তারেক রহমানকে বিভিন্ন দেশের নেতাদের অভিনন্দন, একসঙ্গে কাজ করার প্রত্যাশা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ বিজয়ে দলের চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন, ভারত, পাকিস্তানসহ বিভিন্ন দেশ। এসব দেশের পক্ষ থেকে ভবিষ্যতে একসঙ্গে কাজ করার প্রত্যাশা জানানো হয়েছে।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্ক রুবিও গতকাল শুক্রবার এক্সে এক পোস্টে তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন।
তিনি লিখেছেন, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও এর নেতা তারেক রহমান এবং বাংলাদেশের জনগণকে অভিনন্দন। ওই অঞ্চলের সমৃদ্ধি ও নিরাপত্তা এগিয়ে নিতে নবনির্বাচিত সরকারের সঙ্গে কাজ করার অপেক্ষায় রয়েছে যুক্তরাষ্ট্র।’ এর আগে গতকাল সকালে ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসন এক্সে এক বার্তায় নির্বাচনে ঐতিহাসিক বিজয়ের জন্য বিএনপি ও তারেক রহমানকে শুভেচ্ছা জানান। একটি সফল নির্বাচন আয়োজনের জন্য বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানিয়ে মার্কিন রাষ্ট্রদূত বলেন, ‘আমাদের দুই দেশের সমৃদ্ধি ও নিরাপত্তার অভিন্ন লক্ষ্য বাস্তবায়নে আপনাদের সঙ্গে কাজ করার জন্য যুক্তরাষ্ট্র আগ্রহী।’
নির্বাচনে বিজয় অর্জনের জন্য তারেক রহমান ও বিএনপিকে অভিনন্দন জানিয়ে ঢাকায় যুক্তরাজ্যের হাইকমিশনের এক বার্তায় বলা হয়, একটি নতুন অধ্যায়ে প্রবেশের জন্য বাংলাদেশের জনগণকেও অভিনন্দন। একসঙ্গে কাজ করার আগ্রহ জানিয়ে ওই বার্তায় বলা হয়, ‘আমাদের অভিন্ন অগ্রাধিকার: অর্থনৈতিক প্রবৃদ্ধি, অভিবাসন, জলবায়ু ও নিরাপত্তা নিয়ে একসঙ্গে কাজ করার জন্য আমরা অপেক্ষায় আছি।’
ঢাকায় চীনের দূতাবাসও গতকাল দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের বরাত দিয়ে নির্বাচনে বিজয়ী হওয়ায় বিএনপিকে অভিনন্দন জানায়। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, চীন লক্ষ করেছে যে বাংলাদেশে নির্বাচন স্থিতিশীল ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। বাংলাদেশের ঐতিহ্যবাহী বন্ধু ও প্রতিবেশী হিসেবে চীন বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক এজেন্ডা এগিয়ে নিতে সমর্থন জানায়। সেই সঙ্গে দীর্ঘদিনের বন্ধুত্বকে এগিয়ে নেওয়া, উচ্চমানের অঞ্চল ও পথের উদ্যোগসহ বিভিন্ন ক্ষেত্রে বাস্তবভিত্তিক সহযোগিতা গভীরতর করতে এবং চীন-বাংলাদেশ সামগ্রিক কৌশলগত সহযোগিতামূলক অংশীদারত্বকে আরও শক্তিশালী করতে বাংলাদেশের সঙ্গে কাজ করতে প্রস্তুত রয়েছে চীন।
এই তিন দেশ ছাড়াও গতকাল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি ও প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম, শ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনূঢ়া কুমারা দিশানায়েকে, মালদ্বীপের প্রেসিডেন্ট মোহামেদ মুইজ্জু, নেপালের প্রধানমন্ত্রী সুশীলা কারকি, ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে নির্বাচনে বিজয়ের জন্য তারেক রহমান ও বিএনপিকে অভিনন্দন জানান।
মোদির ফোন
গতকাল সকালে নিজের এক্স হ্যান্ডল আর ফেসবুক পেজে পোস্ট করা বার্তায় তারেক রহমানকে অভিনন্দন জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভারত একটি গণতান্ত্রিক, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের প্রতি সমর্থন অব্যাহত রাখবে বলে পোস্টে উল্লেখ করেন তিনি। পরে দুপুরে নরেন্দ্র মোদি ফোন করেন তারেক রহমানকে।
এ বিষয়ে তিনি এক্সে লিখেছেন, ‘তারেক রহমানের সঙ্গে কথা বলতে পেরে আনন্দিত। বাংলাদেশের নির্বাচনে তাঁর উল্লেখযোগ্য বিজয়ের জন্য আমি তাঁকে অভিনন্দন জানিয়েছি। বাংলাদেশের জনগণের প্রত্যাশা পূরণে তাঁর প্রচেষ্টার জন্য আমি শুভকামনা ও সমর্থন জানিয়েছি।’
পাকিস্তানের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর অভিনন্দন
নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করায় বিএনপি ও দলটির চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি ও প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।
বিবিসির খবরে জানানো হয়, আসিফ আলী জারদারি বলেছেন, পাকিস্তান বাংলাদেশের গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে সমর্থন করে এবং বাণিজ্য, প্রতিরক্ষা ও সাংস্কৃতিক বিনিময় জোরদার করতে নতুন সরকারের সঙ্গে কাজ করার প্রত্যাশা রাখে। পাকিস্তানের প্রেসিডেন্ট আশা প্রকাশ করেন, ঢাকার নতুন রাজনৈতিক পরিবেশ এ অঞ্চলজুড়ে আরও ‘ভারসাম্যপূর্ণ, স্বাধীন ও পারস্পরিক শ্রদ্ধাভিত্তিক সম্পৃক্ততা’ গড়ে তুলতে সহায়ক হবে।
বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, নির্বাচনে বিজয় নিশ্চিত করায় বিএনপি ও তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। বাংলাদেশের জনগণকেও অভিনন্দন জানিয়েছেন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে শাহবাজ শরিফ লেখেন, ‘বাংলাদেশের সংসদ নির্বাচনে বড় ধরনের বিজয় অর্জন করায় আমি তারেক রহমানকে অভিনন্দন জানাচ্ছি। নির্বাচন সফল করায় বাংলাদেশের জনগণকেও অভিনন্দন জানাই।’
শাহবাজ আরও লেখেন, ‘আমি বাংলাদেশের নতুন নেতৃত্বের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে চাই, যেন আমাদের ঐতিহাসিক দ্বিপক্ষীয় সম্পর্ক আরও দৃঢ় হয় এবং দক্ষিণ এশিয়া ও এর বাইরে শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়নের ক্ষেত্রে আমাদের অভিন্ন লক্ষ্য এগিয়ে নেওয়া যায়।’
পরে রাতে তারেক রহমানকে ফোন করে অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। দুই দেশের নেতৃত্বের একসঙ্গে কাজ করারও প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি। পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইং থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
ফোনালাপে সফলভাবে জাতীয় নির্বাচন সম্পন্ন করায় বাংলাদেশের জনগণকেও অভিনন্দন জানান শাহবাজ শরিফ। তিনি বলেন, এই নির্বাচনের মাধ্যমে জাতির লালিত গণতান্ত্রিক চেতনা ও মূল্যবোধ প্রতিফলিত হয়েছে।
পাকিস্তান ও বাংলাদেশের মধ্যকার ঐতিহাসিক ও ভ্রাতৃপ্রতিম সম্পর্কের কথা স্মরণ করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। উভয় দেশের সার্বভৌম সমতার প্রতি পূর্ণ শ্রদ্ধা রেখে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট সব ক্ষেত্রে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদার এবং আঞ্চলিক শান্তি ও অগ্রগতিতে দুই দেশের নেতৃত্বের একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
সম্পর্কে নতুন গতি দিতে আগ্রহী মালয়েশিয়া
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম তাঁর এক্স হ্যান্ডলে পোস্ট করা এক বার্তায় তারেক রহমান ও বিএনপিকে অভিনন্দন জানিয়েছেন। পাশাপাশি নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক উত্তরণে ভূমিকা রাখার জন্য অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।
