নবীন শিক্ষার্থীদের আবাসনব্যবস্থা নিশ্চিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে স্মারকলিপি

নবীন শিক্ষার্থীদের আবাসনব্যবস্থা নিশ্চিত করার দুই দফা দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খানের কাছে স্মারকলিপি দেন বিভিন্ন হল সংসদের নেতারা। উপাচার্যের কার্যালয়, আজ রোববার দুপুরেছবি: প্রথম আলো

২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের আবাসন নিশ্চিতের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়াজ আহমেদ খানের কাছে স্মারকলিপি দিয়েছেন বিভিন্ন হল সংসদের নেতারা।

আজ রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কার্যালয়ে গিয়ে তাঁরা দুই দফা দাবিসংবলিত এই স্মারকলিপি জমা দেন।

স্মারকলিপি দেওয়ার সময় শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের সহসভাপতি (ভিপি) আহসান হাবীব ইমরোজ, বিজয় একাত্তর হল সংসদের সাধারণ সম্পাদক (জিএস) আশিক বিল্লাহ, ফজলুল হক মুসলিম হল সংসদের জিএস মোহাম্মদ ইমামুল হাসান, স্যার এ এফ রহমান হল সংসদের সহসাধারণ সম্পাদক (এজিএস) আবদুল্লাহ আল জুবায়ের, শহীদ সার্জেন্ট জহুরুল হক হল সংসদের এজিএস ফারহাজ বিন নূর নিশানসহ আরও কয়েকজন উপস্থিত ছিলেন।

তাঁদের দুই দফা দাবি হলো ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের ক্লাস শুরুর আগেই সুনির্দিষ্ট ও স্বচ্ছ নীতিমালার ভিত্তিতে হলে আসন বরাদ্দ নিশ্চিত করতে হবে। যেসব শিক্ষার্থী আর্থিকভাবে অস্বচ্ছল ও জরুরি ভিত্তিতে আসন প্রাপ্য হওয়া সত্ত্বেও সংকটের কারণে বঞ্চিত হবেন, তাঁদের জন্য আবাসন ফি দিতে হবে।

স্মারকলিপি দেওয়া শেষে উপাচার্যের কার্যালয়ের সামনে সংবাদ সম্মেলনে বিজয় একাত্তর হল সংসদের জিএস আশিক বিল্লাহ বলেন, ‘এখন পর্যন্ত আমরা প্রশাসনকে উদ্যোগী হয়ে নতুন শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের আসন বণ্টনের ব্যবস্থা কেমন হবে, তা ডেভেলপ (উন্নয়ন) করতে দেখিনি। এই জায়গাগুলোয় সিস্টেমেটিক বা নীতিগত কোনো উন্নতি আমরা দেখিনি।’

আশিক বিল্লাহ জানান, এ বিষয়ে উপাচার্য খুব জরুরি ভিত্তিতে প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির বৈঠক ডাকবেন বলেও আশ্বাস দিয়েছেন।

শহীদ সার্জেন্ট জহুরুল হক হল সংসদের ভিপি আহসান হাবীব ইমরোজ বলেন, ‘উপাচার্য স্যার আমাদের সর্বোচ্চ সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছেন।’