ইঞ্জিনচালিত নৌকায় পরিবহন করা যাবে কাঁকড়া: হাইকোর্ট
সুন্দরবনের সংক্ষরিত ও সুরক্ষিত এলাকার বাইরে ইঞ্জিনচালিত নৌকা বা ট্রলারে করে এখন কাঁকড়া পরিবহন করার সুযোগ তৈরি হয়েছে। তবে এসব নৌকা বা ট্রলার সুন্দরবনের অভ্যন্তরে প্রবেশের সময় স্থানীয় স্টেশন অফিস কর্তৃপক্ষ তা কঠোরভাবে পরীক্ষা করে প্রবেশের অনুমতি দেবে।
‘মো. জাহান আলী গাজী এবং অন্যান্য বনাম বাংলাদেশ সরকার গং’ নামে এক মামলার রায়ে এমন নির্দেশনা এসেছে। বিচারপতি এম ইনায়েতুর রহিম (বর্তমানে আপিল বিভাগের বিচারপতি) ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গত বছরের ১৬ সেপ্টেম্বর ওই রায় দেন। অভিমত, নির্দেশনাসহ জাহান আলীসহ আটজনের করা রিট নিষ্পত্তি করে ওই রায় দেওয়া হয়।
কয়েক দফা নির্দেশনা, অভিমতসহ ১৪ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায়ের কপি আজ সোমবার হাতে পেয়েছেন বলে জানান রিট আবেদনকারীদের আইনজীবী আইনজীবী আল ফয়সাল সিদ্দিকী। তিনি প্রথম আলোকে বলেন, রায়ের ফলে সংরক্ষিত বনাঞ্চলের বাইরে ইঞ্জিনচালিত নৌকা দিয়ে কাঁকড়া পরিবহনে আর বাধা নেই।
রায়ে বলা হয়, কোনো অবস্থাতেই সুন্দরবনের অভ্যন্তরে সংরক্ষিত ও সুরক্ষিত এলাকার খালের ভেতরে কোনো ইঞ্জিনচালিত নৌকা বা ট্রলার চলাচল করা যাবে না। এ জন্য বন বিভাগসহ সুন্দরবনের অভ্যন্তরে চলাচলকারী আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীকে আরও তৎপর হতে হবে।
রায়ে আরও বলা হয়, রিট আবেদনকারীসহ কাঁকড়া জেলেরা নির্দিষ্ট মেয়াদের জন্য সুন্দরবনের সংশ্লিষ্ট স্টেশন অফিসে নির্দিষ্ট পরিমাণ রাজস্ব দিয়ে পাস সংগ্রহ করে কেবল বৈঠাচালিত নৌকা এবং দোন দড়ির মাধ্যমে নির্দিষ্ট ওজনের কাঁকড়া আহরণ করতে পারবেন। পাস নিয়ে কাঁকড়া আহরণের জন্য সুন্দরবনের অভ্যন্তরে প্রবেশের সময় বন বিভাগের স্টেশন অফিস থেকে কঠোরভাবে সংশ্লিষ্ট নৌকা ও নৌকার লোকদের পরীক্ষা করতে হবে। যাতে কোনো প্রকার ‘চারু’ (কাঁকড়া ধরার জন্য বাঁশের শলা দিয়ে নির্মিত চাঁই, যা স্থানীয়ভাবে চারু নামে পরিচিত) এবং ‘বিষ’ কিংবা অন্য কোনো বেআইনি জিনিস বনের অভ্যন্তরে প্রবেশ করাতে না পারে। এ ক্ষেত্রে দিনের বেলায় তাঁদের নৌকা পরীক্ষা করে সুন্দরবনে প্রবেশের অনুমতি দেওয়া সমীচীন হবে।
রিট আবেদনকারীদের আইনজীবী জানান, জাহান আলীসহ রিট আবেদনকারীরা খুলনা বন বিভাগের স্টেশন অফিস থেকে অনুমতিপত্র নিয়ে কাঁকড়া সংগ্রহ করে জীবিকা নির্বাহ করে আসছিলেন। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সংরক্ষিত বনের বাইরে থেকে ইঞ্জিনচালিত নৌকার মাধ্যমে মাছ পরিবহনের অনুমতি দিলেও কাঁকড়া পরিবহনের জন্য অনুমতি না দেওয়ায় সাধারণ নৌকা করে দীর্ঘ সময় ধরে পরিবহনের ফলে খুলনায় বাজারজাতকরণের আগেই কাঁকড়াগুলো মারা যায়—যে কারণে রিটটি করা হয়।
রায়ের ভাষ্য, সুন্দরবনের অভ্যন্তরে প্রবাহিত নদী–খাল থেকে মাছ আহরণ করে তা জেলেপল্লি দুবলায় নিয়ে যাওয়া হয়। সেখান থেকে সেই মাছ সংগ্রহ করে ইঞ্জিনচালিত নৌকা বা ট্রলারে করে বাজারজাতকরণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি আছে।
একইভাবে কাঁকড়া আহরণ করে তা দুবলা জেলেপল্লিসহ সুন্দরবনের অভ্যন্তরে অন্য যেকোনো স্বীকৃত স্থানে নেওয়া যাবে। সেখান থেকে ইঞ্জিনচালিত নৌকা বা ট্রলারে করে এসব কাঁকড়া পরিবহনের অনুমতি দিতে হবে। সে ক্ষেত্রে একটি নির্দিষ্ট সময়ের জন্য অনুমতিপ্রাপ্ত ইঞ্জিনচালিত নৌকা বা ট্রলারকে সুনির্দিষ্ট স্থানে অবস্থান করতে হবে।
এসব ইঞ্জিনচালিত নৌকা বা ট্রলার সুন্দরবনের অভ্যন্তরে প্রবেশের সময় স্থানীয় স্টেশন অফিস কর্তৃপক্ষ তা কঠোরভাবে পরীক্ষা করে প্রবেশের অনুমতি দেবে।