আনোয়ার ইব্রাহিম লিখেছেন, ‘তারেক রহমান ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে তাদের নিরঙ্কুশ বিজয়ের জন্য আমি আন্তরিক অভিনন্দন জানাই। এটি গণতন্ত্রের এক বিজয়—অসামান্য চ্যালেঞ্জিং সময় অতিক্রম করে বাংলাদেশের জনগণ ব্যালট বাক্সে তাঁদের মতামত স্পষ্টভাবে ব্যক্ত করেছেন।’
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী লিখেছেন, ‘রূপান্তরের গুরুত্বপূর্ণ এই পর্বে প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন এবং গণতান্ত্রিক প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন নিশ্চিত করার জন্য আমার প্রিয় বন্ধু ড. মুহাম্মদ ইউনূসের প্রতিও আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি।’
মালয়েশিয়া বাংলাদেশের নতুন নেতৃত্বের সঙ্গে কাজ করে দ্বিপক্ষীয় সম্পর্ককে নতুন গতি দিতে আগ্রহী বলে উল্লেখ করেন আনোয়ার ইব্রাহিম। তিনি বলেন, ‘আমি মালয়েশিয়ার জনগণের পক্ষ থেকে বাংলাদেশের জনগণের প্রতি আন্তরিক শুভেচ্ছা জানাই।’
অংশীদারত্ব বিকাশের আশাবাদ মালদ্বীপের
মালদ্বীপের প্রেসিডেন্ট মোহামেদ মুইজ্জু তাঁর এক্স হ্যান্ডলে লিখেছেন, ‘বাংলাদেশে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের উল্লেখযোগ্য বিজয়ের জন্য তারেক রহমানকে অভিনন্দন। আমি আন্তরিক শুভেচ্ছা জানাই। মালদ্বীপ ও বাংলাদেশের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্ব ও সহযোগিতাকে আরও এগিয়ে নেওয়া ও গভীরতর করতে ঘনিষ্ঠভাবে একসঙ্গে কাজ করার প্রত্যাশা করছি।’
ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী নেপাল
নেপালের প্রধানমন্ত্রী সুশীলা কারকি তাঁর অভিনন্দন বার্তায় বলেন, ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সফল আয়োজনের জন্য বাংলাদেশ সরকার ও জনগণকে আন্তরিক অভিনন্দন!
‘নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে অসাধারণ বিজয়ে নেতৃত্ব দেওয়ার জন্য আমি তারেক রহমানকে আন্তরিক অভিনন্দন জানাই। আমাদের প্রতিবেশীসুলভ সম্পর্ক জোরদার করতে এবং পারস্পরিক স্বার্থের ক্ষেত্রে সহযোগিতা সুসংহত করতে আপনার সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার জন্য আমি উন্মুখ হয়ে আছি।’
বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোরদারের প্রত্যাশা ভুটানের
ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে তাঁর এক্স হ্যান্ডলারে লিখেছেন, ‘বাংলাদেশের সাধারণ নির্বাচনে বিজয় অর্জনের জন্য তারেক রহমান ও বিএনপিকে আন্তরিক অভিনন্দন। এই বিপুল জনসমর্থন আপনার নেতৃত্বের প্রতি বাংলাদেশের জনগণের আস্থার প্রতিফলন। আমি ভুটান ও বাংলাদেশের মধ্যে উষ্ণ বন্ধুত্ব আরও জোরদার করার প্রত্যাশা করছি।’
আগামী বছরগুলোয় ভুটান ও বাংলাদেশের অংশীদারত্বের আরও বিকশিত হবে বলে নিজের আত্মবিশ্বাসের কথা উল্লেখ করেছেন শেরিং তোবগে।
তারেক রহমানের প্রতি আস্থার প্রতীক
শ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনূঢ়া কুমারা দিশানায়েকে তাঁর এক্স হ্যান্ডলারে লিখেছেন, ‘গণতন্ত্রের প্রতি আস্থা পুনর্ব্যক্ত করার জন্য বাংলাদেশের জনগণের প্রতি শুভকামনা। নির্বাচনে বিএনপির বিজয়ে নেতৃত্ব দেওয়ার জন্য তারেক রহমানকে অভিনন্দন। এই বিজয় তারেক রহমানের প্রতি আস্থার প্রতিফলন’।
ভবিষ্যতে দুই দেশের সম্পর্ক জোরদার করতে নিজের আগ্রহের কথা উল্লেখ করেছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট।