকেলে সরেজমিনে দেখা যায়, বিদ্যালয়ের প্রবেশ ফটকের পাশের নালায় ময়লা-আবর্জনা জমে আছে। পানির প্রবাহ তেমন নেই। এর মধ্যে সেখানে ভেসে বেড়াচ্ছে মশা ও মশার লার্ভা। তা পরিষ্কারে কোনো উদ্যোগ নেই।

শিক্ষাপ্রতিষ্ঠানের ঠিক পাশেই এমন অবস্থায় চরম ক্ষুব্ধ বিদ্যালয় শাখার এক ছাত্রীর অভিভাবক সোহেল রানা। তিনি প্রথম আলোকে বলেন, সারা দেশে ডেঙ্গুর পরিস্থিতি খারাপ। প্রতিদিনই শত শত মানুষ আক্রান্ত হচ্ছেন। শিশুরাও আক্রান্ত হচ্ছে। এ রকম পরিস্থিতিতে বিদ্যালয়ের পাশের নালা অপরিচ্ছন্ন অবস্থায় ফেলে রাখা হয়েছে। যেখানে হাজার হাজার লার্ভা। এই অবস্থায় একজন অভিভাবক হিসেবে কী যে দুশ্চিন্তায় আছেন তা বলার মতো নয়। ক্লাস করার সময় মেয়েকে মশা কামড়ায়।

এই অভিভাবক সিটি করপোরেশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে বলেন, নগরের মশা মারার দায়িত্ব সিটি করপোরেশনের। সেখানে সিটি করপোরেশনের শিক্ষাপ্রতিষ্ঠানের যদি এই হাল হয়, নগরের অন্য এলাকার কী অবস্থা, তা সহজেই বোঝা যায়।

তবে নালাতে মশা জন্মালেও তাতে খুব একটা ঝুঁকি নেই বলে মনে করছেন শিক্ষাপ্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জারিকা বেগম। তিনি দাবি করেন, শিক্ষাপ্রতিষ্ঠানের অভ্যন্তর পরিষ্কার-পরিচ্ছন্ন। বাইরের নালায় মশা থাকলেও তাতে ছাত্রীদের তেমন কোনো ক্ষতি হবে না।

সিটি করপোরেশনের উপপ্রধান পরিচ্ছন্নতা কর্মকর্তা মোরশেদুল আলম প্রথম আলোকে বলেন, অপর্ণাচরণ সিটি করপোরেশন বালিকা উচ্চবিদ্যালয় ও কলেজের পাশের নালা যে অপরিচ্ছন্ন, তা তাঁদের কেউ অবহিত করেননি। তারপরও তাঁরা খোঁজ নিয়ে পরিষ্কারের ব্যবস্থা নেবেন।

লার্ভা পাওয়ায় জরিমানা

সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালত বুধবার নগরের দক্ষিণ খুলশী এলাকায় অভিযান চালিয়ে ১২ ভবনমালিককে ৯২ হাজার টাকা জরিমানা করেছেন। ভবনগুলোতে মশার লার্ভা পাওয়ায় এই জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন সিটি করপোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রেজাউল করিম বলেন, খুলশী ভিআইপি আবাসিক এলাকার মতো অভিজাত এলাকায়ও অসচেতনতার কারণে জমে থাকা পানিতে মশার প্রজনন হচ্ছে। এমনকি কয়েকজন চিকিৎসকের বাড়ি ও স্বনামধন্য প্রতিষ্ঠানের ভবনেও জমে থাকা পানিতে লার্ভা পাওয়া গেছে। নাগরিকদের সচেতনতা ছাড়া ডেঙ্গু নির্মূল সম্ভব নয়। এ ধরনের অভিযান চলমান থাকবে বলে জানান তিনি।