বিরোধীদের প্রতি ক্ষমতাসীনদের সহনশীল আচরণের আহ্বান আসকের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আইন ও সালিশ কেন্দ্র

আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে দেশব্যাপী সহিংসতায় উদ্বেগ প্রকাশ করেছে বেসরকারি মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্র (আসক)। তারা সব রাজনৈতিক দলকে সহনশীল আচরণ করার আহ্বান জানিয়েছে। পাশাপাশি বিরোধী দলের রাজনৈতিক অধিকারচর্চার ক্ষেত্রে যেন অনভিপ্রেত বাধা প্রয়োগের ঘটনা না ঘটে, সে কথাও বলেছে।
আজ সোমবার এক বিবৃতিতে এমন আহ্বান জানিয়েছেন সংগঠনটি।

ক্ষমতাসীন ও বিরোধী দলের পাল্টাপাল্টি কর্মসূচিতে একজন পুলিশ সদস্য, একজন সাংবাদিকসহ তিনজন নিহত এবং প্রায় শতাধিক আহত হয়েছেন বলেও বিবৃতিতে তুলে ধরা হয়েছে।

বিবৃতিতে আসকের চেয়ারপারসন জেড আই খান পান্না রাজনৈতিক পরিস্থিতি পুনরায় সহিংস হয়ে উঠেছে বলে উল্লেখ করেন। তিনি বলেন, এমন পরিস্থিতি জনমনে আতঙ্ক ও চরম নিরাপত্তাহীনতা তৈরি করছে। তিনি সহিংসতা না করে পারস্পরিক আলোচনা ও সংলাপের মাধ্যমে সমস্যা সমাধানের ওপর জোর দেন।

জেড আই খান পান্না বলেন, প্রধান বিচারপতির বাসভবনে হামলার মতো ন্যক্কারজনক ঘটনা ঘটেছে। গণপরিবহনে আগুন দেওয়া এবং বিরোধী দলের নেতা-কর্মীদের ধরপাকড় বা গ্রেপ্তারের ঘটনা ঘটছে। এসব ঘটনার নিরপেক্ষ তদন্ত করে দায়ী ব্যক্তিদের আইনের আওতায় আনার দাবিও জানান তিনি।