যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তির শর্তগুলো গভীরভাবে পর্যালোচনা দরকার: মাহা মির্জা
বাংলাদেশের স্থানীয় শিল্পসহ কৃষকদের স্বার্থ রক্ষার বিষয়টি বিবেচনায় নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যচুক্তির শর্তগুলো গভীরভাবে পর্যালোচনা করা দরকার বলে মনে করেন উন্নয়ন অর্থনীতিবিষয়ক গবেষক মাহা মির্জা। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেছেন, এই চুক্তির ফলে দেশের ডেইরি, পোলট্রি ও প্রাণিসম্পদ খাত দীর্ঘ মেয়াদে বড় চাপের মুখে পড়তে পারে।
‘যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তি কেন বাংলাদেশের জন্য বিপজ্জনক’ শীর্ষক এক সেমিনারে এ কথা বলেন মাহা মির্জা। আজ শুক্রবার সকাল সাড়ে ১০টায় রাজধানীর বিজয়নগরের ইকোনমিক রিপোর্টার্স ফোরাম মিলনায়তনে এই সেমিনারের আয়োজন করা হয়। আয়োজক গণতান্ত্রিক অধিকার কমিটি।
মাহা মির্জা বলেন, চুক্তির শর্ত অনুযায়ী যুক্তরাষ্ট্রের কৃষি ও প্রাণিজ পণ্য বাংলাদেশের বাজারে ব্যাপক প্রবেশাধিকার পেতে পারে। এটি স্থানীয় ডেইরি, পোলট্রি ও প্রাণিসম্পদ খাতে দীর্ঘ মেয়াদে বড় চাপ সৃষ্টি করতে পারে।
যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগের ফুড সেফটি অ্যান্ড ইন্সপেকশন সার্ভিসের (ইউএসডিএ–এফএসআইএস) পরীক্ষিত পণ্য বাংলাদেশের গ্রহণ করার শর্ত রয়েছে বলে সেমিনারে উল্লেখ করেন মাহা মির্জা। তিনি বলেন, অর্থাৎ যুক্তরাষ্ট্রের এই সংস্থার মানদণ্ডই এখানে প্রধান বিবেচ্য হবে।
যুক্তরাষ্ট্র থেকে নির্দিষ্ট পরিমাণ জ্বালানি, কৃষিপণ্য, সামরিক সরঞ্জাম ক্রয়ের শর্তের প্রসঙ্গ তুলে ধরে এই উন্নয়ন অর্থনীতিবিষয়ক গবেষক বলেন, এসব বিষয় সরাসরি স্থানীয় কৃষি বা প্রাণিসম্পদ খাতের সঙ্গে সম্পর্কিত না। তবে চুক্তির ভাষা কতটা কঠোর, তা বোঝার জন্য এগুলো গুরুত্বপূর্ণ।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস অ্যাগ্রিকালচার অ্যান্ড টেকনোলজির অর্থনীতি বিভাগের অধ্যাপক গোলাম রসুল।
সেমিনারে সভাপতিত্ব করেন অর্থনীতিবিদ অধ্যাপক আনু মুহাম্মদ। আরও বক্তব্য দেন সুপ্রিম কোর্টের আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং বিভাগের সহযোগী অধ্যাপক মোশাহিদা সুলতানা।