সুব্রত বাইনের মেয়ে খাদিজাকে নতুন মামলায় গ্রেপ্তার দেখানো হলো

ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টছবি: প্রথম আলো

রাজধানীর ভাটারা থানায় করা জুলাই গণ–অভ্যুত্থানকালের একটি হত্যাচেষ্টা মামলায় তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের মেয়ে খাদিজা ইয়াসমিন ওরফে বিথীকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন আদালত।

মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে আজ বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলাম এই আদেশ দেন।

গত ১৭ মার্চ খাদিজাকে এই মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) হাসানুজ্জামান। শুনানি নিয়ে আজ আদেশ দেন আদালত।

আরও পড়ুন

মামলার নথি থেকে জানা যায়, ২০২৪ সালের ১৯ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ভাটারার নতুনবাজার এলাকায় আন্দোলনে অংশ নেন মো. সজিব খান। আন্দোলনকারীদের ওপর হামলার ঘটনা ঘটে। এতে তিনি আহত হন।

এই ঘটনায় ভাটারা থানায় হত্যাচেষ্টার মামলা হয়। এই মামলায় খাদিজাকে গ্রেপ্তার দেখানোর আবেদনে তদন্ত কর্মকর্তা বলেন, ঘটনার সময় ঘটনাস্থলে এই আসামি উপস্থিত ছিলেন। হামলায় জড়িত ব্যক্তিদের সঙ্গে তাঁকে উসকানিমূলক কথা বলতে দেখা গেছে—এমন তথ্য-প্রমাণ তদন্তে পাওয়া গেছে। তাই এই মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে রাখার আবেদন জানানো হয়।

আরও পড়ুন

গত বছরের ১৫ ডিসেম্বর খাদিজাকে কুমিল্লা থেকে আটক করে র‍্যাব। পরে তাঁকে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়। পরে তাঁকে রাজধানীর হাতিরঝিল থানায় করা যুবদল নেতা আরিফ সিকদার হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে একাধিক দফায় রিমান্ডে নেওয়া হয়। রিমান্ড শেষে তাঁকে কারাগারে পাঠানো হয়।

অন্যদিকে ২০২৫ সালের মে মাসে কুষ্টিয়া থেকে সুব্রত বাইন ওরফে ফতেহ আলী ও তাঁর ঘনিষ্ঠ সহযোগী মোল্লা মাসুদ ওরফে আবু রাসেল মাসুদকে গ্রেপ্তার করে যৌথ বাহিনী।

আরও পড়ুন