জুলাই হত্যাকাণ্ডের বিচার ও আহতদের পুনর্বাসন চাইলেন সাংবাদিক নেতারা
জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত হত্যাকাণ্ডের বিচার, জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং আহত ব্যক্তিদের পুনর্বাসনের দাবি জানিয়েছেন সাংবাদিক নেতারা। আজ বুধবার জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) আয়োজিত এক সমাবেশ থেকে এ দাবি জানানো হয়।
‘আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র-জনতার বিজয়ের দ্বিতীয় বর্ষপূর্তি’ উপলক্ষে এ সমাবেশের আয়োজন করা হয়। এর আগে একটি ‘বিজয় র্যালি’ বের করা হয়। র্যালিটি জাতীয় প্রেসক্লাব থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার প্রেসক্লাব প্রাঙ্গণে এসে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বিএফইউজের মহাসচিব কাদের গনি চৌধুরী বলেন, ‘ছাত্র-জনতার ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্য দিয়ে স্বৈরাচারী শাসনের পতন হয়েছে। এই আন্দোলনে অসংখ্য শিক্ষার্থী, শিশু ও সাধারণ মানুষ নিহত এবং অনেকে আহত হয়েছেন। তাঁদের আত্মত্যাগ জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।’
আন্দোলনের সময় নির্বিচারে প্রাণঘাতী হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান কাদের গনি চৌধুরী। একই সঙ্গে গণতন্ত্র, মতপ্রকাশের স্বাধীনতা ও জনগণের অধিকার রক্ষায় সাংবাদিকদের ঐক্যবদ্ধ ও সোচ্চার থাকার আহ্বান জানান তিনি।
সমাবেশে ডিইউজের সভাপতি মো. শহিদুল ইসলাম বলেন, গণ-অভ্যুত্থানে শহীদ ছাত্র-জনতা ও সাংবাদিকদের আত্মত্যাগের যথাযথ মূল্যায়নের জন্য দোষী ব্যক্তিদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা প্রয়োজন।
কর্মসূচিতে বিএফইউজে ও ডিইউজের নেতাদের মধ্যে নেতৃত্ব দেন বিএফইউজের সভাপতি ওবায়দুর রহমান শাহীন, ডিইউজের সাধারণ সম্পাদক খুরশীদ আলম, যুগ্ম সাধারণ সম্পাদক দিদারুল আলম দিদার ও সাংগঠনিক সম্পাদক সাঈদ খান।
এ ছাড়া সমাবেশে উপস্থিত ছিলেন বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক কামাল উদ্দিন সবুজ, তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ, জাতীয় প্রেসক্লাবের সভাপতি হাসান হাফিজ এবং বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল বাছির।
সংহতি জানিয়ে কর্মসূচিতে আরও অংশ নেন বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি এ কে এম মহসীন, বিএফইউজের সহসভাপতি খাইরুল বাশার, প্রচার সম্পাদক সাজান সাজু, দপ্তর সম্পাদক আবু বকর, ডিইউজের নির্বাহী সদস্য তালুকদার রুমি, ফখরুল ইসলাম, রাজু আহমেদ এবং এইচ এম আলামিন, জাতীয় প্রেসক্লাবের নির্বাহী সদস্য শাহনাজ বেগম পলি, সাংবাদিক নেত্রী মাসুদা আক্তারসহ বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা।