চট্টগ্রামে পুলিশ-জামায়াত সংঘর্ষ: পাঁচ শতাধিক ব্যক্তিকে আসামি করে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামে জামায়াতকর্মীদের হামলায় আহত পুলিশ কর্মকর্তাকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। গতকাল বিকেল ৩টায় চট্টগ্রাম নগরের দামপাড়া পুলিশ লাইন হাসপাতালে
ফাইল ছবি: প্রথম আলো

চট্টগ্রামে পুলিশের সঙ্গে জামায়াতে ইসলামীর নেতা-কর্মীদের সংঘর্ষের ঘটনায় পাঁচ শতাধিক ব্যক্তিকে আসামি করে মামলা করা হয়েছে। আজ শনিবার বিকেলে চট্টগ্রাম নগর পুলিশের উপকমিশনার (পশ্চিম) মো. জসিম উদ্দিন মামলার বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেন।

পুলিশের এই কর্মকর্তা বলেন, পুলিশের ওপর হামলার ঘটনায় ৪২ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা আরও চার-পাঁচ শ জনকে আসামি করে মামলা হয়েছে। মামলায় কাদের নাম উল্লেখ করা হয়েছে, জানতে চাইলে তিনি বলেন, তদন্তের স্বার্থে নাম-পরিচয় এখনই প্রকাশ করা যাচ্ছে না। বিস্তারিত তথ্য তদন্ত শেষে জানানো হবে।

গতকাল শুক্রবার নগরের চৌমুহনী এলাকায় পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায় জামায়াত। এতে এক পুলিশ কর্মকর্তা আহত হন। এ সময় ঘটনাস্থল থেকে জামায়াত-শিবিরের ২১ কর্মীকে আটক করা হয়। পরিচয় যাচাইয়ের পর ১৬ জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, এদিন জামায়াতের নগর শাখার নেতা-কর্মীরা জুমার নামাজের পর নগরের আগ্রাবাদ বাদামতলী মোড় থেকে মিছিল বের করেন। মিছিলটি চৌমুহনী মোড়ে পৌঁছালে বাধা দেয় পুলিশ। তখন মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়। এ সময় জামায়াত ও তাদের ছাত্রসংগঠন ইসলামী ছাত্রশিবিরের ২০-২৫ জন নেতা-কর্মী পুলিশের একটি গাড়ি সামনে পেয়ে তাতে হামলা চালায়। ওই গাড়ির ভেতরে পুলিশের ডবলমুরিং জোনের সহকারী কমিশনার মুকুর চাকমা ছিলেন। তিনি গাড়ি থেকে বের হলে তাঁকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন জামায়াত-শিবিরের কর্মীরা। এতে তিনি মাথায় আঘাত পান। তাঁর মাথায় সাতটি সেলাই দিতে হয়েছে।

আজ সন্ধ্যা ছয়টার দিকে মামলার তদন্ত কর্মকর্তা ডবলমুরিং থানার উপপরিদর্শক মহিম উদ্দিন প্রথম আলোকে বলেন, ১৬ জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে তদন্ত চলছে।

এদিকে নেতা-কর্মীদের গ্রেপ্তারের বিষয়টি নিয়ে প্রতিবাদ ও নিন্দা জানিয়ে আজ সকালে সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে জামায়াতের চট্টগ্রাম নগর শাখা। নগর শাখার প্রচার সম্পাদক এ এইচ এম কামাল সাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, সমাবেশ শেষে গন্তব্যে ফেরার সময় পুলিশ অতর্কিত আক্রমণ করে। এতে চারজন জামায়াত কর্মী আহত হয়। এ ছাড়া অনেক নেতা-কর্মীকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়। যা গণতান্ত্রিক অধিকারের ওপর সরাসরি হস্তক্ষেপ।

আরও পড়ুন