স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালককে আদালতে তলব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্বাস্থ্য অধিদপ্তর
ছবি: সংগৃহীত

এক ছাত্রের ভর্তিসংক্রান্ত নথিপত্র আদালতে হাজির না করায় স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালককে (ডিজি) আদালতে তলব করেছেন হাইকোর্ট।

বিচারপতি জাফর আহমেদ ও বিচারপতি মো. বশির উল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ বৃহস্পতিবার এ আদেশ দেন। প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেন রিটকারী ছাত্রের আইনজীবী শিশির মনির। ২৪ জানুয়ারি মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন আদালত।

আইনজীবী শিশির মনির প্রথম আলোকে বলেছেন, চট্টগ্রামের বিজিসি ট্রাস্ট মেডিকেলের ছাত্র শরীফুল ইসলাম ২০২১ সালে হাইকোর্টে রিট করেন। বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল কর্তৃপক্ষ শরীফুলের ভর্তির রোল নম্বর নিবন্ধন না দেওয়ায় তিনি সংক্ষুব্ধ হন। এ নিয়ে রিটের শুনানি শেষে শরীফুলের ভর্তিসংক্রান্ত মূল কাগজপত্র জমা দিতে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরকে নির্দেশ দেন আদালত। গত বছরের নভেম্বরে এই নির্দেশনা দিলেও তা আদালতে জমা দেওয়া হয়নি। এ বিষয়ে শরীফুলের ভর্তির মূল কাগজপত্রসহ ২৪ জানুয়ারি স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ডিজি টিটো মিয়াকে নির্দেশ দেন আদালত।

এর আগে ১৭ জানুয়ারি কারাগারে চিকিৎসক সংযুক্তির বিষয়ে ব্যাখ্যা জানাতে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে তলব করেন হাইকোর্ট। ২৪ জানুয়ারি তাঁকে হাইকোর্টে হাজির হতে বলা হয়েছে। গত মঙ্গলবার বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি মোহাম্মদ আলীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আরও পড়ুন