ব্রাহ্মণবাড়িয়ায় নতুন ডিসি হাবিবুর রহমান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ায় নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন কিশোরগঞ্জ জেলার স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোহাম্মদ হাবিবুর রহমান। এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রস্তাবে সম্মতি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

অন্যদিকে ব্রাহ্মণবাড়িয়ার বর্তমান ডিসি মো. শাহগীর আলমকে স্থানীয় সরকার বিভাগে উপসচিব হিসেবে বদলির প্রস্তাবেও অনুমোদন দিয়েছে ইসি। রোববার এ অনুমোদন দেওয়া হয়।

একই দিনে ব্রাহ্মণবাড়িয়ার ডিসি, বরিশাল ও সিলেট মহানগরের পুলিশের কমিশনার এবং হবিগঞ্জ, পিরোজপুর, নোয়াখালী, সাতক্ষীরা ও মেহেরপুরের পুলিশ সুপারকে (এসপি) তাঁদের নিজ নিজ কর্মস্থল থেকে প্রত্যাহারের সিদ্ধান্তের কথা জানায় ইসি। একই সঙ্গে তাঁদের জায়গায় অভিজ্ঞ ও যোগ্য কর্মকর্তাদের পদায়নের প্রস্তাব ইসিতে পাঠানোর জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিবদের চিঠি দেয় ইসি। এ ছাড়া মানিকগঞ্জ সদর, সিংগাইর ও গাজীপুরের শ্রীপুর থানার ওসিকে জেলার বাইরে বদলির নির্দেশ দিয়েছে ইসি।

তারও আগে ইসির নির্দেশনা অনুযায়ী, দুই দফায় ২০৫ জন উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) জেলায় বদলি করা হয়েছে। এ ছাড়া দেশের ৩৩৮ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকেও (ওসি) বদলি করা হয়েছে।

আরও পড়ুন