চট্টগ্রামে ডেঙ্গুতে দুজনের মৃত্যু

ডেঙ্গু রোগের বাহক এডিস মশা
ফাইল ছবি: রয়টার্স

চট্টগ্রামে সর্বশেষ ২৪ ঘণ্টায় (গতকাল শনিবার সকাল ৮টা থেকে আজ রোববার সকাল ৮টা) ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু হয়েছে। এ সময় ৭৪ জন নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। আজ সিভিল সার্জন কার্যালয় থেকে পাঠানো প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

ডেঙ্গুতে মারা যাওয়া দুজন হলেন মো.আলমগীর (৩০) ও মো. আবদুল মান্নান (৪৫)। দুজনই নগরের পটিয়ার বাসিন্দা। এর মধ্যে মো. আলমগীর একটি বেসরকারি ব্যাংকে কর্মরত ছিলেন।

চট্টগ্রামের সিভিল সার্জন মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী বলেন, সর্বশেষ দুজনকে নিয়ে চট্টগ্রামে চলতি বছরে ডেঙ্গুতে ১৬ জনের মৃত্যু হয়েছে। বর্তমানে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ৩৫৬ জন। তবে সরকারি হিসাবের বাইরেও ডেঙ্গুতে আক্রান্ত ও মৃত্যুর ঘটনা থাকতে পারে।

চট্টগ্রামে চলতি বছর জুনে ডেঙ্গুতে আক্রান্ত হন ৩১৮ জন। মারা যান ছয়জন। এ ছাড়া জুলাই মাসে এখন পর্যন্ত আটজনের মৃত্যু হয়েছে। গত বছর চট্টগ্রামে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন ৫ হাজার ৪৪৫ জন। মারা যান ৪১ জন।