পাম্পে তেলের সিরিয়ালে দাঁড়াতে ভাড়ায় ড্রাইভার দেবে ‘সেবা এক্সওয়াইজেড’
চলমান জ্বালানিসংকটের মধ্যে পেট্রোলপাম্পে দীর্ঘ সময় লাইনে দাঁড়ানোর ভোগান্তি কমাতে নতুন সেবা চালু করেছে অনলাইনভিত্তিক প্রতিষ্ঠান ‘সেবা এক্সওয়াইজেড’। ‘ফুয়েল রিফুয়েলিং ড্রাইভার সার্ভিস’ নামের এই সেবায় গ্রাহকের হয়ে গাড়ি নিয়ে পাম্পে লাইনে দাঁড়িয়ে তেল ভরে এনে দেবেন ভাড়াটে চালক।
সেবাটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা শুরু হয়েছে। অনেকেই একে সংকটকালীন বাস্তবতার প্রতিফলন হিসেবে দেখছেন, আবার কেউ কেউ নিরাপত্তা ও জবাবদিহি নিয়ে প্রশ্ন তুলছেন, বিশেষ করে প্রাইভেট কার অপরিচিত চালকের কাছে তুলে দেওয়ার ঝুঁকি নিয়ে।
তেল নিতে সিরিয়ালে দাঁড়ানোর জন্য দিনের বেলায় প্রতি ঘণ্টায় ১৭৫ টাকা করে নেবে সেবা এক্সওয়াইজেড। আর রাতে প্রতি ঘণ্টায় চার্জ ২২৫ টাকা।
সেবা এক্সওয়াইজেড জানায়, ট্যাংক ভরাতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করা দৈনন্দিন জীবনযাত্রায় বড় ধরনের প্রভাব ফেলেছে। এই পরিপ্রেক্ষিতেই সেবাটি চালু করেছে তারা। প্রতিষ্ঠানটি বলছে, তারা তাদের বিদ্যমান গ্রাহকদের কাছ থেকে নিয়মিত কল ও বার্তা পেতে শুরু করে, বিশেষ করে যারা আগে থেকেই অন-ডিমান্ড ড্রাইভার সার্ভিস ব্যবহার করেন। গ্রাহকদের অভিজ্ঞতাগুলো ছিল বাস্তব ও ব্যক্তিগত। কেউ জানিয়েছেন, শুধু জ্বালানির লাইনে দাঁড়ানোর জন্য তাঁকে অফিস থেকে ছুটি নিতে হয়েছে। আরেকজন বলেছেন, তাঁর ড্রাইভার সারা রাত পাম্পে লাইনে দাঁড়িয়ে থেকে পরদিন আবার বিশ্রাম ছাড়াই গাড়ি চালাতে বাধ্য হয়েছেন। অনেক পরিবার জানিয়েছে, তাদের দৈনন্দিন সময়সূচি ভেঙে পড়ছে, এমনকি পরিবহন খরচও বেড়ে যাচ্ছে। কারণ, গাড়িগুলো ঘণ্টার পর ঘণ্টা লাইনে আটকে থাকছে।
তবে সেবাটি সাময়িক বলেও জানিয়েছে প্রতিষ্ঠানটি। জ্বালানি সরবরাহ স্বাভাবিক হলে এই সেবার প্রয়োজনও কমে যাবে।
তেল নিতে সিরিয়ালে দাঁড়ানোর জন্য দিনের বেলায় প্রতি ঘণ্টায় ১৭৫ টাকা করে নেবে সেবা এক্সওয়াইজেড। আর রাতে প্রতি ঘণ্টায় চার্জ ২২৫ টাকা।