দুই শিবির নেতার পায়ে গুলি: সাবেক এসপি আনিসুরসহ ৮ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকোলাজ: বাসস

যশোরের চৌগাছা উপজেলায় ছাত্রশিবিরের দুই নেতার পায়ে গুলির ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) গঠন করা হয়েছে। যশোরের সাবেক পুলিশ সুপার (এসপি) আনিসুর রহমানসহ আটজনের বিরুদ্ধে এই অভিযোগ গঠন করা হয়েছে।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ আজ সোমবার এই অভিযোগ গঠনের আদেশ দেন। বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে গঠিত তিন সদস্যের এই ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

প্রসিকিউশনের তথ্য অনুযায়ী, ২০১৬ সালে যশোরের চৌগাছা উপজেলা ছাত্রশিবিরের সেক্রেটারি ইসরাফিল হোসেন ও সাহিত্য সম্পাদক রুহুল আমিনের পায়ে গুলি করা হয়। পরে গুলি করা ক্ষতস্থানে বালু ঢুকিয়ে গামছা দিয়ে বেঁধে তাঁদের হাসপাতালে নেওয়া হয়। বালু ঢোকানোর কারণে তাঁদের পায়ে পচন ধরে। একপর্যায়ে তাঁদের পা কেটে ফেলতে হয়।

এই মামলার আট আসামির মধ্যে তিনজন গ্রেপ্তার আছেন। তাঁরা হলেন আকিকুল ইসলাম, সাজ্জাদুর রহমান ও কাজী জহুরুল হক। তাঁরা তিনজনই পুলিশের সাবেক সদস্য। আজ তাঁদের ট্রাইব্যুনালে হাজির করা হয়। আনুষ্ঠানিক অভিযোগ পড়ে শোনানোর পর উপস্থিত এই তিন আসামির কাছে ট্রাইব্যুনাল জানতে চান যে তাঁরা অভিযোগ স্বীকার করেন কি না। জবাবে তাঁরা নিজেদের নির্দোষ দাবি করে ন্যায়বিচার চান।

যশোরের সাবেক পুলিশ সুপার (এসপি) আনিসুর রহমানসহ এই মামলার পাঁচ আসামি পলাতক।