ভৌগোলিক অবস্থানের কারণে বাংলাদেশ বিশ্বের অন্যতম ঘূর্ণিঝড়প্রবণ এলাকা। বঙ্গোপসাগরে প্রতিবছর সাত–আটবার নিম্নচাপ তৈরি হয়। এর মধ্যে কোনোটি শেষ পর্যন্ত ঘূর্ণিঝড়ে রূপ নেয়। এই ঘূর্ণিঝড় বেশির ভাগ ক্ষেত্রে ভারতের ওডিশা ও অন্ধ্র উপকূল এবং বাংলাদেশে আঘাত হানে।
আবহাওয়ার চক্রে ঘূর্ণিঝড় সৃষ্টির প্রবণতা কোনো কোনো দশকে হঠাৎ করে বেড়ে যেতে পারে। ১০ বছর ধরে বাংলাদেশে প্রায় প্রতিবছর একটি করে ঘূর্ণিঝড় আঘাত করছে। এর আগে আশি ও নব্বইয়ের দশকে দেখা গেছে, প্রতি তিন–চার বছরে একটি করে ঘূর্ণিঝড় আঘাত হানত।
২০০৭ সালে ঘূর্ণিঝড় সিডরের পর ২০০৯ সালে ঘূর্ণিঝড় আইলা বাংলাদেশে আঘাত করে। এরপর ২০১৫ থেকে ২০২২ সাল পর্যন্ত আমরা দেখলাম প্রতিবছর এক বা একাধিক ঘূর্ণিঝড় আঘাত হানছে।
এই পরিস্থিতি দেখে অনেকের মনে হতে পারে, বঙ্গোপসাগরের আবহাওয়া ও জলবায়ুতে এমন কোনো পরিবর্তন ঘটে গেল কি না, যাতে ঘূর্ণিঝড় বেড়ে গেছে। কিন্তু আমরা আরেকটু পেছনের দিকে তাকালেও একই চিত্র দেখতে পাব। ১৯৬০–এর দশকজুড়ে প্রায় প্রতিবছর একাধিক ঘূর্ণিঝড় বাংলাদেশে আঘাত করেছে। ১৯৬১ সালের এপ্রিল মাসেই দুটি ঘূর্ণিঝড় বাংলাদেশে আঘাত করে।
বৈশ্বিক আবহাওয়ার ধরন, ভারত মহাসাগর এবং বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় সৃষ্টির ক্ষমতা এবং বায়ুপ্রবাহসহ আবহাওয়াগত নানা বিষয় একত্র হয়ে একটি ঘূর্ণিঝড় সৃষ্টি হয়। এই প্রভাবকগুলো কোনো কোনো দশকে প্রবল হয়ে উঠে ঘূর্ণিঝড় বাড়িয়ে দিতে পারে বা এটা অনেক ক্ষেত্রে স্থায়ী রূপ নিতে পারে। অর্থাৎ এমনো হতে পারে, বাংলাদেশে এখন থেকে প্রায় প্রতিবছর একটি বা একাধিক ঘূর্ণিঝড় আঘাত হানবে। ফলে আমাদেরকে এ ধরনের দুর্যোগের জন্য প্রস্তুত থাকতে হবে। আবহাওয়ার পূর্বাভাস–ব্যবস্থাকে সাধারণ মানুষের কাছে সহজভাবে এবং বোধগম্য করে পৌঁছানোর ব্যবস্থা করতে হবে।
ঘূর্ণিঝড় সিত্রাং যে এলাকাটিতে আঘাত এনেছে অর্থাৎ বরিশাল, নোয়াখালী ও চট্টগ্রাম উপকূলে গত তিন দশকে খুব কম ঘূর্ণিঝড় আঘাত করেছে। যেমন ওই অঞ্চলে সর্বশেষ ১৯৮৫ ও ১৯৯১ সালে ঘূর্ণিঝড় আঘাত করে। এর পরের সব কটি ঘূর্ণিঝড় কিন্তু দেশের দক্ষিণ–পশ্চিম উপকূলে আঘাত হেনেছে। ঘূর্ণিঝড়ের মতো বড় দুর্যোগ মোকাবিলা করার মতো প্রাকৃতিক রক্ষাকবচ এই অঞ্চলে বেশি। আবার এই উপকূলে সুন্দরবন আছে। ঘূর্ণিঝড় সুন্দরবনে বাধা পায়। ফলে বাতাসের গতি ও জলোচ্ছ্বাসের উচ্চতা কমে আসে। সিডর ও আইলার পরে যে কটি ঘূর্ণিঝড় এই অঞ্চলে আঘাত করেছে, তাতে ক্ষয়ক্ষতি তুলনামূলকভাবে কম হয়েছে।
কিন্তু বরিশাল, নোয়াখালী ও সন্দ্বীপ উপকূল এবং মেঘনার মোহনায় সুন্দরবনের মতো বড় বনভূমি নেই। আবার সেখানকার নদীগুলো অনেক বড়। ফলে জলোচ্ছ্বাস দ্রুত বসতি এলাকা প্লাবিত করে। যে কারণে এ এলাকার ঘূর্ণিঝড় আঘাত হানলে ক্ষয়ক্ষতি বেশি হয়। ১৯৯১ সালের ঘূর্ণিঝড়ে চট্টগ্রাম ও কক্সবাজার এলাকায় আমরা ব্যাপক ক্ষয়ক্ষতি দেখেছি।
ফলে দেশের এই অঞ্চলকেও ঘূর্ণিঝড় মোকাবিলার জন্য আরও বেশি করে প্রস্তুত করতে হবে। বেড়িবাঁধগুলো সিডর ও আইলায় ক্ষতিগ্রস্ত হওয়ার পর তা এখনো পরিপূর্ণভাবে মেরামত করা হয়নি। অনেক এলাকা এবং দ্বীপে বেড়িবাঁধও নেই। ফলে চট্টগ্রাম ও বরিশাল অঞ্চলে ঘূর্ণিঝড় আঘাত করলে এমনিতেই ক্ষয়ক্ষতি বেশি হবে। এমন পরিস্থিতিতে দেশের সব উপকূলীয় এলাকাকে এখন থেকেই প্রতিবছর ঘূর্ণিঝড় মোকাবিলা করতে হতে পারে। এ জন্য প্রয়োজনীয় প্রস্তুতি থাকতে হবে সরকারের।
সমরেন্দ্র কর্মকার, সাবেক পরিচালক, আবহাওয়া অধিদপ্তর