হাইকোর্ট বিভাগের বিচারপতি মামনুন রহমান পদত্যাগপত্র দিয়েছেন
সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মামনুন রহমান ব্যক্তিগত কারণ দেখিয়ে রাষ্ট্রপতি বরাবর পদত্যাগপত্র দিয়েছেন। পদত্যাগপত্রটি সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল কার্যালয়ে আজ সোমবার পৌঁছে দেওয়া হয়। দেশের বাইরে অবস্থানরত এই বিচারপতির পদত্যাগপত্রটি ই-মেইলের মাধ্যমে রেজিস্ট্রার জেনারেলের কাছে পাঠানো হয়। সংশ্লিষ্ট একাধিক সূত্রে এ তথ্য জানা গেছে।
বিচারপতি মামনুন রহমান পদত্যাগপত্র দিয়েছেন কি না, জানতে চাইলে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী প্রথম আলোকে বলেন, ‘ইয়েস।’
সুপ্রিম কোর্টের ওয়েবসাইটের তথ্য অনুসারে, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি (সম্মান) ও এলএলএম ডিগ্রি অর্জনের পর ১৯৮৯ সালে জেলা আদালতের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন মামনুন রহমান। ১৯৯০ সালে হাইকোর্ট বিভাগের এবং ২০০১ সালে আপিল বিভাগের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন তিনি। ২০০৪ সালের ২৩ আগস্ট হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগ পান মামনুন রহমান। ২০০৬ সালের ২৩ আগস্ট হাইকোর্ট বিভাগের স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ পান তিনি।
সংশ্লিষ্ট একাধিক সূত্র জানায়, অসুস্থতার কারণে গত বছরের ৩ মার্চ থেকে ছুটিতে যান বিচারপতি মামনুন রহমান। এর ধারাবাহিকতায় গত বছরের জুলাইয়ের ২০ তারিখ পর্যন্ত ছুটি মঞ্জুর হয়। পরবর্তী সময়ে ছুটির মেয়াদ বাড়াতে আবেদন দেন তিনি। তবে ছুটির মেয়াদ বাড়েনি।