বিমানবন্দরের নিরাপত্তা বাড়াতে স্বরাষ্ট্রমন্ত্রীকে আহ্বায়ক করে কমিটি, সুপারিশ দুই মাসে

ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরফাইল ছবি

দেশের বিমানবন্দরগুলোর নিরাপত্তাব্যবস্থার উন্নয়নে সুপারিশ করতে আট সদস্যের একটি কমিটি গঠন করেছে সরকার। কমিটিকে আগামী দুই মাসের মধ্যে সুপারিশ দিতে বলা হয়েছে। আজ বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এক প্রজ্ঞাপনে কমিটি গঠনের কথা জানানো হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, কমিটির আহ্বায়ক করা হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে। কমিটির সদস্য হিসেবে রয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী, মন্ত্রিপরিষদ সচিব, বিমানবাহিনীপ্রধান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব ও পুলিশ মহাপরিদর্শক (আইজিপি)।

কমিটির কার্যপরিধিতে বলা হয়েছে, বিমানবন্দরগুলোর নিরাপত্তাব্যবস্থার উন্নয়নে আগামী দুই মাসের মধ্যে সুপারিশ প্রণয়ন করতে হবে। কমিটি প্রয়োজনে সদস্য অন্তর্ভুক্ত করতে পারবে। প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় কমিটিকে সাচিবিক সহায়তা দেবে। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

দেশের বিমানবন্দরগুলো অত্যন্ত স্পর্শকাতর একটি স্থান। প্রতিদিন হাজার হাজার দেশি-বিদেশি মানুষ যাতায়াত করেন বিমানবন্দর দিয়ে। ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গত এক বছরের ব্যবধানে দুবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। একটি দেশের বিমানবন্দরের যেকোনো ঘটনা-দুর্ঘটনা আন্তর্জাতিকভাবে প্রচার পায়। এ রকম একটি স্থানে আগুন লাগার ঘটনায় সেখানকার অগ্নিনির্বাপণ ব্যবস্থাসহ সার্বিক নিরাপত্তাব্যবস্থাকে প্রশ্নের মুখে ফেলে।

গত বছর ১৮ অক্টোবর ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে (পণ্য রাখার স্থান) আগুনে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। ওই ঘটনায় গঠিত তদন্ত প্রতিবেদনে বলা হয়, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে (পণ্য রাখার স্থান) অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছিল বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে। দেশের বিমানবন্দরগুলোর নিরাপত্তাব্যবস্থার উন্নয়নে কী করণীয়, এ কমিটি সে সুপারিশ করবে।