মাইক্রোবাসচাপায় স্কুল ছাত্রী নিহত: চালকের দুই বছরের কারাদণ্ড

ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতফাইল ছবি: প্রথম আলো

রাজধানীর উত্তরায় সাত বছর আগে মাইক্রোবাসচাপায় স্কুলছাত্রী ফাইজা তাহসিনা সূচি (১০) নিহত হওয়ার ঘটনায় চালক মো. ফারুক মোল্লাকে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিলরুবা আফরোজ তিথি এই রায় ঘোষণা করেন।

কারাদণ্ডের পাশাপাশি আসামিকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। রায় ঘোষণার পর সাজা পরোয়ানা দিয়ে আসামিকে কারাগারে পাঠানো হয়।

মামলার বিবরণ অনুযায়ী, ২০১৯ সালের ৫ ফেব্রুয়ারি সকালে উত্তরা ১৮ নম্বর সেক্টর এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের পঞ্চম শ্রেণির ছাত্রী ফাইজাকে একটি মাইক্রোবাস ধাক্কা দেয়। প্রত্যক্ষদর্শীরা জানান, ধাক্কা দেওয়ার পর চালক গাড়ি থামিয়ে পুনরায় ফাইজার ওপর দিয়ে চালিয়ে দেন। স্থানীয় লোকজন গাড়িটি আটক করে ফাইজাকে উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় পরের দিন তুরাগ থানায় মামলা করেন ফাইজার বাবা ফাইজুল ইসলাম।

রায়ে অসন্তোষ প্রকাশ করে ফাইজার বাবা ফাইজুল ইসলাম বলেন, ‘দীর্ঘ সাত বছর পর রায় পেলাম। সড়ক পরিবহন আইনে সাজার এই পরিমাণ অপর্যাপ্ত। আমরা এই রায়ে সন্তুষ্ট নই। আইনটি যুগোপযোগী নয় ও অত্যন্ত দুর্বল।’